সঙ্গী মন দিয়ে কথা শুনতে শুনতে হঠাৎ ফোনে ব্যস্ত হয়ে পড়ছেন? বিশেষজ্ঞরা বলছেন, এটা সামান্য অভ্যাস নয়, এর নাম অ্যাটেনশন ইনফিডেলিটি, যা চুপিসারে সম্পর্কের ভিত নড়িয়ে দিচ্ছে।

Head:

Keywords:

Sarangsho:

সারাদিন অফিসের হাড়ভাঙা পরিশ্রমের পর বাড়ি ফিরে সঙ্গীকে মনের কোনও বিশেষ কথা বলছেন। তিনি প্রথমে মন দিয়ে শুনলেন, মাথাও নাড়লেন। কিন্তু কিছুক্ষণ পরেই তাঁর সমস্ত মনোযোগ চলে গেল হাতের মুঠোয় ধরা স্মার্টফোনের স্ক্রিনে। কখনও নোটিফিকেশন চেক করা, কখনও মেসেজের উত্তর দেওয়া, আবার কখনও কথার মাঝেই ইনস্টাগ্রামে রিল স্ক্রোল করা - এই দৃশ্যটা এখন প্রায় প্রতিটি সংসারেরই সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

হয়তো এই নিয়ে বড় কোনও ঝগড়া হয়নি, কিন্তু মনে একটা প্রশ্ন থেকেই যায় - 'তুমি কি আদৌ আমার কথা শুনছ?' সম্পর্কের এই নতুন এবং নীরব সঙ্কটকে মনোবিদরা নাম দিয়েছেন 'অ্যাটেনশন ইনফিডেলিটি' বা মনোযোগের বিশ্বাসঘাতকতা। আগে একে 'ফাবিং' (Phubbing - Phone + Snubbing) বলা হলেও, এখন এর প্রভাব এতটাই গভীর যে একে বিশ্বাসঘাতকতার সঙ্গেই তুলনা করা হচ্ছে।

কেন এটা এত ভয়ঙ্কর?

বিশেষজ্ঞরা বলছেন, যখন আপনি সঙ্গীর সামনে থেকেও ফোনে বেশি মনোযোগ দেন, তখন সঙ্গীর অবচেতন মনে একটা বার্তা যায় যে, তাঁর চেয়ে ওই ফোনের জগৎটা আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এর ফলে ধীরে ধীরে সম্পর্কে দূরত্ব তৈরি হয়। সঙ্গী নিজেকে গুরুত্বহীন, একা এবং অবহেলিত মনে করতে শুরু করেন। দিনের পর দিন এমন চলতে থাকলে ছোট ছোট অভিমান জমে বড় মানসিক দূরত্ব তৈরি করে, যা অনেক সময় বিচ্ছেদের কারণ পর্যন্ত হয়।

এটা শুধু রোমান্টিক সম্পর্কেই নয়, বাবা-মা ও সন্তানের সম্পর্ক, বন্ধুত্বেও একই প্রভাব ফেলে। শিশুরা যখন দেখে বাবা-মা তার কথা শোনার চেয়ে ফোনে বেশি ব্যস্ত, তখন তার মধ্যেও নিরাপত্তাহীনতা তৈরি হয়।

এই ফাঁদ থেকে বেরোবেন কীভাবে?

সম্পর্ক বাঁচাতে সচেতন হওয়াটা খুব জরুরি। প্রথমত, 'নো ফোন জোন' তৈরি করুন। খাওয়ার টেবিলে, শোবার ঘরে বা দুজনে গল্প করার সময় ফোন দূরে রাখুন। দ্বিতীয়ত, কথা বলার সময় আই কন্টাক্ট বজায় রাখুন এবং ফোনটি উল্টো করে রাখুন যাতে নোটিফিকেশন না দেখা যায়। তৃতীয়ত, সঙ্গীকে বোঝান যে তাঁর কথাটা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ। যদি খুব জরুরি মেসেজ বা কল করার প্রয়োজন হয়, তাহলে সঙ্গীকে বলে নিয়ে তারপর ফোন ধরুন - "এক মিনিট, এটা খুব জরুরি, আমি এক্ষুনি আসছি"।

মনে রাখবেন, ভালোবাসার মানুষের চেয়ে বেশি দামি কোনও নোটিফিকেশন হতে পারে না। আজ থেকেই ফোনটা একটু কম, সঙ্গীকে একটু বেশি সময় দিন।