Asian Games 2026: চলতি এশিয়ান গেমসে দলগত বিভাগে হতাশ করেছেন ভারতের পুরুষ টেবল টেনিস খেলোয়াড়রা। তবে মহিলাদের দলগত বিভাগে পদকের আশা উজ্জ্বল হয়ে উঠেছে। ভারতের মহিলা টেবল টেনিস দল অসাধারণ লড়াই করছে।
KNOW
Asian Games 2026 India: চলতি এশিয়ান গেমসে মহিলাদের টেবল টেনিসের দলগত বিভাগে দারুণ লড়াই করে প্রি-কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডকে (Thailand) ৩-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গেল ভারত। ২০২২ সালের এশিান গেমসে ব্রোঞ্জজয়ী থাইল্যান্ডের বিরুদ্ধে মঙ্গলবার রুদ্ধশ্বাস লড়াইয়ের পর জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল। এবার কোয়ার্টার-ফাইনালে জয় পেলেই নিশ্চিত হয়ে যাবে পদক। এশিয়ান গেমসের ইতিহাসে টেবল টেনিসে ভারত এখনও পর্যন্ত মাত্র তিনটি পদক জিতেছে। এর মধ্যে দলগত ইভেন্টে একমাত্র পদকটি এসেছিল ২০১৮ সালে। সেবার পুরুষদের দল ব্রোঞ্জ জিতেছিল। এবার মহিলা দল পদকের সামনে দাঁড়িয়ে।
লড়াই করে জয় ভারতের
থাইল্যান্ডের বিরুদ্ধে ভারতকে অবশ্য কঠিন লড়াই করতে হয়েছে। দু'বার পিছিয়ে পড়েও শেষপর্যন্ত ম্যাচ জিতে নেয় ভারত। নির্ণায়ক ম্যাচে অভিজ্ঞ শ্রীজা আকুলার (Sreeja Akula) দুর্দান্ত পারফরম্যান্সেই নিশ্চিত হয় ভারতের জয়। পাশাপাশি ২১ বছরের যশস্বিনী ঘোরপড়ে (Yashasswini Ghorpade) দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এবার কোয়ার্টার-ফাইনালে ভারতের প্রতিপক্ষ উত্তর কোরিয়া (North Korea)। সেই ম্যাচ জিতলেই এশিয়ান গেমসে ভারতীয় মহিলা টেবল টেনিস দল পদক নিশ্চিত করবে।
ভারতের অসাধারণ পারফরম্যান্স
প্রথম ম্যাচে ওরাওয়ান পারানাংয়ের বিরুদ্ধে শুরুটা দুর্দান্ত করেছিলেন শ্রীজা। প্রথম দু'টি গেম ১১-৭, ১১-১ ব্যবধানে জিতে নিয়েছিলেন তিনি। কিন্তু এরপর ঘুরে দাঁড়ান পারানাং। পরপর তিনটি গেম ১১-৯, ১১-৬, ১২-১০ ব্যবধানে জিতে ম্যাচ নিজের দিকে নিয়ে যান থাইল্যান্ডের খেলোয়াড়। এরপর ভারতকে সমতায় ফেরান যশস্বিনী। সুথাসিনি সাওয়েত্তাবুতের বিরুদ্ধে শুরুতে ১-২ পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তন ঘটান ২১ বছরের ভারতীয় তারকা। চতুর্থ ও পঞ্চম গেম দু'টিই ১১-৯ ব্যবধানে জিতে ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে নেন তিনি। ফলে স্কোর হয় ১-১। তৃতীয় ম্যাচে ফের এগিয়ে যায় থাইল্যান্ড। দিয়ার চিতালের বিরুদ্ধে পাঁচ গেমের লড়াইয়ে জয় পান জিন্নিপা সাওয়েত্তাবুত। দ্বিতীয় ও তৃতীয় গেম জিতে দিয়ার ২-১ লিড নিয়েছিলেন। কিন্তু জিন্নিপা ঘুরে দাঁড়িয়ে শেষ দুই গেম ১১-৭, ১৩-১১ ব্যবধানে জিতে নেন। ফলে থাইল্যান্ড কোয়ার্টার-ফাইনালে ওঠা থেকে আর মাত্র এক জয় দূরে চলে যায়। সেই জায়গা থেকে ভারতকে ফের ম্যাচে ফিরিয়ে আনেন যশস্বিনী। পারানাংয়ের বিরুদ্ধে অসাধারণ দাপট দেখিয়ে সরাসরি তিন গেমে ম্যাচ জিতে নেন তিনি। ১১-৫, ১১-৮, ১১-৯ ব্যবধানে জয় পেয়ে স্কোর ২-২ করে দেন যশস্বিনী। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণের দায়িত্ব এসে পড়ে শ্রীজার উপর। সুথাসিনির বিরুদ্ধে প্রথম গেম ৯-১১ ব্যবধানে হেরে শুরু করলেও অভিজ্ঞ ভারতীয় প্যাডলার এরপর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান। পরপর তিনটি গেম ১১-৬, ১২-১০, ১১-৮ ব্যবধানে জিতে ম্যাচ এবং ভারতের কোয়ার্টার-ফাইনালের টিকিট নিশ্চিত করেন তিনি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


