Syed Mushtaq Ali Trophy 2026: সর্বভারতীয় টি-২০ প্রতিযোগিতা সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে প্রতিদ্বন্দ্বিতার মান বেশ উঁচু। এবার এই টুর্নামেন্টের আকর্ষণ বাড়ছে। বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) থেকে সঞ্জু স্যামসন (Sanju Samson), ভারতীয় ক্রিকেটের কিশোর ও অভিজ্ঞ তারকারা এই টুর্নামেন্টে খেলার জন্য তৈরি হচ্ছেন।
Keralam Cricket Team: এবারের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy 2026) কেরলম দলের নেতৃত্বে থাকছেন তারকা উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন (Sanju Samson)। শনিবার শুরু হচ্ছে এই সর্বভারতীয় টি-২০ প্রতিযোগিতা। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, সঞ্জুর নেতৃত্বে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে কেরলম ক্রিকেট সংস্থা। শনিবার নিউ চণ্ডীগড়ের (New Chandigarh) পিসিএ স্টেডিয়ামে (PCA Stadium) মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে কেরলম। ১৮ সদস্যের দলে আছেন লাল বলের ক্রিকেটে কেরলমের অধিনায়ক বিষ্ণু বিনোদ (Vishnu Vinod) এবং অভিজ্ঞ ক্রিকেটার জলজ সাক্সেনা (Jalaj Saxena)। পাশাপাশি কেরালা ক্রিকেট লিগে (Kerala Cricket League) নজরকাড়া পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন আম্মেদ ইমরান ও অলরাউন্ডার গোবিন্দ দেব। দলে জায়গা পেয়েছেন ডান হাতি পেসার কে এম আসিফ এবং বাঁ হাতি স্পিনার বিঘ্নেশ পুথুরও।
ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে কেরলম
এবারের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে গ্রুপ সি-তে কেরলমের সঙ্গে আছে মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, অসম, হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র, পুদুচেরি ও ত্রিপুরা। গত মরশুমে সঞ্জুর নেতৃত্বেই এই টুর্নামেন্টে খেলেছিল কেরলম। তবে গ্রুপে চতুর্থ স্থানে শেষ করায় নকআউট পর্বে জায়গা করে নিতে পারেননি সঞ্জুরা। এবার ঘুরে দাঁড়িয়ে ভালো পারফরম্যান্সের সাহায্যে নক-আউটে পৌঁছে যাওয়াই কেরলমের প্রাথমিক লক্ষ্য।
ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্সের লক্ষ্যে সঞ্জু
সম্প্রতি নিউজিল্যান্ড সফরে (India tour of New Zealand 2026) টি-২০ সিরিজে ধারাবাহিকভাবে ভালো ব্যাটিং করতে পারেননি সঞ্জু। প্রথম ম্যাচে ঝোড়ো ৬৭ রানের ইনিংস খেলার পর তাঁর পরবর্তী চার ইনিংসে যথাক্রমে ১৪, ১৮, ৪ ও ৪ রান করেন। তবে সামগ্রিকভাবে চলতি বছর টি-২০ ক্রিকেটে দুর্দান্ত ছন্দে এই তারকা। ভারতের টি-২০ বিশ্বকাপ (ICC Men's T20 World Cup 2026) জয়ের পথে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন তিনি। সুপার এইট থেকে ফাইনাল পর্যন্ত টানা তিনটি অর্ধশতরান-সহ সারা প্রতিযোগিতায় তাঁর সংগ্রহ ছিল ৩১৯ রান। চলতি বছরে ৩০টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচে সঞ্জুর সংগ্রহ ৮১০ রান। গড় ২৭.৯৩ এবং স্ট্রাইক রেট ১৭৩.৪৪। রয়েছে আটটি অর্ধশতরান এবং সর্বোচ্চ ৯৭ অপরাজিত রান। অন্যদিকে, চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে আইপিএল-এ (IPL 2026) করা দু'টি শতরান ধরলে চলতি বছরে মোট ৪৪টি টি-২০ ম্যাচে সঞ্জুর রান ১,২৮৭। গড় ৩২.১৭ এবং স্ট্রাইক রেট ১৭০-এর বেশি। এই পরিসংখ্যানে রয়েছে দু'টি শতরান ও ন'টি অর্ধশতরান।
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কেরলমের ১৮ সদস্যের দল-
সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), রোহন কুন্নুম্মল, মহম্মদ আজহারউদ্দিন (উইকেটকিপার), আম্মেদ ইমরান, গোবিন্দ দেব, কৃষ্ণ দেবন, বিষ্ণু বিনোদ (উইকেটকিপার), সলমন নিজার, অখিল স্কারিয়া, নিখিল এম, বিঘ্নেশ পুথুর, বিজু নারায়ণন, কার্তিক বি নায়ার, বৈশাখ চন্দ্রন, কে এম আসিফ, নিধীশ এমডি, শরাফুদ্দিন এনএম এবং জলজ সাক্সেনা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।














