East Bengal FC Vs Odisha FC: এবারের আইএসএল-এ (Indian Super League 2026) অন্যান্য মরসুমের তুলনায় ভালো পারফরম্যান্স দেখাচ্ছে ইস্টবেঙ্গল। মঙ্গলবার গোয়ার (Goa) মাটিতে ওড়িশা এফসি-র বিরুদ্ধে ম্যাচে সহজ জয় পেল লাল-হলুদ ব্রিগেড। এই জয়ের ফলে চলতি আইএসএল-এ চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকল ইস্টবেঙ্গল।
KNOW
Indian Super League 2026: নয় ম্যাচ খেলে ১৮ পয়েন্ট। লিগ টেবলে অবস্থান চার নম্বরে। আইএসএল-এ যোগ দেওয়ার পর থেকে কোনও মরসুমেই এত ভালো অবস্থানে থাকতে পারেনি ইস্টবেঙ্গল (East Bengal FC)। মঙ্গলবার ওড়িশা এফসি-কে (Odisha FC) সহজেই ৩-০ উড়িয়ে দিল লাল-হলুদ ব্রিগেড। পরিবর্ত ফুটবলার হিসেবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে জোড়া গোল করলেন ইউসেফ এজ্জেজারি (Youssef Ezzejjari)। তার আগে প্রথম গোল করেন বিপীন সিং (Bipin Singh Thounaojam)। এদিন দুলকি চালে খেলে লাল-হলুদ ব্রিগেড। তাতেই জয় এল। এদিন দলে ছিলেন না নির্ভরযোগ্য সেন্টার-ব্যাক আনোয়ার আলি (Anwar Ali)। নির্বাসিত থাকায় মাঠের বাইরে ব্রাজিলিয়ান (Brazilian) মিডফিল্ডার মিগুয়েল ফিগুইরা (Miguel Figueira)। কিন্তু তা সত্ত্বেও সহজ জয় পেল ইস্টবেঙ্গল। পরের ম্যাচে প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। সেই ম্যাচ অত্যন্ত কঠিন হতে চলেছে। তার আগে সহজ জয় পাওয়ায় অস্কার ব্রুজোঁর (Óscar Bruzón) দলের আত্মবিশ্বাস বেড়ে গেল।
দাপট দেখিয়ে জয়
এদিন ম্যাচের ১১ মিনিটে প্রথম গোল পায় ইস্টবেঙ্গল। লেফট উইংয়ে বিষ্ণু পিভি-কে (Vishnu PV) বল বাড়ান এডমুন্ড লালরিনডিকা (Edmund Lalrindika)। অসাধারণ টার্নিংয়ে ওড়িশার ডিফেন্ডারদের বোকা বানিয়ে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন বিষ্ণু। এরপর তিনি বক্সে ফাঁকায় দাঁড়িয়ে থাকা বিপীনের উদ্দেশে মাটি ঘেঁষা মাইনাস করেন। বিপীন ডান পায়ের আলতো ছোঁয়ায় জালে বল জড়িয়ে দেন। প্রথমার্ধের শেষে ১-০ এগিয়েছিল ইস্টবেঙ্গল। ৬৭ মিনিটে অ্যান্টন সয়বার্গের (Anton Søjberg) পরিবর্তে মাঠে নামেন ইউসেফ। মাঠে নামার তিন মিনিটের মধ্যেই নিজের প্রথম এবং দলের দ্বিতীয় গোল করেন এই স্ট্রাইকার। লেফট উইং থেকে জয় গুপ্তার (Jay Gupta) মাইনাস থেকে আসা বল ওড়িশার গোলকিপার অনুজ কুমারের (Anuj Kumar) হাত থেকে বেরিয়ে আসে। সেই বল জালে জড়িয়ে দেন ইউসেফ। এরপর ৮৪ মিনিটে বিপীনের ক্রস থেকে মাপা পুশে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন ইউসেফ।
১৫০-তম ম্যাচে অসাধারণ পারফরম্যান্স বিপীনের
এদিন আইএসএল-এ ১৫০-তম ম্যাচ খেললেন বিপীন। তিনি ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পর থেকে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। মঙ্গলবারও গোল করে, গোল করিয়ে দলকে জেতালেন এই তারকা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


