2027 Cricket World Cup: এক বছর পর শুরু হতে চলেছে ওডিআই বিশ্বকাপ। এই টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি রোহিত শর্মা (Rohit Sharma) বিরাট কোহলিকে (Virat Kohli) খেলার সুযোগ দেওয়া হবে কি না, সে বিষয়ে জল্পনা চলছে। এরই মধ্যে বিশ্বকাপে খেলা নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন রোহিত।

DID YOU
KNOW
?
রোহিতের পাশে বিসিসিআই
রোহিত শর্মার অবসর নিয়ে জল্পনা চললেও, প্রকাশ্যেই তাঁর পাশে দাঁড়িয়েছে বিসিসিআই সচিব, সহ-সভাপতি।

Indian Cricket Team: এখনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন না। ২০২৭ ওডিআই বিশ্বকাপে (2027 Cricket World Cup) খেলতে চাইছেন রোহিত শর্মা (Rohit Sharma)। ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজের প্রস্তুতি নিচ্ছেন ভারতের তারকা ওপেনার। ভারতীয় দলে তাঁর ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। আগামী বছরের ওডিআই বিশ্বকাপ শুরু হওয়ার সময় রোহিতের বয়স হবে ৪০ বছর। জাতীয় দলের হয়ে এখন শুধু ওডিআই ফর্ম্যাটেই খেলছেন রোহিত। টেস্ট ও টি-২০ ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন এই কিংবদন্তি। ভারতের ওডিআই দলে রোহিতের ভবিষ্যৎ নিয়ে জল্পনা বেড়েছে। ২০২৭ সালের বিশ্বকাপের প্রস্তুতির আগে বিসিসিআই (BCCI) কর্তারা ও নির্বাচকেরা ওপেনিংয়ে পরিবর্তনের কথা ভাবতে পারেন, এমন কথাও শোনা গিয়েছে। তবে বিসিসিআই সেই জল্পনায় জল ঢেলে দিয়েছে। সম্প্রতি পর্যালোচনা বৈঠকের পর বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia) প্রকাশ্যেই রোহিতের পাশে দাঁড়িয়েছেন।

বিশ্বকাপে খেলার পরিকল্পনা রোহিতের

সম্প্রতি জিও হটস্টারকে দেওয়া সাক্ষাৎকারে রোহিত বলেছেন, যতদিন খেলছেন, ততদিন তাঁর সামনে লক্ষ্য থাকবে পরবর্তী বিশ্বকাপ। এই কিংবদন্তির কথায়, ‘আমার কাজ শেষ হয়ে গিয়েছে, এই ভাবনা আমার মাথায় কখনও আসবে না। আমি যতদিন খেলছি, ততদিন সামনে সবসময় কিছু না কিছু লক্ষ্য থাকবে। আমি বিশ্বকাপের দিকে তাকিয়ে আছি। আমার জন্য সামনে কী অপেক্ষা করছে, সেটাও দেখছি।’

বিশ্বকাপ জিততে চান রোহিত

২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে ভারতের অধিনায়ক ছিলেন রোহিত। দেশের মাটিতে আয়োজিত সেই বিশ্বকাপে দলকে ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিলেন তিনি। আগের বিশ্বকাপগুলির তুলনায় ব্যাটিংয়েও নিজের ভূমিকা বদলে ফেলেছিলেন রোহিত। ব্যক্তিগত রান বা দীর্ঘ ইনিংসের বদলে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে প্রতিপক্ষের উপর চাপ তৈরি করাই ছিল তাঁর লক্ষ্য। তবে ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি যে একেবারেই আলাদা হবে, সেটাও মনে করিয়ে দিয়েছেন রোহিত। তাঁর মতে, বিশ্বকাপ বা অন্য কোনও আইসিসি টুর্নামেন্টে প্রতিপক্ষ, মাঠ এবং পরিস্থিতি বদলে যাওয়ায় প্রস্তুতির ধরনও বদলাতে হয়। রোহিত বলেছেন, ‘বিশ্বকাপ যখন হয়, যখন আমরা কোনও আইসিসি টুর্নামেন্ট খেলি, তখন তার নিজস্ব কিছু চ্যালেঞ্জ থাকে। আপনাকে বিভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হয়, বিভিন্ন মাঠে খেলতে হয়। তাই আপনাকে অন্যভাবে প্রস্তুতি নিতে হয়, অন্যভাবে ভাবতে হয়। সেটাই চ্যালেঞ্জ।’ বয়স ও ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থাকলেও রোহিতের বার্তা স্পষ্ট, তিনি এখনই থামার কথা ভাবছেন না।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।