Chennai Super Kings vs Mumbai Indians: এবারের আইপিএল-এর (IPL 2026) শুরুটা ভালোভাবে করতে না পারলেও, তারপর ঘুরে দাঁড়িয়ে প্লে-অফের যোগ্যতা অর্জনের আশা বাঁচিয়ে রেখেছে চেন্নাই সুপার কিংস। কিন্তু মুম্বই ইন্ডিয়ানস যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে। আইপিএল-এর ইতিহাসে যুগ্মভাবে সফলতম দুই দল সম্পূর্ণ বিপরীত অবস্থানে।

DID YOU
KNOW
?
মুম্বইয়ের ব্যর্থতা
হার্দিক পান্ডিয়া অধিনায়ক হওয়ার পর থেকে সাফল্য পাচ্ছে না মুম্বই ইন্ডিয়ানস। এবারও ব্যর্থতার পালা চলছে।

IPL 2026: এবারের আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দুই সাক্ষাতেই হেরে গেল মুম্বই ইন্ডিয়ানস (Chennai Super Kings vs Mumbai Indians)। ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) প্রথম সাক্ষাতে ১০৩ রানে হেরে যাওয়ার পর শনিবার চিপকে (Chepauk) আট উইকেটে হেরে গেল হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দল। এই ম্যাচ জিতে নয় ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে লিগ টেবলে ছয় নম্বরে উঠে এল সিএসকে। রুতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) প্লে-অফের যোগ্যতা অর্জনের আশা থাকল। অন্যদিকে, ফের হেরে যাওয়ায় নয় ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে লিগ টেবলে নয় নম্বরে থাকল মুম্বই। এর ফলে হার্দিকদের প্লে-অফের যোগ্যতা অর্জনের আশা কার্যত শেষ হয়ে গেল। বাকি সব ম্যাচ জেতার পাশাপাশি অন্য ম্যাচগুলির ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে।

মুম্বইয়ের ব্যর্থতা অব্যাহত

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বইয়ের অধিনায়ক হার্দিক। তাঁর দল সাত উইকেট হারিয়ে ১৫৯ রান করে। ওপেনার রায়ান রিকেলটন (Ryan Rickelton) ২৪ বলে ৩৭ রান করেন। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ভালো ব্যাটিং করেন নমন ধীর (Naman Dhir)। তিনি ৩৭ বলে ৫৭ রান করেন। সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ১২ বলে ২১ রান করেন। হার্দিক ২৩ বলে ১৮ রান করেন। রান তাড়া করতে নেমে ১৮.১ ওভারে দুই উইকেট হারিয়ে ১৬০ রান তুলে জয় তুলে নেয় সিএসকে। অধিনায়ক রুতুরাজ ওপেন করতে নেমে ৪৮ বলে ৬৭ রান করে অপরাজিত থাকেন। অপর ওপেনার সঞ্জু স্যামসন (Sanju Samson) নয় বলে ১১ রান করেন। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে উর্বিল প্যাটেল (Urvil Patel) ১২ বলে ২৪ রান করেন। চার নম্বরে ব্যাটিং করতে নেমে কার্তিক শর্মা (Kartik Sharma) ৪০ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন। তিনি আইপিএল-এ প্রথমবার অর্ধশতরান করলেন।

মুম্বইয়ের বিরুদ্ধে দাপট চেন্নাইয়ের

২০২৩ সাল থেকে এখনও পর্যন্ত মুম্বইয়ের বিরুদ্ধে সাতবার খেলে ছয়বারই জয় পেয়েছে চেন্নাই। ২০১৪ ও ২০২৩ সালের পর আইপিএল-এ তৃতীয়বার এক মরসুমে মুম্বইয়ের বিরুদ্ধে দুই সাক্ষাতেই জয় পেল চেন্নাই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।