Mumbai Ranji Trophy Team: রঞ্জি ট্রফির ইতিহাসে সফলতম দল মুম্বই। এই দল নিয়ে প্রতি মরসুমেই আগ্রহ থাকে। এবারের রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের প্রথম ম্যাচের আগে দল ঘোষণায় চমক দেখা যাচ্ছে। তারকা ব্যাটার সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) প্রথম ম্যাচের দলে রাখা হল না। জল্পনা চলছে, সূর্যকুমারকে হয়তো আর রঞ্জি ট্রফিতে খেলার সুযোগ দেওয়া হবে না।
KNOW
Mumbai Cricket Team: এবারের রঞ্জি ট্রফিতে (Ranji Trophy 2026-27) নিজেদের প্রথম ম্যাচের জন্য ঘোষিত মুম্বইয়ের ১৬ সদস্যের দলে রাখা হল না সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। এই তারকা ব্যাটার নিজে রঞ্জি ট্রফিতে খেলতে চেয়েছিলেন। তিনি দলে থাকার ইচ্ছাপ্রকাশ করে নির্বাচকদের বার্তা পাঠিয়েছিলেন। কিন্তু তারপরেও চণ্ডীগড়ের (Chandigarh) বিরুদ্ধে ম্যাচে সূর্যকুমারকে রাখা হল না। রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) শুরু হবে মুম্বই-চণ্ডীগড় ম্যাচ। এবারের রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের অধিনায়ক সিদ্ধেশ লাড (Siddhesh Lad)। সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক আয়ুষ মাত্রে (Ayush Mhatre)। আইপিএল-এ (IPL 2026) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে খেলার সময় চোট পান এই কিশোর। তবে তিনি এখন ফিট হয়ে উঠেছেন। এই কারণেই তাঁকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হল।
সূর্যকুমারের ভবিষ্যৎ কী?
বয়স মাত্র ১৯ বছরের হলেও ভবিষ্যতের অধিনায়ক হিসেবে মাত্রের কথা ভাবছেন মুম্বইয়ের নির্বাচকেরা। এই কিশোর নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন। তাঁকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে দেখছেন নির্বাচকরা। সূর্যকুমারকে দলে ফেরানো হবে কি না, সে বিষয়ে ধোঁয়াশা বজায় রয়েছে। মুম্বইয়ের প্রধান নির্বাচক রাজেশ পাওয়ার বলেছেন, ‘সূর্যকুমার নিঃসন্দেহে বড় ম্যাচের খেলোয়াড় এবং মুম্বইয়ের প্রমাণিত পারফর্মার। আমরা শুধু চাই, কয়েকটি লাল বলের ম্যাচ খেলে ও ছন্দে ফিরুক। সূর্য গত ১৮ মাস কোনও লাল বলের ম্যাচ খেলেনি। তাই আমরা চাই, আগে কয়েকটি ম্যাচ খেলুক, তার পর দলে ফিরুক।’ চলতি বছরের জুনে মুম্বই টি-২০ লিগের পর থেকে কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি সূর্যকুমার। চলতি বছরের টি-২০ বিশ্বকাপ (ICC Men's T20 World Cup 2026) জয়ের পর ভারতের টি-২০ দলের অধিনায়কত্ব থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হয়। তারপর থেকে জাতীয় দলেও সুযোগ পাচ্ছেন না এই তারকা।
মুম্বই দলে নেই শার্দুলও
রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে মুম্বই দলে নেই আরও এক অভিজ্ঞ ক্রিকেটার শার্দুল ঠাকুর (Shardul Thakur)। এই অলরাউন্ডারের আঙুলের চোট এখনও সারেনি। এই কারণেই তাঁকে দলে রাখা হয়নি। অন্যদিকে, জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) বিরুদ্ধে ইরানি কাপ (Irani Cup) জয়ী অবশিষ্ট ভারতীয় দলের হয়ে খেলার পর মুম্বই দলে ফিরেছেন সরফরাজ খান (Sarfaraz Khan)। ভারত ‘এ’-র হয়ে অস্ট্রেলিয়া ‘এ’-র বিরুদ্ধে আনঅফিশিয়াল টেস্ট সিরিজে দারুণ পারফর্ম করা শামস মুলানিকেও (Shams Mulani) দলে রাখা হয়েছে। ভারত ‘এ’ ওই সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিল। মুম্বই ও চণ্ডীগড় রয়েছে এলিট গ্রুপ ডি-তে। এই গ্রুপের অন্য দলগুলি হল হরিয়ানা, রাজস্থান, রেলওয়েজ, তামিলনাড়ু এবং উত্তরাখণ্ড।
চণ্ডীগড়ের বিরুদ্ধে মুম্বইয়ের দল
সিদ্ধেশ লাড (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, আয়ুষ মাত্রে (সহ-অধিনায়ক), দিব্যাংশ সাক্সেনা, মুশির খান, সরফরাজ খান, সুভেদ পার্কার, আকাশ আনন্দ (উইকেটকিপার), হার্দিক তামোরে (উইকেটকিপার), শামস মুলানি, তনুশ কোটিয়ান, অথর্ব আনকোলেকর, তুষার দেশপাণ্ডে, মোহিত অবস্তি, সিলভেস্টার ডি’সুজা, ওঙ্কার তারমালে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


