Shubman Gill: টি-২০ ফর্ম্যাটে নিজেকে প্রমাণ করার জন্য এবারের আইপিএল (IPL 2026) গুজরাট টাইটানসের (Gujarat Titans) অধিনায়ক শুবমান গিলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দলের দ্বিতীয় ম্যাচের আগেই চোট পেলেন এই তারকা ব্যাটার। তাঁর চোট গুরুতর কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

DID YOU
KNOW
?
শুবমানের চোট নিয়ে চিন্তা
ভারতের টেস্ট, ওডিআই দলের অধিনায়ক শুবমান গিল। এই কারণে তাঁর চোট নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

Shubman Gill Injury: চোটের জন্য শনিবার আইপিএল-এ (IPL 2026) রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে (Gujarat Titans vs Rajasthan Royals) মাঠে নামতে পারলেন না গুজরাট টাইটানসের অধিনায়ক শুবমান গিল। আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) এই ম্যাচ চলছে। শুবমান পেশিতে চোট পেয়েছেন বলে জানা গিয়েছে। তাঁর চোট গুরুতর কি না বা তিনি কবে মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এই ম্যাচে শুবমানের পরিবর্তে গুজরাটের নেতৃত্বে রশিদ খান (Rashid Khan)। শুবমানের পরিবর্তে খেলছেন ২১ বছর বয়সি উইকেটকিপার-ব্যাটার কুমার কুশাগ্র (Kumar Kushagra)। এবারের আইপিএল-এ নিজেদের প্রথম ম্যাচে হেরে গিয়েছে গুজরাট। এই কারণে শুবমানের দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে জয় না পেলে চাপ বাড়বে।

গুজরাটের টার্গেট ২১১

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag)। তাঁর দল ছয় উইকেট হারিয়ে ২১০ রান করে। সেরা ব্যাটিং করেন উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেল (Dhruv Jurel)। তিনি ৪২ বলে ৭৫ রান করেন। তাঁর ইনিংসে ছিল পাঁচটি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি। ওপেনার যশস্বী জয়সোয়ালও (Yashasvi Jaiswal) দুর্দান্ত ব্যাটিং করেন। তিনি ৩৬ বলে ৫৫ রান করেন। এই তরুণ ব্যাটার ছয়টি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি মারেন। অপর ওপেনার বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) ১৮ বলে ৩১ রান করেন। তাঁর ইনিংসে ছিল পাঁচটি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি। শিমরন হেটমায়ার (Shimron Hetmyer) আট বলে ১৮ রান করেন।

নিজেকে প্রমাণ করার লক্ষ্যে কুশাগ্র

২০২৪ সালের আইপিএল-এ (IPL 2024) দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে চার ম্যাচে খেলার সুযোগ পান কুশাগ্র। তবে তাঁর পক্ষে বিশেষ কিছু করা সম্ভব হয়নি। এবারের আইপিএল-এর নিলামে (IPL 2026 Auction) এই তরুণকে ৬৫ লক্ষ টাকা দিয়ে দলে নেয় গুজরাট টাইটানস। টি-২০ ফর্ম্যাটে এখনও পর্যন্ত ৩০ ইনিংসে ৬৭৬ রান করেছেন কুশাগ্র। তাঁর ব্যাটিংয়ের গড় ২৮.১৬ এবং স্ট্রাইক রেট ১৪৫.৬৮। তিনি পাঁচবার অর্ধশতরান করেছেন। টি-২০ ফর্ম্যাটে তাঁর সর্বাধিক স্কোর অপরাজিত ৮৬।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।