সবাই প্রোটিন নিয়ে কথা বলছে, কিন্তু কৃতি স্যানন ভরসা রাখছেন ফাইবারে! রোজ সকালে জলে ফাইবার ও ইলেকট্রোলাইট মিশিয়ে খান নায়িকা। এতে হজম ভালো হয়, ত্বকে গ্লো আসে। তবে পুষ্টিবিদরা বলছেন, এই ট্রেন্ডি পানীয় সবার জন্য নয়, কৃত্রিম সাপ্লিমেন্টের চেয়ে প্রাকৃতিক খাবার থেকেই ফাইবার ও ইলেকট্রোলাইট পাওয়া অনেক বেশি নিরাপদ ও কার্যকর।
বলিউডে এখন প্রোটিনের জয়জয়কার, কিন্তু কৃতি স্যানন একটু অন্য পথে হাঁটলেন। সম্প্রতি নিজের বিউটি রুটিন শেয়ার করতে গিয়ে কৃতি জানিয়েছেন, তিনি রোজ জলে ফাইবার ও ইলেকট্রোলাইট সাপ্লিমেন্ট মিশিয়ে খান। বেঙ্গালুরুর নিউট্রিশন ব্র্যান্ড Supply6-এর জিরো-সুগার ইলেকট্রোলাইট 'Supply6 Salts' ব্যবহার করতে করতেই তিনি ব্র্যান্ডটির ইনভেস্টর ও অ্যাম্বাসেডর হয়ে যান।
ফাইবার আর ইলেকট্রোলাইট জলে মিশিয়ে খেলে কী লাভ হয়? কেন এই অভ্যাস কৃতির?
কৃতির মতে, "ইন্টারনেটে সবাই প্রোটিন নিয়ে কথা বলছে, কিন্তু আমাদের ফাইবার নিয়ে আরও কথা বলা উচিত।" এই পানীয় থেকে তিনি যে উপকারগুলো পান:
১. হজম ভালো হয় ও ওজন নিয়ন্ত্রণে থাকে: ফাইবার হজম প্রক্রিয়াকে সচল রাখে, কোষ্ঠকাঠিন্য কমায়। পেট অনেকক্ষণ ভরা রাখে, ফলে বারবার খিদে পায় না, যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।
২. সারাদিন এনার্জি ও হাইড্রেশন: শুধু জল খেলে শরীরে জল বেশিক্ষণ থাকে না। ইলেকট্রোলাইট (সোডিয়াম, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম) জলকে কোষের ভিতরে দ্রুত পৌঁছে দেয়। ফলে ডিহাইড্রেশন, মাথা ধরা, ক্লান্তি কমে। লম্বা শুটিং শিডিউলে এটাই কৃতিকে এনার্জেটিক রাখে।
৩. ত্বকে ন্যাচারাল গ্লো: কৃতির মতে, বাইরের স্কিনকেয়ারের আগে ভিতর থেকে হাইড্রেশন জরুরি। ফাইবার শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে আর ইলেকট্রোলাইট ত্বকের আর্দ্রতা ধরে রাখে, তাই তাঁর ত্বকে ওই ডিউয়ি গ্লো থাকে।
কিন্তু কৃতির এই পানীয় কেন সবার জন্য ঠিক নয়?
এখানেই সাবধান করছেন পুষ্টিবিদরা। পুষ্টিবিদ এডউইনার মতে, কৃত্রিম সাপ্লিমেন্টের চেয়ে প্রাকৃতিক খাদ্য উপাদান অনেক বেশি কার্যকর ও নিরাপদ। সবার শরীরের চাহিদা এক নয়। অকারণে বেশি ফাইবার সাপ্লিমেন্ট খেলে পেট ফাঁপা, গ্যাস, ডায়রিয়ার সমস্যা হতে পারে। আবার কিডনি বা প্রেসারের রোগীদের ক্ষেত্রে অতিরিক্ত ইলেকট্রোলাইট বিপজ্জনক হতে পারে।
তাঁর মতে, সাপ্লিমেন্টের দিকে না ঝুঁকে প্রাকৃতিক উৎস থেকেই এই পুষ্টি পাওয়া সম্ভব। শাকসবজি, ফলমূল, ওটস, ডাল, দানাশস্য এবং চিয়া সিড, ফ্ল্যাক্স সিডের মতো বীজ থেকে পর্যাপ্ত ফাইবার পাওয়া যায়। তেমনই ডাবের জল, কলা, কমলালেবু, টম্যাটো ও দই হলো প্রাকৃতিক ইলেকট্রোলাইটের দারুণ উৎস। এগুলো শরীর সহজে হজম করতে পারে এবং কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।


