রান্নায় ব্যবহৃত ভেষজ পাতা, যেমন ধনে বা পুদিনা, বাজার থেকে আনার পর দ্রুত নষ্ট হয়ে যায়। এই পাতাগুলো জলে ভিজিয়ে, ফ্রিজ করে, শুকিয়ে বা এয়ারটাইট পাত্রে রেখে দীর্ঘদিন টাটকা রাখা সম্ভব। 

ভেষজ পাতার গুণ অনেক। রান্নায় স্বাদ যোগ করা থেকে শুরু করে স্বাস্থ্যের উন্নতি, সবেতেই এর ব্যবহার রয়েছে। কিন্তু বাজার থেকে আনার কয়েকদিনের মধ্যেই শুকিয়ে বা পচে যায়। এই পাতাগুলো দীর্ঘদিন টাটকা রাখার কিছু সহজ উপায় জেনে নিন।

১. জলে ভিজিয়ে রাখুন

ধনে পাতা বা পুদিনা পাতার মতো ভেষজগুলো জলে রেখে টাটকা রাখতে পারেন। একটা গ্লাস বা বোতলে জল ভরে, পাতাগুলোর ডাঁটা সামান্য কেটে জলে ডুবিয়ে রাখুন। খেয়াল রাখবেন যেন পাতাগুলো জলের উপরে থাকে।

২. শুকনো জায়গায় রাখুন

রোজমেরি, থাইম বা সেজ-এর মতো কিছু ভেষজ পাতা স্যাঁতসেঁতে জায়গায় রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই এগুলো সবসময় শুকনো জায়গায় রাখা উচিত।

৩. ফ্রিজ করে রাখুন

অনেকদিন ধরে ভেষজ পাতা ভালো রাখতে চাইলে ফ্রিজ করা সবচেয়ে ভালো উপায়। পাতাগুলো ছোট ছোট করে কেটে আইস কিউব ট্রে-তে রাখুন। তারপর জল দিয়ে ডিপ ফ্রিজে জমিয়ে দিন। রান্নার সময় একটা করে কিউব ব্যবহার করতে পারবেন।

৪. শুকিয়ে সংরক্ষণ করুন

অরিগ্যানো বা থাইম-এর মতো পাতা শুকিয়ে রাখলে অনেকদিন ভালো থাকে। এগুলো বেশি গরম বা স্যাঁতসেঁতে নয়, এমন জায়গায় রেখে শুকিয়ে নিতে পারেন। পরে রান্নায় ব্যবহার করা যায়।

৫. এয়ারটাইট পাত্র ব্যবহার করুন

পাতাগুলো পেপার টাওয়েলে জড়িয়ে একটি এয়ারটাইট বা বায়ুরোধী পাত্রে ভরে রাখলেও অনেকদিন টাটকা থাকে। এতে পাতাগুলো শুকিয়ে যায় না।

৬. বেসিল পাতার জন্য বিশেষ যত্ন

বেসিল পাতা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই এটি ফ্রিজে না রাখাই ভালো। ঘরের সাধারণ তাপমাত্রায় একটি পাত্রে জল নিয়ে তাতে ডুবিয়ে রাখলে এটি বেশিদিন ভালো থাকে।