FIFA World Cup 2026: গত এক দশকে বিশ্ব ফুটবলে যে দলগুলি সবচেয়ে বেশি উন্নতি করেছে, তাদের অন্যতম মরক্কো (Morocco)। গতবারের বিশ্বকাপে সেমি-ফাইনাল খেলার পর চলতি বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গেল উত্তর আফ্রিকার এই দেশ। এখন মরক্কো যে ফুটবল খেলছে, তাতে বিশ্বের সব দলের বিরুদ্ধেই লড়াই করতে তৈরি।
KNOW
FIFA World Cup 2026 Updates: রাউন্ড অফ ১৬-এর ম্যাচে অন্যতম আয়োজক দেশ কানাডাকে (Canada vs Morocco) ৩-০ উড়িয়ে চলতি বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গেল মরক্কো। ভারতীয় সময় অনুযায়ী শনিবার রাতে হিউস্টন স্টেডিয়ামে (Houston Stadium) অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে জয় পেল মরক্কো। এই ম্যাচে তিন গোলই হল দ্বিতীয়ার্ধে। ৫০ মিনিটে প্রথম গোল হয়। ফ্রি-কিক পেয়েছিল মরক্কো। অধিনায়ক আশরফ হাকিমি (Achraf Hakimi) তাঁর সতীর্থ আজ্জেদিন উনাহির (Azzedine Ounahi) উদ্দেশ্যে মাটিঘেঁষা বল বাড়ান। সেই বলে অসাধারণ শট নিয়ে গোল করে মরক্কোকে এগিয়ে দেন উনাহি। তিনিই ৮২ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন। এক্ষেত্রে গোলের পাস বাড়ান ব্রাহিম দিয়াজ (Brahim Díaz)। এরপর দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ের শেষমুহূর্তে দিয়াজের পাস থেকে ব্যবধান বাড়ান সুফিয়ান রাহিমি (Soufiane Rahimi)।

কোয়ার্টার-ফাইনালে আকর্ষণীয় লড়াই
কানাডাকে হারিয়ে চলতি বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার-ফাইনালে পৌঁছনোর পর এবার ফ্রান্স (France) বা প্যারাগুয়ের (Paraguay) মুখোমুখি হতে চলেছে মরক্কো। ভারতীয় সময় অনুযায়ী শনিবার রাত আড়াইটেয় রাউন্ড অফ ১৬-এর ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হতে চলেছে ফ্রান্স। কিলিয়ান এমবাপেরা (Kylian Mbappé) প্যারাগুয়ের বিরুদ্ধে জয় পেলে কোয়ার্টার-ফাইনালে অত্যন্ত আকর্ষণীয় লড়াই হবে।
দ্বিতীয়ার্ধে হারিয়ে গেল কানাডার লড়াই
বিশ্বকাপ ফুটবলের এই ম্যাচের প্রথমার্ধে মরক্কোর বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করে কানাডা। সেই সময় মনে হচ্ছিল, এই ম্যাচের শেষপর্যন্ত লড়াই দেখা যাবে। কিন্তু মরক্কো প্রথম গোল করার পরেই লড়াই থেকে হারিয়ে যায় কানাডা। দ্বিতীয়ার্ধের বাকি সময় মরক্কোর দাপট দেখা যায়। উত্তর আফ্রিকার এই দল সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৪ ম্যাচে অপরাজিত। পরপর দু'বার বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গেল মরক্কো। তারা গতবার সেমি-ফাইনাল খেলেছিল। তবে এবার যদি কোয়ার্টার-ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে লড়াই হয়, তাহলে মরক্কোর পক্ষে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফুটবলের সেমি-ফাইনালে পৌঁছনো কঠিন। তবে যে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করতে তৈরি মরক্কো।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


