Relationships Tips: সামনের মানুষটা কথায় কথায় খিঁচিয়ে উঠছে? নাকি সারাক্ষণ চুপচাপ, নিরাসক্ত? রাগ আর মনের গভীরে চাপা দুঃখ – দুটোর বহিঃপ্রকাশ আলাদা। মনোবিজ্ঞান বলছে, ৭টি সাধারণ আচরণ খেয়াল করলেই বুঝে যাবেন লোকটা নিছক বদমেজাজি, নাকি ভিতরে ভিতরে চরম অসুখী। সম্পর্ক বাঁচাতে চিনে রাখুন সংকেত।
Relationships Tips: অফিসের বস, জীবনসঙ্গী বা বন্ধু – হঠাৎ করেই খিটখিটে হয়ে গেছে? কথায় কথায় রেগে যাচ্ছে, নাকি সব কথায় ‘যা খুশি করো’ বলে দায় সারছে? আমরা গুলিয়ে ফেলি, মানুষটা কি জন্মগতভাবে বদমেজাজি, নাকি ভিতরে ভিতরে অসুখী হয়ে ধুঁকছে? মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, রাগ আর হতাশা – দুটো আলাদা রোগ। আর এদের বাহ্যিক লক্ষণও আলাদা। ঠিক করে চিনতে পারলে আপনি যেমন তাকে বুঝতে পারবেন, তেমনই নিজের মানসিক শান্তিও বাঁচাতে পারবেন।
বদমেজাজি মানুষের ৪টি চেনা লক্ষণ:
১. ট্রিগার স্পষ্ট, রাগ ক্ষণস্থায়ী: বদমেজাজি লোকের রাগের একটা নির্দিষ্ট কারণ থাকে। ট্র্যাফিক জ্যাম, কাজে ভুল, মতের অমিল – ট্রিগার পেলেই বিস্ফোরণ। কিন্তু ১০-১৫ মিনিট পর নিজেই ঠান্ডা হয়ে যায়। আবার স্বাভাবিক ব্যবহার করে। এদের রাগটা ‘রিঅ্যাক্টিভ’।
২. কন্ট্রোল দেখাতে চায়: এরা জোরে কথা বলে, টেবিল চাপড়ায়, আদেশের সুরে কথা বলে। লক্ষ্য হল সামনের মানুষকে দমিয়ে রাখা, নিজের কর্তৃত্ব ফলানো। এরা সাধারণত উচ্চকিত, এনার্জেটিক।
৩. অনুশোচনা কম: রেগে গিয়ে কটু কথা বললেও এরা পরে সচরাচর ‘সরি’ বলে না। বরং যুক্তি দেয়, ‘তুমিই তো বাধ্য করলে রাগতে’। নিজের রাগকে জাস্টিফাই করে।
৪. ঘুম ও খাওয়া স্বাভাবিক: যতই রাগী হোক, এদের ঘুম, খিদে, শখ-আহ্লাদ ঠিক থাকে। জীবনের অন্য দিকে এরা দিব্যি আনন্দ করে।
অসুখী বা ডিপ্রেসড মানুষের ৩টি গোপন সংকেত:
১. রাগ নয়, নিরাসক্তি আসল অস্ত্র: অসুখী মানুষ কথায় কথায় রাগে না। বরং সবকিছুতে ‘ভালো লাগছে না’, ‘ধুর ছাড়ো’ গোছের মনোভাব। এরা এড়িয়ে যায়, চুপ করে থাকে। এটা ‘প্যাসিভ অ্যাগ্রেশন’। ভিতরের যন্ত্রণা চাপা দিতে এরা আবেগশূন্য হয়ে পড়ে।
২. এনার্জি লো, শরীরী ভাষা নুয়ে পড়া: এদের কাঁধ ঝুঁকে থাকে, চোখের নিচে কালি, মরা মাছের মতো দৃষ্টি। কথার মধ্যে জোর নেই। আগে যে কাজে উৎসাহ ছিল, এখন সেটা করতেই বিরক্তি। ঘুম খুব বেশি বা খুব কম হয়। খাওয়ায় অরুচি। রাগের বদলে ক্লান্তি এদের চেনায়।
৩. নিজেকেই দোষ দেয়: বদমেজাজি লোক অন্যকে দোষে, অসুখী লোক নিজেকে দোষে। ‘আমার জন্যই সব খারাপ হচ্ছে’, ‘আমি টি অপদার্থ’ – এই ধরনের কথা বলে। নিজেকে গুটিয়ে নেয়, সামাজিক মেলামেশা বন্ধ করে দেয়। ছোট ঘটনাতেই কেঁদে ফেলে।
তাহলে তফাৎটা কোথায়?
মনোবিজ্ঞানের ভাষায়, বদমেজাজ হল বাহ্যিক, যার উৎস ইগো বা কন্ট্রোলের ইচ্ছা। আর অসুখী ভাব হল আভ্যন্তরীণ, যার উৎস হতাশা, একাকীত্ব বা না-পাওয়ার যন্ত্রণা। বদমেজাজি মানুষ চিৎকার করে মনোযোগ চায়। অসুখী মানুষ চুপ করে হারিয়ে যেতে চায়।
আপনি কী করবেন?
বদমেজাজি হলে: ১. রাগের মুহূর্তে তর্ক নয়। চুপ থাকুন। ২. পরে ঠান্ডা মাথায় বাউন্ডারি সেট করুন – ‘তুমি চেঁচালে আমি কথা বলব না’। ৩. তার ভালো কাজের প্রশংসা করুন, ইগোতে তেল দিন।
অসুখী মনে হলে: ১. ‘তোর আবার কী হল’ বলে উড়িয়ে দেবেন না। ২. জাজ না করে শুনুন। বলুন, ‘তোমার কষ্টটা আমি বুঝতে পারছি’। ৩. পেশাদার সাহায্য নিতে উৎসাহ দিন। ডিপ্রেশন রাগের মতো ‘মুড সুইং’ নয়, এটি চিকিৎসাযোগ্য অসুখ।
দিনের শেষে মনে রাখবেন, সব রাগী মানুষ খারাপ নয়, আর সব চুপচাপ মানুষ শান্ত নয়। চোখ-কান খোলা রাখুন। আচরণ পড়তে শিখলেই সম্পর্কের অর্ধেক সমস্যা মিটে যাবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


