Ajinkya Rahane News: ভারতীয় দলের প্রাক্তন নির্ভরযোগ্য ব্যাটার অজিঙ্কা রাহানে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। এবার তিনি ইউরোপিয়ান টি-২০ প্রিমিয়ার লিগে (European T20 Premier League) খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ইউরোপের এই টি-২০ লিগের উদ্বোধনী মরসুমের অন্যতম সেরা আকর্ষণ রাহানে।
KNOW
European T20 Premier League: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কয়েকদিনের মধ্যেই নতুন অধ্যায় শুরু করতে চলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। ইউরোপিয়ান টি-২০ প্রিমিয়ার লিগের উদ্বোধনী মরসুমে আমস্টারডাম ফ্লেমস (Amsterdam Flames) ফ্র্যাঞ্চাইজির আইকন বা মার্কি খেলোয়াড় হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ২৬ অগাস্ট শুরু হতে চলা এই লিগে আমস্টারডাম ফ্লেমসের হয়ে মাঠে নামবেন ৩৮ বছর বয়সি এই ব্যাটার। ৩০ জুলাই রাহানে আন্তর্জাতিক ক্রিকেট ও সব ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন রাহানে। ভারতের হয়ে তিনি ৮৫টি টেস্ট, ৯০টি ওয়ানডে এবং ২০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল ২০২৩ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে। আইপিএল-এ (IPL) রাহানে ছয়টি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে মোট ২১২টি ম্যাচ খেলেছেন এবং করেছেন ৫,৩৬৭ রান। ২০২৩ সালে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে আইপিএল শিরোপা জেতার পাশাপাশি ২০২৫ ও ২০২৬ মরসুমে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) অধিনায়কত্বও করেছেন তিনি।
নতুন টি-২০ লিগের আকর্ষণ রাহানে
নতুন দায়িত্ব নিয়ে রাহানে বলেছেন, ‘ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। আমি সব সময় বিশ্বাস করি, খেলোয়াড়দের দায়িত্ব হল খেলাটিকে আগের চেয়ে আরও শক্তিশালী অবস্থায় রেখে যাওয়া। ইউরোপিয়ান ক্রিকেট এখন এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে এবং ভবিষ্যতে এটি ক্রিকেটের অন্যতম সম্ভাবনাময় কেন্দ্র হয়ে উঠতে পারে।’ নতুন দল সম্পর্কে রাহানে বলেছেন, ‘আমস্টারডাম ফ্লেমসের যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে, তা হলো অর্থবহ কিছু গড়ে তোলার তাদের উচ্চাকাঙ্ক্ষা। যার প্রভাব মাঠের ভেতর ও বাইরে দীর্ঘদিন থাকবে। সফল একটি ফ্র্যাঞ্চাইজি গড়ে তুলতে ব্যবস্থাপনার সঙ্গে কাজ করার পাশাপাশি ইউরোপে নতুন প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রাণিত করতে এবং ক্রিকেটের ভবিষ্যৎ আরও শক্তিশালী করতে আমি মুখিয়ে আছি।’
রাহানের দলের কর্ণধার স্টিভ ওয়া
আমস্টারডাম ফ্লেমসের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান ক্রিকেট কর্তা অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়া (Steve Waugh)। তিনি রাহানেকে দলে স্বাগত জানিয়ে বলেছেন, 'অজিঙ্কা রাহানে একজন পেশাদার ক্রিকেটারের আদর্শ উদাহরণ। তাঁর দক্ষতা, মানসিক দৃঢ়তা, বিনয় এবং নেতৃত্ব তাঁকে অনন্য করে তুলেছে। শুধু পারফরম্যান্স নয়, মাঠের ভেতরে ও বাইরে তাঁর আচরণের জন্যও তিনি বিশ্ব ক্রিকেটে ব্যাপক সম্মান অর্জন করেছেন। চাপের মুহূর্তে তাঁর শান্ত স্বভাব ও নেতৃত্ব আমি খুব কাছ থেকে দেখেছি। এই গুণগুলিই একটি সফল দলের সংস্কৃতি গড়ে তোলে। আমস্টারডাম ফ্লেমসকে ইউরোপের অন্যতম সেরা ক্রিকেট ক্লাবে পরিণত করার পথে তাঁর অভিজ্ঞতা, নেতৃত্ব এবং ব্যক্তিত্ব আমাদের জন্য অমূল্য হবে।'
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


