Argentina Star Retirement: সদ্য সমাপ্ত ফিফা বিশ্বকাপ ফাইনালের পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা করলেন আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। আবেগঘন বার্তায় বিশ্বকাপজয়ী ওতামেন্দি জানান, "আমার শেষ ম্যাচ ছিল বিশ্বকাপ ফাইনাল।"

Argentina Star Retirement: সদ্য সমাপ্ত ফিফা বিশ্বকাপ ফাইনালের পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা করলেন আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি (Nicolas Otamendi Retirement)। বৃহস্পতিবার আবেগঘন বার্তায় বিশ্বকাপজয়ী ওতামেন্দি জানান, "আমার শেষ ম্যাচ ছিল বিশ্বকাপ ফাইনাল।" এই ঘোষণার মধ্য দিয়ে ১৭ বছরের বর্ণময় আন্তর্জাতিক কেরিয়ারের ইতি টানলেন ৩৮ বছর বয়সি এই সেন্টার-ব্যাক। ২০০৯ সালে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয় ওতামেন্দির। এরপর দীর্ঘ ১৭ বছরে জাতীয় দলের হয়ে তিনি খেলেছেন ১৩৯টি ম্যাচ এবং ডিফেন্ডার হয়েও করেছেন ৮টি গোল। চারটি ফিফা বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিশ্বজয়ী অভিযানে প্রতিটি ম্যাচেই প্রথম একাদশে ছিলেন ওতামেন্দি এবং রক্ষণভাগের অন্যতম ভরসা হয়ে ওঠেন।

ওতামেন্দির বড় সাফল্যগুলি

প্রসঙ্গত, নিউ ইয়র্কের মাঠে ফাইনালে স্পেনের কাছে ০-১ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপের রানার্স-আপ হয় আর্জেন্টিনা। সেই ম্যাচই আলবিসেলেস্তের জার্সিতে ওতামেন্দির শেষ উপস্থিতি হিসেবে ইতিহাসে থেকে গেল। শুধু বিশ্বকাপ নয়, জাতীয় দলের হয়ে একাধিক বড় সাফল্যের সাক্ষী তিনি। ২০২১ ও ২০২৪ সালে কোপা আমেরিকা জয়ের পাশাপাশি ২০২২ সালের ফিনালিসিমাতেও শিরোপা জিতেছিলেন। শক্তিশালী রক্ষণ, আকাশপথে বল দখলের দক্ষতা এবং নেতৃত্বের গুণে তিনি দীর্ঘদিন আর্জেন্টিনা দলের অন্যতম স্তম্ভ ছিলেন। ক্লাব ফুটবলেও সমান সফল ওতামেন্দি। আর্জেন্টিনার ভেলেজ সার্সফিল্ড থেকে পেশাদার কেরিয়ার শুরু করে পরে ইউরোপের পোর্তো, ভ্যালেন্সিয়া, ম্যানচেস্টার সিটি এবং বেনফিকার মতো ক্লাবে খেলেছেন। জিতেছেন একাধিক ঘরোয়া ও আন্তর্জাতিক ট্রফি।

কী বললেন ওতামেন্দি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করে ওতামেন্দি জানান, এই সিদ্ধান্তের কথা লিখে জানানো তাঁর কেরিয়ারের অন্যতম কঠিন মুহূর্ত ছিল। দীর্ঘ সময় ধরে লিওনেল মেসির সঙ্গে আর্জেন্টিনা দলে খেলেছেন তিনি। তাঁর অবসরের পর ২০১৮ বিশ্বকাপের আর্জেন্টিনা দলের প্রথম একাদশ থেকে লিওনেল মেসিই এখন একমাত্র সক্রিয় ফুটবলার। ওতামেন্দির বিদায়ের খবর প্রকাশ্যে আসতেই সতীর্থ, প্রাক্তন ফুটবলার এবং সমর্থকদের তরফে শুভেচ্ছা ও শ্রদ্ধার বার্তা ভেসে এসেছে। আর্জেন্টিনার সাম্প্রতিক সোনালি অধ্যায়ের অন্যতম নায়ক হিসেবে নিকোলাস ওতামেন্দির নাম দীর্ঘদিন মনে রাখবে ফুটবল বিশ্ব।