Shubman Gill Injury Update: পেশিতে চোটের জন্য শনিবার রাতে আইপিএল-এর (IPL 2026) ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে (Gujarat Titans vs Rajasthan Royals) খেলতে পারেননি গুজরাট টাইটানসের অধিনায়ক শুবমান গিল। তবে পরের ম্যাচে তিনি খেলতে পারবেন বলে আশাবাদী দল। গুজরাট টাইটানস ভালো জায়গায় নেই। ফলে অধিনায়কের মাঠে ফেরা জরুরি।
KNOW
Gujarat Titans: চোটের জন্য শনিবার রাতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে (Gujarat Titans vs Rajasthan Royals) খেলতে না পারলেও, চলতি আইপিএল-এ (IPL 2026) পরের ম্যাচেই দলে ফিরতে পারেন গুজরাট টাইটানসের অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। বুধবার দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) মুখোমুখি হবে গুজরাট টাইটানস। সেই ম্যাচে অধিনায়ক খেলতে পারবেন বলে আশায় গুজরাট শিবির। দলের ব্যাটিং কোচ পার্থিব প্যাটেল (Parthiv Patel) এবং শনিবারের ম্যাচে শুবমানের পরিবর্তে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা রশিদ খান (Rashid Khan) আশা প্রকাশ করেছেন, শুবমানের চোট গুরুতর নয় এবং তিনি দ্রুত মাঠে ফিরবেন। চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত জয় পায়নি গুজরাট টাইটানস। দুই ম্যাচেই হেরে গিয়েছে শুবমানের দল। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দল।
ঘাড়ের চোট নিয়ে সমস্যায় শুবমান
গত বছর থেকেই ঘাড়ের চোট নিয়ে সমস্যায় শুবমান। এবার তিনি নতুন করে চোট পেলেন। এ বিষয়ে পার্থিব বলেছেন, 'এর আগে ও ঘাড়ে চোট পেয়েছিল। দু'দিন আগে ও ফের চোট পায়। আশা করি ও আগামী ম্যাচের আগে ফিট হয়ে উঠবে। ওর চোট গুরুতর নয় বলেই মনে হচ্ছে। চোট সারানোর বিষয়টি আমার দায়িত্ব নয়। তবে আমি নিশ্চিতভাবে বলতে পারি, ও ফিট হয়ে উঠবে।' রশিদও আশা প্রকাশ করেছেন, পরের ম্যাচেই দলে ফিরবেন শুবমান।
পরপর হার গুজরাটের
চলতি আইপিএল-এ নিজেদের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের (Punjab Kings) কাছে তিন উইকেটে হেরে যাওয়ার পর শনিবার রাজস্থানের বিরুদ্ধে লড়াই করেও ছয় রানে হেরে গিয়েছে গুজরাট। পরপর দুই ম্যাচে হেরে গিয়ে এখন পয়েন্ট তালিকায় সাত নম্বরে শুবমানরা। যে চার দল চলতি আইপিএল-এ এখনও পয়েন্ট পায়নি, তাদের মধ্যে আছে গুজরাট। বুধবার দিল্লির বিরুদ্ধেও জিততে না পারলে চাপ বাড়বে। এই কারণে দ্রুত ফিট হয়ে উঠে মাঠে ফেরার চেষ্টা করছেন গুজরাট টাইটানসের অধিনায়ক। তিনি নিজে ভালো পারফরম্যান্স দেখানোর পাশাপাশি দলকেও জেতাতে চান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


