Babun Banerjee: রাজ্যে তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress) ক্ষমতায় আসার পর বিভিন্ন ক্রীড়া সংস্থার মাথায় বসে পড়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দুই ভাই। যাঁদের অন্যতম বাবুন বন্দ্যোপাধ্যায়। রাজ্যে সররকার পরিবর্তনের পর তাঁদের ডানা ছাঁটা শুরু হয়েছে।
KNOW
West Bengal Table Tennis Association: রাজ্যে আর ক্ষমতায় নেই তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress)। ক্ষমতা হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর দল যেমন ভেঙে গিয়েছে, তেমনই পরিবারের সদস্যদের উপরেও ক্ষমতা হারানোর প্রভাব পড়ছে। পশ্চিমবঙ্গ টেবল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদ থেকে সরে যেতে বাধ্য হলেন মমতার ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন। তিনি শুধু টেবল টেনিস সংস্থাই নয়, মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব-সহ (Mohun Bagan Athletic Club) বিভিন্ন ক্রীড়া সংস্থার শীর্ষ পদ আঁকড়ে ছিলেন। মমতার অপর এক ভাই অজিত বন্দ্যোপাধ্যায়ও ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন-সহ (Indian Football Association-West Bengal) বিভিন্ন ক্রীড়া সংস্থার শীর্ষ পদে ছিলেন। তবে এবার তাঁদের সরে যেতে হচ্ছে।
রাজ্যে পালাবদলের প্রভাব
রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতা দখল করার পর বিভিন্ন ক্রীড়া সংস্থার শীর্ষ পদে বসে পড়েন মমতার দুই ভাই। তাঁদের সব ক্রীড়া সংস্থার প্রধান হওয়া নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। কিন্তু প্রশাসনিক ও রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে ক্রীড়ামহলে ছড়ি ঘোরাতে থাকেন মমতার দুই ভাই। তবে রাজ্যে বিজেপি-র (BJP) সরকার গঠিত হওয়ার পর বিভিন্ন ক্ষেত্রের পাশাপাশি ক্রীড়ামহলেও বদলের হাওয়া দেখা যাচ্ছে। প্রায় এক দশক রাজ্য টেবল টেনিস সংস্থার সভাপতি হিসেবে ছিলেন বাবুন। তবে এবার ২২টি জেলা সংস্থা রাজ্য টেবল টেনিস সংস্থার সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে। বাবুনের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করা হয়। এই চাপ সামাল দিতে না পেরেই সরে যেতে বাধ্য হলেন বাবুন।
অন্য ক্রীড়া সংস্থাগুলিতেও বদলের হাওয়া
শুধু মমতার দুই ভাই নন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুও একাধিক ক্রীড়া সংস্থার শীর্ষ পদে ছিলেন। গ্রেফতার হওয়ার পর সুজিতের পক্ষে আর এই ক্রীড়া সংস্থাগুলিতে থাকা সম্ভব নয়। মমতার দুই ভাইকেও হয়তো এবার সব ক্রীড়া সংস্থারই প্রধানের পদ ছেড়ে দিতে হবে। আপাতত তাঁদের পক্ষে আর কোথাও প্রভাব খাটানো সম্ভব হচ্ছে না।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


