M. Chinnaswamy Stadium: গত আইপিএল-এর (IPL 2025) পর বেঙ্গালুরুতে পদপিষ্টের (Bengaluru Stampede) ঘটনার জেরে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচ বন্ধ হয়ে যায়। তবে এবারের আইপিএল-এ (IPL 2026) চিন্নাস্বামীতে ফিরছে ক্রিকেট। এখানে আইপিএল ম্যাচ আয়োজনের জন্য প্রয়োজনীয় ছাড়পত্র পেয়েছে কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থা।
KNOW
IPL 2026: বেঙ্গালুরুর (Bengaluru) এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M. Chinnaswamy Stadium) এবারের আইপিএল-এর ম্যাচ আয়োজনের জন্য প্রয়োজনীয় ছাড়পত্র পেয়ে গেল কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থা (Karnataka State Cricket Association)। কর্ণাটক সরকার (Government of Karnataka) চিন্নাস্বামীতে ম্যাচ আয়োজনের অনুমতি দিয়েছে। আগেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল, চিন্নাস্বামীতেই হোম ম্যাচ খেলার অনুমতি পাবে গতবারের আইপিএল (IPL 2025) চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। সোমবার এ বিষয়ে যাবতীয় জটিলতা কেটে গেল। ২৮ মার্চ এবারের আইপিএল-এর উদ্বোধনী ম্যাচ হতে চলেছে। চিন্নাস্বামীতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে আরসিবি (Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad)। বিরাট কোহলিদের (Virat Kohli) ঘরের মাঠে এই ম্যাচ খেলা নিয়ে আর কোনও সংশয় নেই। এই খবরে বেঙ্গালুরুর ক্রিকেটপ্রেমীরা খুব খুশি।
চিন্নাস্বামীতে পরিকাঠামো সংস্কার
কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থার সচিব সন্তোষ মেনন (Santosh Menon) জানিয়েছেন, গত শুক্রবার বিশেষজ্ঞ কমিটি চিন্নাস্বামী পরিদর্শন করেছে। এই স্টেডিয়ামে যে প্রয়োজনীয় পরিকাঠামোগত সংস্কার করা হয়েছে, তা খতিয়ে দেখেছেন বিশেষজ্ঞরা। তাঁদের সামনে ক্রিকেট ম্যাচ আয়োজনের যাবতীয় বিষয় তুলে ধরা হয়। কর্ণাটক সরকারকে এ বিষয়ে অবহিত করা হয়। এরপরেই চিন্নাস্বামীতে আইপিএল ম্যাচ আয়োজনের সবুজ সঙ্কেত পাওয়া গিয়েছে। কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী ড. জি পরমেশ্বরের (Home Minister of Karnataka, Dr. G. Parameshwar) নেতৃত্বে বিধান সৌধে (Vidhana Soudha) বিশেষজ্ঞ কমিটি, কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থা, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও ডিএনএ-র প্রতিনিধিদের বৈঠক হয়। এই বৈঠকে বিশেষজ্ঞ কমিটি এম চিন্নাস্বামী স্টেডিয়ামের প্রস্তুতি ও ব্যবস্থাপনার বিষয়ে রিপোর্ট পেশ করে। বিশেষজ্ঞ কমিটির সুপারিশ এবং যাবতীয় ব্যবস্থাপনা খতিয়ে দেখে স্বরাষ্ট্রমন্ত্রী বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আসন্ন আইপিএল ম্যাচ আয়োজনের অনুমতি দিয়েছেন।’
খেতাব ধরে রাখার লক্ষ্যে বিরাটরা
গতবার প্রথমবার আইপিএল খেতাব জিতেছে আরসিবি। এবার খেতাব ধরে রাখাই বিরাটদের লক্ষ্য। ঘরের মাঠে সেই লক্ষ্যেই খেলতে নামছেন বিরাটরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


