Edgbaston Test Match: ইংল্যান্ডের (England vs India) বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে কি পাটা উইকেটে খেলছে ভারতীয় দল? বোলারদের পারফরম্যান্স দেখে তেমনই মনে হচ্ছে। ভারতের কোনও বোলারই ভয়ঙ্কর হয়ে উঠতে পারছেন না।

England vs India Edgbaston Test: পরপর দুই বলে উইকেট। ৮৪ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে ইংল্যান্ড। মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) ভয়ঙ্কর মনে হচ্ছে। ঠিক সেই সময় ক্রিজে এসে প্রথম বলেই বাউন্ডারি মারলেন জেমি স্মিথ (Jamie Smith)। এই শটই ম্যাচের পরিস্থতি সম্পূর্ণ বদলে দিল। স্মিথকে দেখে ক্রিজের অপর প্রান্তে থাকা হ্যারি ব্রুকেরও (Harry Brook) আত্মবিশ্বাস বেড়ে গেল। এই দুই ব্যাটারই শতরান করলেন। কোণঠাসা অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে ভালো জায়গায় পৌঁছে গেল ইংল্যান্ড। শুক্রবার এজবাস্টন (Edgbaston) টেস্ট ম্যাচের তৃতীয় দিনের শুরুতে মনে হচ্ছিল ইংল্যান্ডকে দ্রুত অলআউট করে দেবে ভারতীয় দল। কিন্তু স্মিথ ও ব্রুকের দাপটে ফলো-অন এড়াতে সক্ষম হল ইংল্যান্ড। বোলারদের জঘন্য পারফরম্যান্সে চাপে পড়ে গেল ভারতীয় দল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

৩০৩ রানের পার্টনারশিপ স্মিথ-ব্রুকের

ইংল্যান্ড ফলো-অন এড়ানো নিশ্চিত করার পর এই ইনিংসে তৃতীয় উইকেট নিলেন আকাশ দীপ (Akash Deep)। তিনি ব্রুককে ফিরিয়ে দিলেন। ২৩৪ বলে ১৭টি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারির সাহায্যে ১৫৮ রান করেন ব্রুক। তাঁর সঙ্গে স্মিথের জুটিতে ৩০৩ রান যোগ হল। ৩৮৭ রানে ষষ্ঠ উইকেট হারাল ইংল্যান্ড। ব্রুক আউট হয়ে গেলেও, দ্বিশতরানের দিকে এগিয়ে চলেছেন স্মিথ। ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার ভারতের বোলারদের সাধারণ স্তরে নামিয়ে এনেছেন। তিনি ক্রিজে যাওয়ার পর থেকেই অনায়াসে রান করে চলেছেন। তাঁর ব্যাটিং দেখে মনেই হচ্ছে না টেস্ট ম্যাচ খেলছেন।

৫৮৭ রানের পরেও চাপে ভারত!

হেডিংলি (Headingley) টেস্টে দুই ইনিংসেই ব্যাটারদের অসাধারণ পারফরম্যান্সের পর হেরে গিয়েছিল ভারতীয় দল। এজবাস্টনে প্রথম ইনিংসে ৫৮৭ রান করেছেন শুবমান গিলরা (Shubman Gill)। কিন্তু তারপরেও বোলাররা ইংল্যান্ডের ব্যাটারদের উপর চাপ বজায় রাখতে পারলেন না। এরকম হতশ্রী বোলিং হলে কোনও দলের পক্ষেই টেস্ট ম্যাচ জেতা সম্ভব নয়। এই ম্যাচে ভারতের দল বাছাই নিয়ে ফের প্রশ্ন উঠছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।