Dinesh Lad Awarded: রোহিত শর্মা (Rohit Sharma), শার্দুল ঠাকুরের (Shardul Thakur) ছোটবেলার কোচ দীনেশ লাড ক্রিকেট মহলে অত্যন্ত শ্রদ্ধার পাত্র। তিনি দ্রোণাচার্য সম্মান (Dronacharya Award) পেয়েছেন। এবার রোটারি ক্লাবের পক্ষ থেকে এই কোচকে বিশেষ পুরস্কার দেওয়া হচ্ছে।
KNOW
Dinesh Lad News: রোটারি ক্লাব অব পানভেল এবং পানভেল অঞ্চলের বিভিন্ন রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজন করা হচ্ছে ‘ভোকেশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠান। এ বছর এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হবে ভারতীয় ক্রিকেটের দুই তারকা রোহিত শর্মা (Rohit Sharma) ও শার্দুল ঠাকুরের (Shardul Thakur) মতো ক্রিকেটারকে গড়ে তোলা প্রখ্যাত কোচ দীনেশ লাডকে। ভারতীয় ক্রীড়াক্ষেত্রে অসামান্য প্রশিক্ষণ ও অবদানের জন্য দীনেশকে এর আগেই দেশের অন্যতম মর্যাদাপূর্ণ দ্রোণাচার্য পুরস্কারে (Dronacharya Award) সম্মানিত করেছে কেন্দ্রীয় সরকার। বুধবার সন্ধে সাতটায় পুরনো পানভেলের আদ্য ক্রান্তিবীর বাসুদেব বলবন্ত ফড়কে নাট্যগৃহে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রোহিত-সহ একাধিক আন্তর্জাতিক মানের ক্রিকেটারকে গড়ে তোলার ক্ষেত্রে দীনেশের অবদান ভারতীয় ক্রিকেটে বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর দীর্ঘদিনের কোচিং কেরিয়ার এবং খেলোয়াড় তৈরির অসামান্য ভূমিকার স্বীকৃতি হিসেবেই এবার তাঁকে ‘ভোকেশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান করা হচ্ছে।
রেলের চাকরি থেকে অবসর নিয়েছেন দীনেশ
এশিয়ানেট নিউজ বাংলাকে দীনেশ জানিয়েছেন, তিনি খালাসি হিসেবে পশ্চিম রেলে যোগ দিয়েছিলেন। অবসর নিয়েছেন দ্রোণাচার্য হিসেবে। রোহিত, শার্দুল-সহ জাতীয় ও আন্তর্জাতিক স্তরের অনেক ক্রিকেটারকেই তৈরি করেছেন দীনেশ। তাঁর ছেলে সিদ্ধেশ লাডও জাতীয় স্তরে পরিচিত ক্রিকেটার। রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) মুম্বইয়ের (Mumbai) অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন সিদ্ধেশ। তিনি রঞ্জি ট্রফিতে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) রেকর্ড স্পর্শ করেছেন। নিজের ছাত্রদের পাশাপাশি ছেলের জন্যও গর্বিত দীনেশ। তিনি নিজে যে সাফল্য ও সম্মান পেয়েছেন, তার জন্যও খুশি।
রোহিতকে নিয়ে আশাবাদী দীনেশ
রোহিত খুব তাড়াতাড়ি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন বলে জল্পনা শুরু হয়েছে। তবে দীনেশ আশাবাদী, আগামী বছর ওডিআই বিশ্বকাপে খেলবেন রোহিত। এই কিংবদন্তির কারও কাছে নতুন করে কিছু প্রমাণ করার নেই বলেও জানিয়েছেন দীনেশ। তিনি আশাবাদী, আরও কিছুদিন খেলবেন এবং ভালো পারফরম্যান্স দেখাবেন রোহিত।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


