Mumbai Indians: শ্রীলঙ্কার (Sri Lanka) তারকা মাহেলা জয়বর্ধনের (Mahela Jayawardene) সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করার পর এবার নতুন প্রধান কোচের নাম ঘোষণা করল মুম্বই ইন্ডিয়ানস। ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইরন পোলার্ডকে (Kieron Pollard) নতুন দায়িত্ব দেওয়া হল।

DID YOU
KNOW
?
ফের নেতৃত্বে রোহিত?
হার্দিক পান্ডিয়ার বদলে রোহিত শর্মাকে ফের মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে বলে জল্পনা চলছে।

IPL 2027: মাহেলা জয়বর্ধনের (Mahela Jayawardene) পরিবর্তে নতুন প্রধান কোচ হিসেবে কাইরন পোলার্ডের (Kieron Pollard) নাম ঘোষণা করল মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians)। আইপিএল-এ গত চার মরসুম ধরে পাঁচবারের চ্যাম্পিয়ন দলের ব্যাটিং কোচের দায়িত্ব সামলাচ্ছিলেন পোলার্ড। এবার তাঁকে নতুন দায়িত্ব দেওয়া হল। এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে পোলার্ডের সম্পর্ক দীর্ঘদিনের। ২০১০ সালের আইপিএল-এ ক্রিকেটার হিসেবে এই ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। মুম্বইয়ের পাঁচটি আইপিএল খেতাব জয়ের প্রতিটি অভিযানেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন পোলার্ড। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে আইপিএল জয়ের পাশাপাশি ২০১১ ও ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। আইপিএল-এ পোলার্ডের পরিসংখ্যানও যথেষ্ট উজ্জ্বল। মোট ১৮৯টি ম্যাচে ৩৪১২ রান করেছেন তিনি। তাঁর স্ট্রাইক রেট ১৪৭.৩২। পাশাপাশি বল হাতে নিয়েছেন ৬৯টি উইকেট। ২০২২ সালের আইপিএল ছিল ক্রিকেটার হিসেবে তাঁর শেষ মরসুম। এরপর ২০২৩ সাল থেকে মুম্বইয়ের ব্যাটিং কোচের দায়িত্ব সামলাচ্ছিলেন ৩৯ বছর বয়সি এই তারকা। এ বার সেই অভিজ্ঞতাকেই কাজে লাগিয়ে প্রধান কোচের নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে।

নতুন দায়িত্ব পালন করতে তৈরি পোলার্ড

মুম্বই ইন্ডিয়ানসে নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত পোলার্ড। এই তারকা বলেছেন, 'মুম্বই ইন্ডিয়ানসের প্রধান কোচের দায়িত্ব পাওয়া আমার কাছে অত্যন্ত সম্মানের। এই দল আমার জীবন ও কেরিয়ারের একটা বড় অংশ জুড়ে রয়েছে। দল, ক্রিকেটার এবং পল্টনের সঙ্গে আমার যে সম্পর্ক, তা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। ক্রিকেটার এবং পরবর্তীকালে কোচ হিসেবে এই যাত্রার অংশ থাকার সুবাদে আমি জানি, মুম্বই ইন্ডিয়ানসের পরিচয় কী এবং নীল-সোনালি জার্সির প্রতিনিধিত্ব করার দায়িত্ব কতটা বড়। ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই। দলের ঐতিহ্যকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, প্রতিভাবান ক্রিকেটারদের উন্নতিতে সাহায্য করা এবং পল্টনকে আরও আনন্দের মুহূর্ত উপহার দেওয়াই আমার লক্ষ্য।'

Scroll to load tweet…

পোলার্ডের উপর ভরসা মুম্বই ইন্ডিয়ানস ম্যানেজমেন্টের

পোলার্ডকে প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া প্রসঙ্গে মুম্বই ইন্ডিয়ানসের কর্ণধার নীতা আম্বানি (Nita Ambani) বলেছেন, ‘মাত্র ২২ বছর বয়সে মুম্বই ইন্ডিয়ানসে যোগ দিয়েছিল পোলার্ড। গত ১৬ বছরে ও আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ক্রিকেটার হিসেবে আমাদের অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে ও। কোচ হিসেবেও নিজের অভিজ্ঞতা, আবেগ এবং ক্রিকেট সম্পর্কে গভীর জ্ঞান দলের সঙ্গে ভাগ করে নিয়েছে। মুম্বইয়ের জার্সি পরার অর্থ কী এবং পল্টনের হয়ে খেলতে গেলে কী প্রয়োজন, পোলার্ড তা ভালোভাবেই জানে। আমার বিশ্বাস, নতুন দায়িত্বেও একই নিষ্ঠা, আত্মবিশ্বাস এবং দৃঢ়তা নিয়ে কাজ করবে সে। দলের নতুন অধ্যায়ের নেতৃত্ব দেওয়ার জন্য ওকে শুভেচ্ছা জানাই।’

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।