Futsal: সারা বিশ্বের মতোই ভারতেও ফুটসলের জনপ্রিয়তা বাড়ছে। ফুটবলের এই ক্ষুদ্র সংস্করণ কলকাতা-সহ পশ্চিমবঙ্গে অনেক বছর ধরেই জনপ্রিয়। গত এক দশক ধরে সংগঠিতভাবে ফুটসল আয়োজন করা হচ্ছে।
KNOW
Futsal League: কলকাতার গ্রাসরুট ফুটসলের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় যুক্ত হল অপরূপ ফুটসল স্কুলস আয়োজিত রাজ্যের প্রথম অনূর্ধ্ব-১২ যুব ফুটসল ডেভেলপমেন্ট লিগে মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan Sporting Club) চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে। দমদম জপুর খেলাঘর ও ৯১.৯ ফ্রেন্ডস এফএম-এর সহযোগিতায় আয়োজিত অনূর্ধ্ব-১২ যুব ফুটসল ডেভেলপমেন্ট লিগ ২০২৬ পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথম বয়সভিত্তিক অনূর্ধ্ব-১২ ফুটসল লিগ, যা ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA), পশ্চিমবঙ্গ কর্তৃক স্বীকৃত। এই ঐতিহাসিক লিগে রাজ্যের আটটি বিশিষ্ট যুব ফুটবল দল অংশগ্রহণ করে— ইস্ট বেঙ্গল স্কুল অব এক্সসেলেন্স (East Bengal School of Excellence), মহামেডান স্পোর্টিং ক্লাব, ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব, বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমি (BMSA), এসকেএম স্পোর্টস ফাউন্ডেশন, পানিহাটি ফ্যাশন জোন ফুটবল অ্যাকাডেমি, ইউনাইটেড ইন্ডিয়া ফুটবল অ্যাকাডেমি এবং দক্ষিণ দমদম মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমি।
যুব ফুটসল লিগে দুর্দান্ত লড়াই
হাই-স্কোরিং ও রোমাঞ্চকর ফাইনালে মহামেডান স্পোর্টিং ক্লাব ৯–২ গোলে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমিকে পরাজিত করে শিরোপা জেতে। দুই দলের আক্রমণাত্মক ফুটসল অনূর্ধ্ব-১২ স্তরে দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে। ব্যক্তিগত পুরস্কারে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় মহামেডান স্পোর্টিং ক্লাবের মহম্মদ শামিম শেখ এবং সেরা গোলকিপার হয় BMSA-র জিদান আলি।
ফুটসলের উন্নতির উদ্যোগ
অপরূপ ফুটসল স্কুলস ২০২৪ সাল থেকে সম্পূর্ণ বিনামূল্যে গ্রাসরুটস ফুটসলের উন্নতির লক্ষ্যে কাজ করে চলেছে। সংস্থাটি পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে AIFF Blue Cubs League ও ফ্রি কোচেস ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করে ২০০-র বেশি সরকারি স্কুলকে যুক্ত করেছে। প্রতিষ্ঠাতা অপরূপ চক্রবর্তীর লক্ষ্য, এই অ্যাকাডেমিকে জাতীয় স্তরের ফুটসল ক্লাবগুলির জন্য একটি শক্তিশালী ফিডার সিস্টেম হিসেবে গড়ে তোলা। এই লিগ পশ্চিমবঙ্গে যুব ফুটসলের জন্য এক নতুন মানদণ্ড স্থাপন করল এবং সংগঠিত ফুটসল উন্নয়নের গুরুত্ব আরও একবার প্রমাণ করল। অপরূপ এক দশকেরও বেশি সময় ধরে ফুটসল টুর্নামেন্ট আয়োজন করে আসছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


