IPL 2026: ইডেনে খেলতে দেখা যাবে না ধোনি-কোহলিকে? আইপিএল-এর আগেই মন খারাপ ফ্যানদের
IPL 2026-এর সম্পূর্ণ সূচি ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই। তবে বিরাট কোহলি এবং এমএস ধোনির ফ্যানদের জন্য খারাপ খবর। এই সিজনে কলকাতার ইডেন গার্ডেন্সে এই দুই কিংবদন্তি একটিও ম্যাচ খেলতে নামবেন না।

কলকাতার ইডেন গার্ডেন্সে খেলতে আসতে পারবেন না
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) ১৯তম সিজনের কাউন্টডাউন শুরু। বিসিসিআই ইতিমধ্যেই আইপিএল ২০২৬-এর সম্পূর্ণ সূচি প্রকাশ করেছে। এই মেগা টুর্নামেন্ট আগামী ২৮ মার্চ থেকে শুরু হয়ে ৩১ মে পর্যন্ত চলবে। তবে এই সিজনের সূচি অনুযায়ী, চেন্নাই সুপার কিংস (CSK)-এর তারকা এমএস ধোনি এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-র কিংবদন্তি বিরাট কোহলি এবার কলকাতার ইডেন গার্ডেন্সে খেলতে আসতে পারবেন না। ফলে, এই দুই তারকা ক্রিকেটারকে এবার দেখা যাবে না কলকাতায়।
ইডেন গার্ডেন্সে নেই ধোনি-কোহলি?
আইপিএল-এর ইতিহাসে অন্যতম জনপ্রিয় স্টেডিয়াম হল কলকাতার ইডেন গার্ডেন্স। কিন্তু ২০২৬ সালের সূচি অনুযায়ী, এমএস ধোনির চেন্নাই সুপার কিংস বা বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কেউই এই মাঠে একটিও ম্যাচ খেলবে না। সূচির পরিবর্তনের ফলে, কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে তাদের অ্যাওয়ে ম্যাচগুলি অন্য স্টেডিয়ামে স্থানান্তরিত করা হয়েছে।
ম্যাচের সংখ্যায় কোনও বদল নেই
প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল যে, আইপিএল ২০২৬-এর ম্যাচের সংখ্যা বেড়ে ৮৪ হতে পারে। কিন্তু বিসিসিআই তাদের পুরনো পদ্ধতিতেই চলার সিদ্ধান্ত নিয়েছে। এই সিজনেও মোট ৭৪টি ম্যাচ হবে, যার মধ্যে ৭০টি লিগ পর্বের এবং বাকি ৪টি প্লে-অফ এবং ফাইনাল। প্রতিটি দল লিগ পর্বে ১৪টি করে ম্যাচ খেলবে। টুর্নামেন্টের প্রথম ম্যাচ এবং ফাইনাল, দুটিই বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে।
১২টি শহরে হবে আইপিএল ২০২৬
এবারের আইপিএল দেশের মোট ১২টি শহরে অনুষ্ঠিত হবে। বেঙ্গালুরু, মুম্বই, চেন্নাই, কলকাতা, দিল্লি, আহমেদাবাদ, হায়দ্রাবাদ, লখনউ, জয়পুর, ধর্মশালা, রায়পুর এবং নিউ চণ্ডীগড়ে ম্যাচগুলি খেলা হবে। এই সিজনে মোট ৮টি ডাবল হেডার (একই দিনে দুটি ম্যাচ) থাকবে। দুপুরের ম্যাচগুলি শুরু হবে ৩:৩০ মিনিটে এবং রাতের ম্যাচগুলি শুরু হবে সন্ধ্যা ৭:৩০ মিনিটে।
মুম্বই বনাম চেন্নাই, হাই-ভোল্টেজ লড়াই কবে?
আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে সফল দুটি দল হল মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। সেই লড়াই দেখার জন্য ফ্যানেরা কার্যত, মুখিয়ে আছেন। সূচি অনুযায়ী, ২৩ এপ্রিল এই দুই দল প্রথমে মুম্বইতে মুখোমুখি হবে। এরপর ২ মে, চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে তাদের দ্বিতীয় ম্যাচটি খেলা হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।