Bhuvneshwar Kumar: অবিশ্বাস্য প্রত্যাবর্তন ভূবনেশ্বর কুমারের। ভারতীয় ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন ৩৬ বছরের অভিজ্ঞ পেসার ভূবনেশ্বর। দেশের প্রথম পেসার হিসেবে নজির গড়লেন ভূবি। চলতি আইপিএলে মঞ্চেই এল এই বড় সাফল্য। তাঁর ঝুলিতে রয়েছে ৩৫২টি টি-২০ উইকেট।

Bhuvneshwar Kumar: অবিশ্বাস্য প্রত্যাবর্তন ভূবনেশ্বর কুমারের। ভারতীয় ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন ৩৬ বছরের অভিজ্ঞ পেসার ভূবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। টি-২০ ক্রিকেটে ৩৫০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করে দেশের প্রথম পেসার হিসেবে নজির গড়লেন ভূবি। চলতি আইপিএলে মঞ্চেই এল এই বড় সাফল্য। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাট টাইটান্সের ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেন ভূবনেশ্বর। আমেদাবাদের মাঠে গুজরাটের ইনিংসের তৃতীয় ওভারে সাই সুদর্শন-কে আউট করেই ৩৫০তম টি-২০ উইকেট পূর্ণ করেন RCB-র এই তারকা পেসার। মোট ১৭টি উইকেট তুলে নিয়ে এখন চলতি আইপিএলে বেগুনি টুপির মালিক এখন ভূবি-ই।

ভূবি ছাড়া আর কোন ভারতীয়র টি-২০-তে ৩৫০+উইকেট রয়েছে 

এই মাইলস্টোনের মাধ্যমে আরেকটি বড় রেকর্ডও গড়লেন 'ভুবি'। ভারতের মধ্যে মোট দ্বিতীয় বোলার হিসেবে ৩৫০ বা তার বেশি টি-২০ উইকেট নিলেন তিনি। এর আগে এই কৃতিত্ব রয়েছে শুধু লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)-এর ঝুলিতে। ৩২৫টি ম্যাচে (৩২৪ ইনিংসে বল করে) ভূবনেশ্বর কুমারের ঝুলিতে রয়েছে ৩৫২টি উইকেট। তাঁর বোলিং গড় ২৪.৫১ এবং ইকোনমি রেট ৭.৩৫যা টি-২০ ফরম্যাটে অত্যন্ত প্রশংসনীয়।

ভূবির রেকর্ড

শুধু তাই নয়, এই ফরম্যাটে তিনি ৫টি পাঁচ উইকেট এবং ৫টি চার উইকেট নেওয়ার কৃতিত্বও অর্জন করেছেন। ৩৬ বছর বয়সেও তাঁর ধারাবাহিক পারফরম্যান্স মুগ্ধ করছে ক্রিকেটপ্রেমীদের। আইপিএলেও তাঁর অবদান অসাধারণ। ভারতীয় পেসারদের মধ্যে আইপিএল ইতিহাসে ২০০-র বেশি উইকেট নিয়ে তিনি শীর্ষে। চলতি মরসুমেও নিয়মিত উইকেট তুলে নিয়ে দলকে ভরসা দিচ্ছেন তিনি। সুইং বোলিং ও ভ্যারিয়েশনের জন্য পরিচিত ভূবনেশ্বর কুমার এই কৃতিত্বের মাধ্যমে নিজের নাম আরও উজ্জ্বল করলেন। সাদা বলের ক্রিকেটে ভারতের অন্যতম সেরা পেসার হিসেবে তাঁর জায়গা যে আরও পোক্ত হল, তা বলাই যায়।

আর কি কোনওদিন জাতীয় দলে ফেরা হবে?

দেশের হয়ে ২১টি টেস্ট, ১২১টি ওয়ানডে ও ৮৭টি আন্তর্জাতিক টি-২০ খেলে ভূবনেশ্বর কুমার মোট ২৯৪টি উইকেট নিয়েছেন। ২০২২ সালের নভেম্বরে শেষবার দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন ভূবি। ২০১২ সালে পাকিস্তানের বিরুদ্ধে বেঙ্গালুরুতে টি-২০ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন তিনি।