Asian Games 2026 India: এবারের এশিয়ান গেমসে ভারতের পদক সংখ্যা বেড়েই চলেছে। মঙ্গলবার দিনের শুরুতেই পদক এল। কিন্তু রুপো বা ব্রোঞ্জ এলেও, সোনা বেশি আসছে না। এর ফলে পদক তালিকায় উপরের দিকে উঠে আসতে পারছে না ভারত।
KNOW
Asian Games 2026 News: মঙ্গলবার দিনের শুরুতেই এশিয়ান গেমসে শুটিংয়ে আরও একটি পদক পেল ভারত। মহিলাদের দলগত ট্র্যাপ শুটিংয়ে রুপো পেল ভারত। জাপানের (Japan) আইচি-নাগোয়ায় (Aichi-Nagoya) মহিলাদের ট্র্যাপ শুটিংয়ে ভারতকে পদক এনে দিলেন নীরু ধান্দা (Neeru Dhanda), আশিমা আহলাওয়াত (Aashima Ahlawat) ও মনীষা কীর (Manisha Keer)। ভারতীয় দলের মোট স্কোর ৩২৮। নীরু ১১৮, আশিমা ১০৬ ও মনীষা ১০৪ স্কোর করেন। এই ইভেন্টে ৩৪৬ স্কোর করে সোনা জিতেছে চিন। ৩২৫ স্কোর করে ব্রোঞ্জ পেয়েছে কুয়েত। এই রুপোর পদকের ফলে চলতি এশিয়ান গেমসে ভারতের পদক সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৬। এর মধ্যে রয়েছে চারটি সোনা, ২১টি রুপো এবং ২১টি ব্রোঞ্জ।
ব্যক্তিগত ইভেন্টে সোনার লক্ষ্যে নীরু
ভারতীয় দলকে রুপো এনে দেওয়ার পাশাপাশি মহিলাদের ট্র্যাপ শুটিংয়ের ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে পৌঁছে গিয়েছেন নীরু। যোগ্যতা অর্জন পর্বে ১১৮ পয়েন্ট নিয়ে তিনি শীর্ষে থাকেন। কাতারের রে বাসিলের সঙ্গে সমান স্কোরে থাকলেও শুট-অফে জয় পেয়ে এককভাবে শীর্ষস্থান দখল করেন নীরু। যোগ্যতা পর্বে মোট ২৭ জন শুটার যোগ দিয়েছিলেন। যাঁদের মধ্যে সেরা আটজন ফাইনালে জায়গা করে নেন। আশিমা ১৬-তম এবং মনীষা ২৩-তম স্থানে শেষ করেন। এর ফলে তাঁদের পক্ষে ফাইনালের যোগ্যতা অর্জন সম্ভব হয়নি। ট্র্যাপ শুটিংয়ের ব্যক্তিগত ইভেন্টের ফাইনাল শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টা বেজে ৩০ মিনিটে। এই ইভেন্টে সোনা জয়ের লক্ষ্যে নীরু।
নীরুর সোনার দিকে তাকিয়ে সারা দেশ
সম্প্রতি অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন নীরু। ফলে তিনি এশিয়ান গেমসে সোনা জিতবেন বলে আশা করছে সারা দেশ। এই শুটার যদি সোনা জিততে পারেন, তাহলে পাঁচ সোনা নিয়ে পদক তালিকায় ১১-তম স্থানে উঠে আসবে ভারত। পাঁচ সোনা নিয়ে এখন ১১ নম্বরে হংকং। তবে ভারতের মোট পদক সংখ্যা বেশি। ফলে সোনার সংখ্যা বাড়লেই পদক তালিকায় উন্নতি হবে ভারতের।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


