2026 FIDE Chess Olympiad: এবারের ফিডে চেস অলিম্পিয়াডে ভারতের পুরুষ ও মহিলা দাবাড়ুরা সাফল্য পেলেন। দুই বিভাগেই পদক পেল ভারত। অসাধারণ পারফরম্যান্স দেখালেন ডি গুকেশ (D Gukesh), আর প্রজ্ঞানানন্দ (R Praggnanandhaa), নিহাল সারিনরা (Nihal Sarin)।
KNOW
46th FIDE Chess Olympiad: সামারখণ্ডে (Samarkand) ৪৬-তম ফিডে দাবা অলিম্পিয়াডে সাফল্য পেল ভারতের পুরুষ ও মহিলা দল। রবিবার ওপেন বিভাগে রুপো এবং মহিলা বিভাগে ব্রোঞ্জ জিতেছে ভারতের দুই দল। এবারের দাবা অলিম্পিয়াডে একমাত্র দেশ হিসেবে ওপেন ও মহিলা, দুই বিভাগেই সাফল্য পেল ভারত। ২০২৪ সালে বুদাপেস্টে (Budapest) পুরুষ ও মহিলা, দুই বিভাগেই সোনা জিতেছিল ভারত। পুরুষদের দল এবারও খেতাব ধরে রাখার লক্ষ্যে লড়াই শুরু করেছিল। তবে শেষপর্যন্ত আয়োজক উজবেকিস্তানের (Uzbekistan) পিছনে থেকে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশ (D Gukesh), আর প্রজ্ঞানানন্দ (R Praggnanandhaa), অর্জুন এরিগাইসি (Arjun Erigaisi) ও নিহাল সরিনদের (Nihal Sarin)।
লড়াই করে সাফল্য গুকেশদের
১০ নম্বর রাউন্ডে উজবেকিস্তান-২ দলেকে ৩.৫-০.৫ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় স্থানে থেকে শেষ রাউন্ডে উঠেছিল ভারত। ওই ম্যাচে গুকেশ, প্রজ্ঞানানন্দ ও নিহাল জয় পেয়েছিলেন। শেষ রাউন্ডে ভারতের প্রতিপক্ষ ছিল হাঙ্গেরি (Hungary)। অন্যদিকে সোনার লড়াইয়ে উজবেকিস্তান মুখোমুখি হয় ইউক্রেনের (Ukraine)। ভারতীয় দল হাঙ্গেরির সঙ্গে ড্র করে রুপো পায়। ইউক্রেনকে হারিয়ে সোনা জিতে নেয় উজবেকিস্তান। শেষ পর্বে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অর্জুন। শেষ রাউন্ডে তাঁর জয় ভারতকে রুপো পেতে সাহায্য করে। দাবা বিশ্বচ্যাম্পিয়ন গুকেশও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ছন্দে ছিলেন। ১০ নম্বর রাউন্ডে নিজের সপ্তম জয় তুলে নিয়ে ১০ ম্যাচে তাঁর পয়েন্ট দাঁড়ায় ৮.৫।
কঠিন পরিস্থিতি সামলে সাফল্য মহিলা দাবাড়ুদের
ভারতের মহিলা দাবা দলকে অবশ্য সাফল্য পাওয়ার পথে বেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। শুরুটা ভালো হলেও পঞ্চম রাউন্ডে পোল্যান্ডের কাছে হেরে যায় ভারত। চলতি প্রতিযোগিতায় সেটাই ছিল ভারতের প্রথম হার। আগের দু’টি অলিম্পিয়াডেও পোল্যান্ডের কাছে হেরেছিল ভারতীয় দল। তবে এবার ধাক্কা সামলে ফের ঘুরে দাঁড়ায় কনেরু হাম্পি (Koneru Humpy), দিব্যা দেশমুখ (Divya Deshmukh), ভান্তিকা আগরওয়ালদের (Vantika Agrawal) দল। শেষের দিকের রাউন্ডগুলিতে পদকের লড়াইয়ে নিজেদের জায়গা ধরে রাখে ভারত। ১০ নম্বর রাউন্ডে শীর্ষে থাকা চিনের বিরুদ্ধে ম্যাচ ২-২ ড্র হয়। সেই ম্যাচে গুরুত্বপূর্ণ জয় পান বি সবিতা শ্রী (B Savitha Shri)। ঝাই মো-কে হারিয়ে টুর্নামেন্টে নিজের অষ্টম জয় তুলে নেন তিনি। ৯ ম্যাচে তাঁর পয়েন্ট দাঁড়ায় ৮.৫। হাম্পি ও দিব্যা নিজেদের ম্যাচ ড্র করেন। লু মিয়াওইয়ের কাছে হেরে যান ভান্তিকা। শেষ রাউন্ডেও ছন্দ ধরে রাখেন সবিতা। মেরি আরাবিদজের বিরুদ্ধে ড্র করে ১০ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে অভিযান শেষ করেন তিনি। তাঁর দুর্দান্ত পারফরম্যান্স ভারতকে মহিলা বিভাগে ব্রোঞ্জ জেতাতে বড় ভূমিকা নেয়। চিন জিতে নেয় সোনা। দুই বিভাগে পদক জেতার পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্য পেল ভারত। ওপেন ও মহিলা, দুই বিভাগ মিলিয়ে সেরা সামগ্রিক ফেডারেশন হিসেবে দেওয়া নোনা গ্যাপ্রিনদাশভিলি ট্রফি ধরে রাখল ভারত। এর আগে ২০২২ এবং ২০২৪ সালেও এই ট্রফি জিতেছিল ভারত। ফলে পরপর তিনটি অলিম্পিয়াডে এই সম্মান নিজেদের দখলে রাখল ভারতীয় দাবা দল।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


