Futsal India: ভারতে সিনিয়র পর্যায়ে ফুটবলে প্রত্যাশিত উন্নতির বদলে নানা ধরনের সমস্যা দেখা যাচ্ছে। তবে ফুটসলে উন্নতি দেখা যাচ্ছে। কলকাতা-সহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে ফুটসল। এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে অপরূপ ফুটসল স্কুলস।

DID YOU
KNOW
?
ফুটসলের উন্নতি
গত এক দশকে কলকাতা-সহ দেশের বিভিন্ন প্রান্তে ফুটসলের প্রসার ঘটেছে এবং উন্নতি হয়েছে।

Futsal Coaching: স্পেনের (Spain) প্রোফাইভ অ্যাকাডেমির (Profive Academy) সঙ্গে যৌথ উদ্যোগে বিনামূল্যে ফুটসল কোচিং সেন্টার চালু করার কথা ঘোষণা করল অপরূপ ফুটসল স্কুলস (Aparup Futsal Schools India)। ভারতে গ্রাসরুটস ফুটসল উন্নয়ন এবং কিশোর-তরুণদের ফুটসল প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যেই স্পেনের অ্যাকাডেমির সঙ্গে এই চুক্তি করা হয়েছে। এই চুক্তির বিষয়ে অপরূপ ফুটসল স্কুলসের ডিরেক্টর সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (All India Football Federation) ম্যাচ কমিশনার অপরূপ চক্রবর্তী বলেছেন, ‘তরুণ ফুটবলারদের টেকনিক, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, খেলার গতি এবং ট্যাকটিক্যাল বুদ্ধিমত্তা বাড়াতে ফুটসাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের উচিত তাদের সাব-জুনিয়র যুব লিগ ও রাজ্য লিগগুলিকে ফুটসলে রূপান্তরিত করা। যাতে ভারতীয় ফুটবলে উন্নত ফল পাওয়া যায়।’ ফুটসলের মাধ্যমে তৃণমূল স্তর থেকে ফুটবলের উন্নতি করা সম্ভব বলে বিশ্বাস অপরূপের।

ফুটসলের সামগ্রিক উন্নতিই লক্ষ্য

প্রোফাইভ অ্যাকাডেমির এই প্ল্যাটফর্মটি কোচ, স্পোর্টস ম্যানেজমেন্ট শিক্ষার্থী, ক্লাব প্রশাসক, গ্রাসরুটস নেতৃত্ব এবং ভবিষ্যৎ ম্যাচ অফিসিয়ালদের জন্য উন্মুক্ত থাকবে। এখানে ফুটসল কোচিংয়ের মৌলিক ধারণা, প্রতিভা বিকাশ, গেম স্ট্রাকচার-সহ বিনামূল্যে প্রাথমিক শিক্ষামূলক মডিউল থাকবে। পাশাপাশি উন্নত শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক সার্টিফিকেশনের পথও রাখা হবে। এ বিষয়ে প্রোফাইভ অ্যাকাডেমির ডিরেক্টর অ্যালবার্ট সাবাতে বলেছেন, ‘প্রোফাইভ অ্যাকাডেমির সঙ্গে এই অংশীদারিত্ব ভারতীয় ফুটসলকে উন্নত কোচ শিক্ষা, সংগঠিত গ্রাসরুটস পথ, আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি, প্রতিভা চিহ্নিতকরণ ব্যবস্থা এবং আন্তর্জাতিক সুযোগ এনে দিতে পারে।’

ফুটসলের বাণিজ্যিকীকরণেরও উদ্যোগ

বেঙ্গল বিজনেস স্কুলের (Bengal Business School) ডিরেক্টর অর্ণব গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘আমরা আমাদের বিবিও ও স্পোর্টস ম্যানেজমেন্ট শিক্ষার্থীদের জন্য এই শিক্ষা প্ল্যাটফর্মকে অন্তর্ভুক্ত করব। যাতে ফুটসল সম্পর্কে সচেতনতা এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায়।’ এই সহযোগিতা ভারতের ফুটসাল পরিকাঠামো উন্নয়ন, কোচদের শিক্ষা এবং ফুটবলের দীর্ঘমেয়াদী উন্নতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। অপরূপের আশা, এর ফলে ভারতীয় ফুটবলের উন্নতি হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।