Cockroach Janta Party: নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পৌঁছে গিয়েছে। পড়ুয়াদের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই আন্দোলনকে সমর্থন করছেন। বহু বিশিষ্ট ব্যক্তি পড়ুয়াদের আন্দোলনের পক্ষে সরব হয়েছেন। এরই মধ্যে অন্য মত প্রকাশ করলেন প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)।
KNOW
Cockroach Janta Party Protests: দিল্লির (Delhi) যন্তর মন্তরে (Jantar Mantar) ককরোচ জনতা পার্টির চলতি বিক্ষোভের পরিপ্রেক্ষিতে পড়ুয়াদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। তিনি 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, 'আমাদের তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের স্বপ্নকে বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কঠিন সময়ে ধৈর্য ধরে দেশের প্রতিষ্ঠান এবং সরকারের ওপর আস্থা রাখাও সমানভাবে প্রয়োজন। আমি বিশ্বাস করি, প্রতিটি সমস্যার সমাধান ধৈর্যের মধ্য দিয়েই আসে। ভারত সবসময় এগিয়ে গিয়েছে এবং ভবিষ্যতেও এগিয়ে যাবে।' ধাওয়ানের আশা, কেন্দ্রীয় সরকারের সঙ্গে আন্দোলনকারী পড়ুয়াদের আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা যাবে।
আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর আহ্বান যুবরাজের
জাতীয় দলে ধাওয়ানের প্রাক্তন সতীর্থ যুবরাজ সিংও (Yuvraj Singh) পড়ুয়াদের আন্দোলন নিয়ে মুখ খুলেছেন। তিনি সরকার ও ককরোচ জনতা পার্টির মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন। নিজের ইনস্টাগ্রামে হ্যান্ডলে যুবরাজ পোস্ট করেন, ‘প্রত্যেক শিশু, শিক্ষার্থী, মহিলা ও পুরুষের শান্তিপূর্ণ পরিবেশে পড়াশোনা করার, নিরাপদে বেড়ে ওঠার এবং নিজের স্বপ্ন পূরণের সুযোগ পাওয়া উচিত। তাদের কল্যাণই একটি উজ্জ্বল ভারতের ভিত্তি। আসুন, আমরা সবাই মিলে যত্ন, সুযোগ এবং আশায় ভরপুর একটি সমাজ গড়ে তুলি। ভারতের ভবিষ্যতের স্বার্থে আলোচনার মাধ্যমেই একটি সৌহার্দ্যপূর্ণ সমাধান খুঁজে পাওয়া সম্ভব।’
পড়ুয়াদের পাশে অভিনব বিন্দ্রা
যুবরাজ ও ধাওয়ান সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব দিলেও, অলিম্পিক্সে সোনা জেতা শুটার অভিনব বিন্দ্রা এ বিষয়ে সরাসরি আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন। তিনি আরও শক্তিশালী ও নির্ভরযোগ্য শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, এই বিষয়টি রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে দেখা উচিত। দেশজুড়ে আন্দোলনের জেরে নমনীয় হচ্ছে কেন্দ্রীয় সরকার। ককরোচ জনতা পার্টির সঙ্গে আলোচনায় বসতে চলেছে সরকার। ফলে দ্রুত এই সমস্যা মিটে যাবে বলে আশা করা হচ্ছে। সবারই আশা, এর ফলে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


