R Praggnanandhaa News: একসময় ছিলেন ভারতীয় দাবার বিস্ময়-কিশোর। তারপর গত কয়েক বছরে পরিণত হয়ে উঠেছেন। এখন বিশ্বের অন্যতম সেরা দাবাড়ু আর প্রজ্ঞানানন্দ। তিনি বারবার আন্তর্জাতিক প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করে ভারতকে গর্বিত করে তুলছেন।
Grand Chess Tour: ইতিহাস সৃষ্টি করলেন ভারতীয় দাবার তারকা আর প্রজ্ঞানানন্দ (R Praggnanandhaa)। প্রথম ভারতীয় দাবাড়ু হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর জিতলেন চেন্নাইয়ের এই গ্র্যান্ডমাস্টার। ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ফ্যাবিয়ানো কারুয়ানার (Fabiano Caruana) বিরুদ্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে চলতি বছরের অসাধারণ সাফল্যের দৌড়কে আরও স্মরণীয় করে রাখলেন প্রজ্ঞানানন্দ। ক্লাসিক্যাল গেম শেষ হওয়ার পর ফাইনালের শেষ দিনে কারুয়ানার থেকে ছয় পয়েন্ট পিছিয়ে ছিলেন প্রজ্ঞানানন্দ। তিনি ৩-৯ পিছিয়ে ছিলেন। সেন্ট লুইসে প্রত্যাবর্তন সম্পূর্ণ করার পর ভারতীয় তারকা দাবাড়ু স্বীকার করেন, দিনের শুরুতে তাঁর জয়ের খুব বেশি সম্ভাবনা রয়েছে বলে তিনি ভাবেননি। হেসে প্রজ্ঞানানন্দ বলেন, ‘সত্যি বলতে, আজ আমার খুব বেশি সুযোগ আছে বলে মনে হয়নি। ছয় পয়েন্টের ঘাটতি অনেক বড়। এমন পরিস্থিতিতে জিততে হলে মূলত যা করেছি, সেটাই করতে হয়।’
ফ্যাবিয়ানোকে হারিয়ে উচ্ছ্বসিত প্রজ্ঞানানন্দ
প্রজ্ঞানানন্দ আরও বলেন, ‘এটা কঠিন। প্রতিদিন ফ্যাবির বিরুদ্ধে একটি ম্যাচ জেতা যায় না, সেখানে র্যাপিডে দু’টি ম্যাচ জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। গত বছরের তুলনায় সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে আমার র্যাপিড ও ব্লিটজ খেলায়। এখন এই দুই ফর্ম্যাটে আমি অনেক ভালো খেলছি বলে মনে হয়। এই ফর্ম্যাটে সেটাই বিশাল উন্নতি।’
র্যাপিড গেমে অসাধারণ পারফরম্যান্স প্রজ্ঞানানন্দর
দুই র্যাপিড গেমেই জয় তুলে নিয়ে লড়াইয়ের মোড় ঘুরিয়ে দেন প্রজ্ঞানানন্দ। তাঁর পক্ষে স্কোর হয়ে যায় ১১-৯। এরপর প্রথম ব্লিটজ গেম ড্র হলেও দ্বিতীয় ব্লিটজে কারুয়ানা জয় পেয়ে স্কোর ১২-১২ করে দেন। কিন্তু পরের ম্যাচেই জিতে আবার এগিয়ে যান প্রজ্ঞানানন্দ। শেষ ম্যাচে শুধু ড্র করলেই শিরোপা নিশ্চিত হয়ে যেত। যদিও সেই ম্যাচে জয়ের অবস্থানে ছিলেন, শেষ পর্যন্ত থ্রিফোল্ড রিপিটিশনের মাধ্যমে প্রয়োজনীয় ড্র নিশ্চিত করেন তিনি। দুই ফাইনালিস্টের মধ্যে মোট ছয়টি ম্যাচের মধ্যে প্রজ্ঞানানন্দ তিনটি জিতেছেন, দু'টি ড্র করেছেন এবং একটি হেরেছেন।
পরপর সাফল্য প্রজ্ঞানানন্দর
গ্র্যান্ড চেস ট্যুরের এই শিরোপা চলতি বছরে প্রজ্ঞানানন্দর দুর্দান্ত পারফরম্যান্সের তালিকায় আরও একটি বড় সাফল্য যোগ করল। বছরের শুরুতে ক্যান্ডিডেটসে হতাশাজনক পারফরম্যান্সের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান তিনি। নরওয়ে চেস জেতার পথে ম্যাগনাস কার্লসেনকে দু’বার হারান ভারতীয় গ্র্যান্ডমাস্টার। এরপর সেন্ট লুইস র্যাপিড অ্যান্ড ব্লিটজে চ্যাম্পিয়ন হন তিনি এবং পরে সিনকফিল্ড কাপেও যৌথভাবে প্রথম স্থান অর্জন করেন। সাম্প্রতিক সাফল্য দ্রুতগতির দাবার ফরম্যাটগুলিতে তাঁর উন্নতির ছবিটিও স্পষ্ট করেছে। প্রজ্ঞানানন্দ মজা করে বলেন, ‘হ্যাঁ, ক্যান্ডিডেটস জিততে পারলে ভালো লাগত। কিন্তু এই ধরনের একটি টুর্নামেন্ট জেতাও দারুণ সাফল্য। এমন প্রতিযোগিতায় শীর্ষে উঠতে হলে প্রচুর মানসিক দৃঢ়তা দেখাতে হয়। শেষপর্যন্ত লড়াই চালিয়ে যেতে পেরে আমি খুশি।’
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


