India vs New Zealand T20I Series: চলতি নিউজিল্যান্ড সফরে টি-২০ সিরিজের প্রথম তিন ম্যাচেই জয় পেয়ে সিরিজের দখল নিয়েছে ভারতীয় দল। শুক্রবার ছিল চতুর্থ টি-২০ ম্যাচ। এই ম্যাচে আর জয় পেল না ভারত। ফলে ব্যবধান কমাল কিউয়িরা। ভারতের এই হারে অবশ্য সিরিজের ফলে কোনও প্রভাব পড়ছে না। পঞ্চম তথা শেষ ম্যাচ জিতে সিরিজ ৪-১ করার লক্ষ্যে খেলতে নামবে ভারত।

DID YOU
KNOW
?
নিউজিল্যান্ডে বিরাট-রোহিত
ভারতীয় ক্রিকেট দলের দুই কিংবদন্তি ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলি সম্ভবত শেষবার নিউজিল্যান্ড সফরে গিয়েছেন। তাঁরা ওডিআই সিরিজে খেলবেন।

India tour of New Zealand 2026: অকল্যান্ডের (Auckland) ইডেন পার্কে (Eden Park) নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে ৮৭ রানে হেরে গেল ভারতীয় দল। এদিন টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে সাত উইকেট হারিয়ে ২৫৯ রান করে নিউজিল্যান্ড। জবাবে নয় উইকেট হারিয়ে ১৭২ রান তুলেই থেমে যায় ভারতীয় দল। এই সিরিজে ভারতের বোলিং বিভাগ ধারাবাহিকভাবে খারাপ পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছে। এদিনও তার ব্যতিক্রম হল না। ব্যাটারদের অসাধারণ লড়াইয়ের সুবাদেই প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ দখল করেছে ভারত। শুক্রবারের ম্যাচে ব্যাটাররা দলকে জেতানোর মতো পারফরম্যান্স দেখাতে পারলেন না। এর ফলেই চতুর্থ ম্যাচের পর সিরিজের ফল হল ৩-১। রবিবার হ্যামিলটনের (Hamilton) সেডন পার্কে (Seddon Park) টি-২০ সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচ। সেই ম্যাচ জিতে ভালোভাবে সিরিজ শেষ করাই ভারতীয় দলের লক্ষ্য থাকবে।

নিউজিল্যান্ডের নায়ক গ্লেন ফিলিপস

এদিন নিউজিল্যান্ডের ব্যাটারদের মধ্যে সেরা পারফরম্যান্স দেখান গ্লেন ফিলিপস (Glenn Phillips)। চার নম্বরে ব্যাটিং করতে নেমে ৪৯ বলে ১০৭ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ছয়টি বাউন্ডারি ও ১০টি ওভার-বাউন্ডারি। ফিলিপসকে যোগ্য সঙ্গত করেন ছয় নম্বরে ব্যাটিং করতে নামা মাইকেল ব্রেসওয়েল (Michael Bracewell)। তিনি ২৫ বলে ৬৫ রান করেন। তাঁর ইনিংসে ছিল চারটি বাউন্ডারি ও ছয়টি ওভার-বাউন্ডারি। ওপেনার টিম সিফার্ট (Tim Seifert) তিন রান করে আউট হয়ে যান। সেই সময় মনে হচ্ছিল ম্যাচের শুরুতেই উইকেট পেয়ে দাপট দেখাতে পারবেন ভারতের বোলাররা। কিন্তু ফিলিপস ক্রিজে যাওয়ার পরেই ম্যাচের পরিস্থিতি বদলে যায়। ময়াঙ্ক যাদব (Mayank Yadav) ৪৮ রান দিয়ে তিন উইকেট নিলেও, তা দলের কাজে লাগল না।

ভারতের ইনিংসে অর্ধশতরান নেই

এদিন ভারতের কোনও ব্যাটারই অর্ধশতরান করতে পারেননি। সর্বাধিক ৩৫ রান করেন তিলক ভার্মা (Tilak Varma)। নমন ধীর (Naman Dhir) করেন ২৮ রান। অভিষেক শর্মা (Abhishek Sharma) ২৭ রান করেন। অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) ২২ রান করেন। গত ম্যাচে ভালো ব্যাটিং করা বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) পরিবর্তে খেলতে নামা ঈশান কিষান (Ishan Kishan) তিন বল খেলে রান করার আগেই আউট হয়ে যান।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।