East Bengal FC vs Punjab FC: বুধবার আইএফএ শিল্ডের (IFA Shield 2026) ম্যাচে নিজেদের মাঠে পাঞ্জাব এফসি-র মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। যথারীতি এই ম্যাচেও প্রথম একাদশে মূল দলের সবাইকে রাখা হয়নি। তবে সিনিয়র দলের কয়েকজন ফুটবলারকে খেলানো হয়। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। পাঞ্জাবের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল।
KNOW
IFA Shield 2026: আইএফএ শিল্ডে নিজেদের প্রথম ম্যাচে কলকাতা কাস্টসম ক্লাবের (Calcutta Customs Club) বিরুদ্ধে পিছিয়ে পড়েও জয় পেলেও, বুধবার দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব এফসি-র কাছে হেরে গেল ইস্টবেঙ্গল (East Bengal FC vs Punjab FC)। ইস্টবেঙ্গলের ঘরের মাঠে ম্যাচের ফল ০-১। ৪১ মিনিটে মেসি বাউলির কাছ থেকে বল পেয়ে ম্যাচের একমাত্র গোল করেন দিয়েগো রাপোসো। লাল-হলুদের প্রাক্তনী মেসি বাউলি এদিন অসাধারণ পারফরম্যান্স দেখালেন। তিনি বারবার লাল-হলুদ রক্ষণে আতঙ্ক তৈরি করলেন। তাঁর জন্যই গোল পেল পাঞ্জাব। গোলের ক্ষেত্রে অবশ্য ইস্টবেঙ্গলের রক্ষণের ভুলও ছিল। বল বিপদমুক্ত করতে পারেননি লালচুংনুঙ্গা। সেই বল ধরেই রাপোসোর দিকে বাড়িয়ে দেন মেসি বাউলি। পাঞ্জাবের ব্রাজিলিয়ান তারকা রাপোসোকে বাধা দিতে পারেননি বরিস সিং থঙ্গজম। গোল হজম করার পর সমতা ফেরাতে পারল না ইস্টবেঙ্গল। তার ফলেই হারতে হল।
প্রথম একাদশ নিয়ে দ্বিধার খেসারত?
ইস্টবেঙ্গলের সিনিয়র দলের প্রধান কোচ অ্যান্টনিও লোপেজ হাবাস (Antonio López Habas) আইএফএ শিল্ডে সিনিয়র দলের কাউকে খেলাতে রাজি ছিলেন না। কাস্টমসের বিরুদ্ধে কোনও বিদেশি ফুটবলারকে খেলানো হয়নি। তবে পাঞ্জাবের বিরুদ্ধে ফুরবা টেম্পা লাচেপা, লালচুংনুঙ্গা, রোহিত কুমার, ক্রিস্টোফার জেমস ইকনমিডিস, ডেভিড লালহ্লানসাঙ্গা, বরিস সিং, নরেন্দর গেহলট, রোহিত দানু, রেনিয়ার ফার্নান্ডেজ, দিয়েগো জিভুলিচ ও মহম্মদ আসিফকে রাখা হয়। কিন্তু রক্ষণের পাশাপাশি আক্রমণেও ভালো পারফরম্যান্স দেখা গেল না। আইএফএ শিল্ডকে গুরুত্ব দিচ্ছেন না হাবাস। প্রথম একাদশ নিয়ে টালবাহানার ফলেই হয়তো পাঞ্জাবের বিরুদ্ধে হারতে হল ইস্টবেঙ্গলকে।
শিল্ড সেমি-ফাইনালে কলকাতা ডার্বি?
এবারের ডুরান্ড কাপ (Durand Cup 2026) ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টকে (Mohun Bagan Super Giant) ৪-১ উড়িয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল। আইএফএ শিল্ড ফাইনালে ফের কলকাতা ডার্বির (Kolkata Derby) পরিস্থিতি তৈরি হয়েছে। সেই ম্যাচে অবশ্য ইস্টবেঙ্গলের সিনিয়র দলের সব ফুটবলার খেলবেন কি না, তা স্পষ্ট নয়।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


