Bangladesh vs Pakistan: সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ব্যর্থতার পর বাংলাদেশ সফরে (Pakistan tour of Bangladesh, 2026) গিয়েছে পাকিস্তান। তবে এই সফরেও পাকিস্তানের ক্রিকেটারদের দুর্বলতা প্রকট হয়ে গিয়েছে। বিশেষ করে তাঁদের মানসিকতা এবং বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
KNOW
Bangladesh vs Pakistan Second ODI: বাংলাদেশ-পাকিস্তানের ওডিআই সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের ক্রিকেটারদের অবিবেচকের মতো রানিং বিটুইন দ্য উইকেটস এবং পাকিস্তানের ক্রিকেটারদের হাস্যকর ফিল্ডিং নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোরদার আলোচনা হয়েছিল। শুক্রবার দ্বিতীয় ওডিআই ম্যাচে এক রান আউট নিয়ে চর্চা শুরু হয়েছে। পাকিস্তানের ব্যাটার সলমন আগাকে (Salman Agha) রান আউট করেছেন বাংলাদেশের অধিনায়ক মেহিদি হাসান মিরাজ (Mehidy Hasan Miraz)। এই রান আউট যেভাবে হয়েছে, সেরকম দৃশ্য আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে খুব কমই দেখা গিয়েছে। এভাবে রান আউট হয়ে যাওয়ায় মাঠেই ক্ষোভপ্রকাশ করেন আগা। তিনি মাঠেই গ্লাভস-হেলমেট ছুড়ে ফেলে দেন। এরপর মাঠ ছাড়ার সময়ও গ্লাভস-হেলমেট ছুড়ে ফেলে দেন পাকিস্তানের এই ব্যাটার। সম্প্রতি বাংলাদেশ-পাকিস্তানের বন্ধুত্ব নিয়ে নানা আলোচনা চলছে। তবে শুক্রবারের এই ঘটনায় সেই বন্ধুত্বের তাল কাটতে পারে।
ঠিক কী হয়েছিল?
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথমে ব্যাটিং করতে নেমে ইনিংসের শুরুটা ভালোভাবে করেন পাকিস্তানের দুই ওপেনার সাহিবজাদা ফারহান (Sahibzada Farhan) ও মাজ সাদাকত (Maaz Sadaqat)। ফারহান ৩১ ও সাদাকত ৭৫ রান করেন। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে শামিল হুসেন (Shamyl Hussain) অবশ্য ছয় রান করেই আউট হয়ে যান। এরপর অধিনায়ক মহম্মদ রিজওয়ানের (Mohammad Rizwan) সঙ্গে জুটি বাঁধেন আগা। এই জুটিতে ১০৯ রান যোগ হয়। এরপরেই বিপত্তি ঘটে। পাকিস্তানের ইনিংসের ৩৯-তম ওভারে মিরাজের বলে ফরোয়ার্ড ডিফেন্সিভ শট খেলেন রিজওয়ান। আগার পায়ের ফাঁক দিয়ে সেই বল ধরেন মিরাজ। সেই সময় ক্রিজের বাইরে ছিলেন আগা। তিনিও বল ধরার চেষ্টা করছিলেন। কিন্তু তার আগেই বল ধরে উইকেট ভেঙে দেন বাংলাদেশের অধিনায়ক। তৃতীয় আম্পায়ার রান আউটের সিদ্ধান্তের কথা জানান।
বড় স্কোর পাকিস্তানের
রিজওয়ানের ৪৪ এবং আগার ৬৪ রানের সুবাদে ৪৭.৩ ওভারে ২৭৪ রানে অলআউট হয়ে গিয়েছে পাকিস্তান। তারা প্রথম ম্যাচে হারের পর এই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোর বিষয়ে আশাবাদী।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


