প্রেমিক বা প্রেমিকা আগের মতো আর মেসেজের উত্তর দিচ্ছেন না, দেখা করার বাহানা দিচ্ছেন? একে ব্রেকআপ ভাববেন না। এটি হতে পারে ‘স্লো ঘোস্টিং’। জেনে নিন এই নতুন ডেটিং ট্রেন্ডের ৫টি লক্ষণ ও কী করবেন।

আগে রোজ ঘণ্টার পর ঘণ্টা কথা হতো, রিল পাঠানো, গুড মর্নিং-গুড নাইট ছিল রুটিন। আর এখন? মেসেজ সিন হচ্ছে ৬ ঘণ্টা পর, রিপ্লাই আসছে এক শব্দে - "hmm", "ok", "busy"। ফোন করলে বলছে, "পরে করছি"। দেখা করতে বললে হাজারটা অজুহাত। ঝগড়াও হচ্ছে না, আবার ব্রেকআপও বলছে না। এই অদ্ভুত নীরবতার নামই হল ‘স্লো ঘোস্টিং’।

মনোবিদরা বলছেন, সরাসরি ঘোস্টিং-এ একজন মানুষ হঠাৎ করেই সব যোগাযোগ বন্ধ করে দেয়। কিন্তু স্লো ঘোস্টিং আরও কষ্টদায়ক। এখানে সঙ্গী ধীরে ধীরে নিজেকে সরিয়ে নেয়, যাতে দোষটা তার ঘাড়ে না পড়ে এবং আপনিই একসময় বিরক্ত হয়ে সম্পর্ক থেকে বেরিয়ে আসেন।

আপনি স্লো ঘোস্টিং-এর শিকার কি না, কীভাবে বুঝবেন? ৫টি লক্ষণ দেখে নিন:

১. মেসেজের ধরন বদলে যাওয়া: আগে যেখানে বড় বড় প্যারাগ্রাফে উত্তর আসত, এখন সেখানে শুধু দায়সারা উত্তর। আপনার কোনও আবেগঘন কথার উত্তরে শুধু একটা ইমোজি আসছে। কথোপকথন চালিয়ে নিয়ে যাওয়ার কোনও চেষ্টাই থাকছে না।

২. সবসময় ‘ব্যস্ত’ থাকা: জিজ্ঞেস করলেই উত্তর - "কাজে আছি", "পরে বলছি", "খুব চাপে আছি"। কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখছেন সে অনলাইন, বন্ধুদের সঙ্গে ছবি দিচ্ছে। তার ব্যস্ততা শুধু আপনার জন্যই।

৩. প্ল্যান বারবার বাতিল করা: আপনিই শুধু দেখা করার প্ল্যান করছেন, সিনেমার টিকিট, ডিনারের প্ল্যান করছেন। কিন্তু শেষ মুহূর্তে সে ক্যানসেল করে দিচ্ছে। আর নতুন কোনও প্ল্যানের উদ্যোগ তার তরফ থেকে আসছে না।

৪. ভবিষ্যৎ নিয়ে কথা এড়িয়ে যাওয়া: আগে যেখানে আপনারা পুজোর প্ল্যান, ঘুরতে যাওয়ার প্ল্যান করতেন, এখন ভবিষ্যৎ নিয়ে কিছু বললেই সে প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছে। "দেখা যাক", "এখন এসব নিয়ে ভাবতে চাই না" - এই ধরনের উত্তর দিচ্ছে।

৫. আপনাকে দোষী মনে করানো: যখন আপনি এই নীরবতা নিয়ে প্রশ্ন করবেন, তখন সে উল্টে আপনাকেই বলবে, "তুমি বেশি ভাবছো", "তুমি সবসময় বেশি আশা করো"। আপনাকে নিয়েই আপনার অনুভূতিকে ছোট করে দেবে।

কী করবেন? মনোবিদদের পরামর্শ, এই পরিস্থিতিতে নিজেকে দোষ দেবেন না।

প্রথমে, সরাসরি কথা বলুন। একবার স্পষ্টভাবে জিজ্ঞেস করুন, "আমাদের মধ্যে কি কিছু সমস্যা হয়েছে? তুমি কি এই সম্পর্কটা আর চাইছো না?"

যদি তারপরও একই আচরণ চলতে থাকে, তাহলে বুঝতে হবে সে আপনাকে সম্মান করছে না। এমন সম্পর্কে নিজের আত্মসম্মান নষ্ট না করে বেরিয়ে আসাই ভালো। মনে রাখবেন, যে আপনাকে সত্যিই ভালোবাসে, সে কখনও আপনাকে অন্ধকারে ঝুলিয়ে রাখবে না।