IPL 2027 Trade: আইপিএল-এর আগামী মরসুমের জন্য ক্রিকেটারদের নিলামের আগে প্লেয়ার রিটেইনশন এবং ট্রেড নিয়ে ক্রিকেট মহলে আগ্রহ তৈরি হয়েছে। ইতিমধ্যেই একাধিক ফ্র্যাঞ্চাইজি ট্রেডের প্রক্রিয়া সেরে ফেলেছে। এবার নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)।

IPL 2027: আইপিএল ২০২৭-এর আগে অক্ষর প্যাটেল (Axar Patel) ও আশুতোষ শর্মাকে (Ashutosh Sharma) নিয়ে যাবতীয় জল্পনা থামিয়ে দিল দিল্লি ক্যাপিটালস। এই দুই ক্রিকেটারকেই দলে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ক্যাপিটালস। শুধু তাই নয়, ক্রিকেটারদের ট্রেডের সম্ভাবনাও নেই বলে জানিয়ে দিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। রিটেইনশন তালিকা জমা দেওয়ার নির্ধারিত সময়সীমার আগে আর কোনও ট্রেডে যাওয়ার পরিকল্পনা নেই দিল্লির। গত কয়েক সপ্তাহ ধরেই অক্ষর ও আশুতোষের দলবদল নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। অক্ষর সঙ্গে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) নাম জড়িয়েছিল। অন্যদিকে, আশুতোষকেও দলে নিতে আগ্রহী ছিল কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। তবে এই দু'জনের কাউকেই ছাড়ছে না দিল্লি ক্যাপিটালস। এই ফ্র্যাঞ্চাইজি সূত্রে জানা গিয়েছে, 'দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে আর কোনও ট্রেড হবে না।'

আগামী আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক কে?

আইপিএল ২০২৭ ট্রেড নিয়ে এই সিদ্ধান্তে দুই ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটলেও, দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক নির্বাচন নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। গত মরসুমে দলকে নেতৃত্ব দিয়েছিলেন অক্ষর। ব্যাট হাতে আইপিএল ২০২৬-এ অবশ্য খুব একটা ধারাবাহিক ছিলেন না তিনি। ১৪ ম্যাচে ১৯.২২ গড়ে ১৭৩ রান করেন অক্ষর। স্ট্রাইক রেট ছিল ১৩১.০৬। তবে বল হাতে ১৩ ইনিংসে ১১ উইকেট নিয়েছিলেন তিনি। তাঁর ইকনমি রেট ছিল ৮.১৮। অন্যদিকে, ব্যাট হাতে নজর কাড়েন আশুতোষ। আট ম্যাচে ১৭১ রান করেছিলেন তিনি। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৮১.৯১। মিডল অর্ডারে দ্রুত রান তোলার ক্ষমতার কারণেই তাঁকেদলে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। তবে আইপিএল-এর আগামী মরসুমে দিল্লির অধিনায়ক কে হবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। অক্ষর ছাড়াও অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন ঋষভ পন্থ (Rishabh Pant) ও কে এল রাহুল (KL Rahul)। লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) থেকে ট্রেডের মাধ্যমে দিল্লিতে ফিরেছেন পন্থ। ফলে নেতৃত্বের দায়িত্ব তাঁর হাতে তুলে দেওয়া হবে কি না, তা নিয়ে আলোচনা চলছে। ২০২৭ সালের আইপিএল-এর জন্য অধিনায়ক নির্বাচনের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি এই ফ্র্যাঞ্চাইজি। অক্ষরকে ধরে রাখার অর্থ এই নয় যে, তিনিই অধিনায়ক হবেন।

দিল্লি ক্যাপিটালসের ট্রেড সম্পূর্ণ

ইতিমধ্যেই দু'টি ট্রেড সম্পূর্ণ করেছে দিল্লি। লখনউ সুপার জায়ান্টস থেকে ঋষভকে দলে নিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। বিনিময়ে কুলদীপ যাদব (Kuldeep Yadav) যোগ দিয়েছেন লখনউয়ে। অন্যদিকে, টি নটরাজনকে (T Natarajan) সানরাইজার্স হায়দরাবাদে (Sunrisers Hyderabad) পাঠিয়ে লেগ স্পিনার জিশান আনসারিকে (Zeeshan Ansari) দলে নিয়েছে দিল্লি। আইপিএল ২০২৭-এর জন্য ক্রিকেটারদের দলে ধরে রাখা এবং ছেড়ে দেওয়ার তালিকা জমা দেওয়ার শেষ দিন ১৭ নভেম্বর। দিল্লি অবশ্য জানিয়ে দিয়েছে, নতুন করে কোনও ট্রেডে যাচ্ছে না তারা। আপাতত চূড়ান্ত স্কোয়াড তৈরি এবং অধিনায়ক নির্বাচনেই মনোযোগ দিতে চাইছে এই ফ্র্যাঞ্চাইজি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।