US-Israel Strikes Iran: ইরানে একযোগে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল। অন্যদিকে, পাকিস্তান-আফগানিস্তান (Pakistan-Afghanistan War) সীমান্তেও যুদ্ধ পরিস্থিতি। ফলে পশ্চিম এশিয়ায় উদ্বেগ তৈরি হয়েছে।
KNOW
2026 ICC Men's T20 World Cup: টি-২০ বিশ্বকাপে সুপার এইট পর্যায়ের খেলা প্রায় শেষ। এবার ভারত ও শ্রীলঙ্কা (Sri Lanka) থেকে দেশে ফিরে যাবেন বিভিন্ন দেশের ক্রিকেটাররা। কিন্তু তাঁরা কোন পথে ফিরবেন? একদিকে, পাকিস্তান-আফগানিস্তানের সীমান্ত সংঘর্ষ (Pakistan-Afghanistan War) যুদ্ধের আকার নিয়েছে। অন্যদিকে, ইরানে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল (US-Israel Attacks Iran)। ফলে পশ্চিম এশিয়ার আকাশপথ এখন উত্তপ্ত। এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়ার বদলে অন্য কোন পথে উড়ানে নিজেদের দেশে ফিরতে পারেন ক্রিকেটাররা, সে বিষয়ে আলোচনা করছে আইসিসি। ক্রিকেটারদের নিরাপত্তার উপর জোর দেওয়া হচ্ছে। তাঁরা যাতে কোনওরকম সমস্যায় না পড়েন, তাঁদের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করছে আইসিসি।
সব পরিস্থিতি খতিয়ে দেখছে আইসিসি
আইসিসি-র এক মুখপাত্র জানিয়েছেন, 'আমাদের ইভেন্টের সঙ্গে যুক্ত প্রত্যেকের সুরক্ষা ও কল্যাণের উপর আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আমরা ইতিমধ্যেই আমাদের ভ্রমণ, লজিস্টিকস ও নিরাপত্তা বিষয়ক দলকে সতর্ক করে দিয়েছি। সবাই যাতে নিরাপদে এবং কোনওরকম সমস্যা ছাড়া বাড়ি ফিরতে পারেন, সেই ব্যবস্থা করা হচ্ছে।' শুধু ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ, আম্পায়াদেরই নয়, দর্শকদেরও সতর্ক করে দিয়েছে আইসিসি। এ বিষয়ে আইসিসি-র মুখপাত্র বলেছেন, ‘যে দর্শকরা টি-২০ বিশ্বকাপ দেখতে এসেছেন বা আসার পরিকল্পনা করেছেন, তাঁদের কাছে আমাদের আর্জি, পরিস্থিতির উপর নজর রাখুন, নিরাপত্তা বিষয়ক পরামর্শ ও সতর্কতার দিকে নজর রাখুন এবং আন্তর্জাতিক ভ্রমণের আগে সবদিক বিবেচনা করুন।’
দুবাই হয়ে ফিরতে পারবেন ক্রিকেটাররা?
ইরানের পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহির (UAE) পরিস্থিতিও উত্তপ্ত হয়ে উঠেছে। ফলে ক্রিকেটারদের পক্ষে দুবাই (Dubai) হয়ে দেশে ফেরা ঝুঁকির হতে পারে। এই পরিস্থিতিতে অন্য কোন পথে ক্রিকেটারদের দেশে ফেরানো যায়, সে বিষয়ে আলোচনা করছে আইসিসি। যুদ্ধ পরিস্থিতিতে কাউকে যাতে সমস্যায় না পড়তে হয়, সেটা নিশ্চিত করার চেষ্টা করছে আইসিসি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


