IND vs ENG U19: অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে শুক্রবার, জিম্বাবোয়ের হারারে স্পোর্টস ক্লাবে মুখোমুখি হয় ভারত বনাম ইংল্যান্ড (ind vs eng u19 world cup 2026)।

IND vs ENG U19: বিশ্বজয় ভারতের। বড়দের সঙ্গে সঙ্গে এবার ছোটরাও নিজেদের জাত চেনাল (india vs england u19)। সেই সুবাদেই আবারও ওয়ার্ল্ড কাপ ভারতের। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে শুক্রবার, জিম্বাবোয়ের হারারে স্পোর্টস ক্লাবে মুখোমুখি হয় ভারত বনাম ইংল্যান্ড (ind vs eng u19 world cup 2026)। সেই ম্যাচে ১০০ রানে জয় পেল টিম ইন্ডিয়া। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

এই ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। আর ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় তারা। বলা চলে, রানের পাহাড় গড়ে টিম ইন্ডিয়া। নেপথ্যে তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীর দাপুটে ব্যাটিং। কার্যত, বিধ্বংসী ব্যাটিং এবং ২২ গজে যেন তিনি রীতিমতো তাণ্ডব চালালেন। উপহার দিলেন ৮০ বলে ১৭৫ রানের দাপুটে ইনিংস। 

বিশ্বকাপ জয় টিম ইন্ডিয়ার

বোলারদের রীতিমতো কালঘাম ছুটিয়ে দেন তিনি। বৈভবের ইনিংসে ছিল ১৫টি চার এবং ১৫টি ছয়। ভাবা যায়? স্ট্রাইক রেট ২১৮.৭৫। যেন পুরো টি-২০ ক্রিকেটের ঢঙে ওয়ান ডে খেললেন। উপহার দিলেন ৮০ বলে ১৭৫ রানের অনবদ্য ইনিংস। অধিনায়ক আয়ুষ মাত্রেকে সঙ্গে নিয়ে গড়েন ১৪২ রানের পার্টনারশিপ এবং বেদান্ত ত্রিবেদীকে নিয়ে গড়েন ৮৯ রানের পার্টনারশিপ। সেই সুবাদেই ভারত বড় স্কোর খাড়া করে ফাইনালে।

দলের আরেক ওপেনার অ্যারন জর্জ ফিরে যান মাত্র ২৬ রানে। অন্যদিকে, অধিনায়ক আয়ুষ মাত্রেও বেশ ভালো খেলেন। তিনি করেন ৫৩ রান। সেইসঙ্গে, বেদান্ত ত্রিবেদীর ঝুলিতে ৩২ রান, ভিহান মালহোত্রার সংগ্রহে ৩০ রান এবং উইকেটকিপার-ব্যাটার অভিজ্ঞান কুণ্ডু ৪০ রান যোগ করেন স্কোরবোর্ডে।

পাশাপাশি শেষদিকে নেমে আরএস অম্বরিশ করেন ১৮ রান, খিলান প্যাটেলের ঝুলিতে ৩ রান এবং হেনিল প্যাটেলের সংগ্রহে ৫ রান। তবে কনিষ্ক চৌহানের প্রশংসাও করতেই হয়। তিনি ২০ বলে ৩৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। নির্ধারিত ৫০ ওভারে, ৯ উইকেট হারিয়ে ৪১১ রান তোলে ভারত। ইংল্যান্ডের হয়ে ৩টি উইকেট নেন জেমস মিন্টো। এছাড়া ২টি করে উইকেট পেয়েছেন সেবাস্টিয়ান মরগ্যান এবং অ্যালেক্স গ্রিন। ১টি উইকেট ম্যানি লুমসডেনের দখলে। জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪১২ রান।

ভারত জয় ছিনিয়ে নিল ১০০ রানে

আর ব্যাট করতে নেমেই, বিপাকে পড়ে তারা। প্রাথমিকভাবে শুরুটা ভালো হলেও, তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ওপেনার জোসেফ মুরস ফিরে যান মাত্র ১৭ রানে।

 বেন ডকিন্স অনেকটা লড়াই করেন। তাঁর সংগ্রহে ৬৬ রান। অন্যদিকে, বেন মায়েসের ঝুলিতে ৪৫ রান, অধিনায়ক এবং উইকেটকিপার-ব্যাটার টমাস রিউ করেন ৩১ রান ও ফারহান আহমেদ ১ রান যোগ করেন স্কোরবোর্ডে।

র‍্যালফি অ্যালবার্ট এবং সেবাস্টিয়ান মরগ্যা খালি হাতে প্যাভিলিয়নে ফিরে যান। জেমস মিন্টো করেন ২৮ রান এবং ম্যানি লুমসডেনের ঝুলিতে ৩ রান।

তবে ক্যালেব ফ্যালকনারের প্রশংসা করতেই হয়। সেঞ্চুরি করেন এই ব্যাটার। খেলেন ৬৭ বলে ১১৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। তবে ভারতের রানের কাছে এই অসাধারণ ইনিংস কিছুই নয়। তবে অ্যালেক্স গ্রিন কোনও রান করতে পারেননি।

৪০.২ ওভারে, ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায় ৩১১ রানে। ভারতের হয়ে ৩ উইকেট নেন আরএস অম্বরিশ। ২টি করে উইকেট পেয়েছেন দীপেশ দেবেন্দ্রন এবং কনিষ্ক চৌহান। ১টি উইকেট খিলান প্যাটেলের দখলে।

ভারত জয় ছিনিয়ে নিল ১০০ রানে। ম্যাচের সেরা বৈভব সূর্যবংশী। টুর্নামেন্টের সেরাও তিনি। 

দুই দলের প্রথম একাদশ

ভারতঃ অ্যারন জর্জ, বৈভব সূর্যবংশী, আয়ুষ মাত্রে (অধিনায়ক), ভিহান মালহোত্রা, বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুন্ডু (উইকেটকিপার-ব্যাটার), আরএস অম্বরিশ, কনিষ্ক চৌহান, খিলান প্যাটেল, হেনিল প্যাটেল, দীপেশ দেবেন্দ্রন

ইংল্যান্ডঃ বেন ডকিন্স, জোসেফ মুরস, বেন মায়েস, টমাস রিউ (অধিনায়ক এবং উইকেটকিপার-ব্যাটার), ক্যালেব ফ্যালকনার, র‍্যালফি অ্যালবার্ট, ফারহান আহমেদ, সেবাস্টিয়ান মরগ্যান, জেমস মিন্টো, ম্যানি লুমসডেন, অ্যালেক্স গ্রিন

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।