Lionel Messi: গত দুই দশক ধরে বিশ্বের অন্যতম সফল ও জনপ্রিয় ফুটবলার লিওনেল মেসি। তিনি বিশ্বের যেখানেই যান সেখানেই তাঁকে ঘিরে ধরেন অনুরাগীরা। ইন্টার মায়ামির (Inter Miami) এক ম্যাচ চলাকালীন এই ঘটনা দেখা গেল।
KNOW
Lionel Messi Fans: কিছুদিন আগে কলকাতায় এসে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুরাগীদের 'ভালোবাসার অত্যাচার' টের পেয়েছিলেন। এবার পুয়ের্তো রিকোয় (Puerto Rico) ম্যাচ খেলতে গিয়ে সেরকমই অভিজ্ঞতা হল লিওনেল মেসির। ইন্টার মায়ামি (Inter Miami) ও ইনডিপেনডেন্তে দেল ভ্যালের (Independiente del Valle) ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়ে মেসিকে জড়িয়ে ধরে মাঠে ফেলে দিলেন এক দর্শক। ম্যাচের ৮৯ মিনিট চলাকালীন এই ঘটনা ঘটে। প্রথমে কয়েকজন কিশোর মাঠে ঢুকে মেসির সঙ্গে সেলফি তোলেন। তারপর এক দর্শক জার্সি খুলে ফেলে আদুর গায়ে মাঠে ঢুকে পড়ে মেসির উপর ঝাঁপিয়ে পড়েন। তিনি মেসিকে জড়িয়ে ধরে মাঠে পড়ে যান। ইতিমধ্যেই নিরাপত্তারক্ষীরা ছুটে আসেন। কিন্তু তাঁরা কিছু করার আগেই মাটিতে পড়ে যান মেসি। এরপর ওই অত্যুৎসাহী দর্শককে ধরে মাঠের বাইরে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা। কিন্তু এরই মধ্যে মাঠে আরও কয়েকজনের অনুপ্রবেশ ঘটে। ফলে বিশৃঙ্খলা তৈরি হয়। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল।
মেসির গোলে জয় ইন্টার মায়ামির
পুয়ের্তো রিকোয় এই ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছে ইন্টার মায়ামি। পেনাল্টি থেকে গোল করেন মেসি। তাঁর গোল দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন অনুরাগীরা। কিন্তু ম্যাচের শেষদিকে এভাবে মাঠে দর্শকদের অনুপ্রবেশ মেসির মেজাজ বিগড়ে দেয়। তাঁকে দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছিল, ম্যাচ চলাকালীন এভাবে দর্শকদের মাঠে ঢুকে আসা এবং জোর করে আলিঙ্গন তিনি মেনে নিতে পারছেন না।
মেসির জন্য ম্যাচের দিন বদল
পুয়ের্তো রিকোয় এই ম্যাচ হওয়ার কথা ছিল ১৩ ফেব্রুয়ারি। কিন্তু সেই সময় হ্যামস্ট্রিংয়ের চোটের ফলে মাঠের বাইরে ছিলেন মেসি। তিনি যাতে খেলতে পারেন, তার জন্য ম্যাচের তারিখ বদলে ২৬ ফেব্রুয়ারি করা হয়। মেসিকে দেখার জন্যই স্টেডিয়ামে হাজির হন দর্শকরা। মেসি মাঠে ঢুকতেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন অনুরাগীরা। মেসি যতবার বল ধরেছেন ততবারই গ্যালারি থেকে চিৎকার শোনা গিয়েছে। সব ঠিক ছিল। কিন্তু ম্যাচের শেষদিকে অনভিপ্রেত ঘটনা ঘটে গেল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


