FIFA Rankings: বিশ্বকাপ শুরুর সপ্তাহখানেক আগে আচমকাই ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল আর্জেন্টিনা। সাম্প্রতিক ফিফা Ranking-এ ব্রাজিল রয়েছে ৬ নম্বরে। প্রথমে পাঁচে যথাক্রমে-১) আর্জেন্টিনা, ২) স্পেন, ৩) ফ্রান্স, ৪) ইংল্যান্ড, ৫) পর্তুগাল।
FIFA Rankings: বিশ্বকাপ শুরুর সপ্তাহখানেক আগে আচমকাই ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল আর্জেন্টিনা। প্রীতি ম্য়াচে ইরাকের বিরুদ্ধে আটকে যাওয়ায় বিশ্বকাপের মুখে র্যাঙ্কিংয়ের সিংহাসন হারাল স্পেন। সর্বশেষ ফিফা পুরুষদের বিশ্ব র্যাঙ্কিংয়ে ফের এক নম্বরে উঠে এসেছে লিওনেল মেসিদের দল। ১৮৭৪.৮১ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে আকাশি-সাদা শিবির। উল্লেখযোগ্য বিষয় হল, সাম্প্রতিক সময়ে কোনও ম্যাচ না খেলেও শীর্ষস্থান পুনর্দখল করেছে আর্জেন্টিনা। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী দলগুলির ফলাফলের জেরেই র্যাঙ্কিংয়ে এই পরিবর্তন এসেছে।

পর্তুগাল ৫, ব্রাজিল ৬ নম্বরে
সাম্প্রতিক ফিফা Ranking-এ ব্রাজিল রয়েছে ৬ নম্বরে। প্রথমে পাঁচে যথাক্রমে-১) আর্জেন্টিনা, ২) স্পেন, ৩) ফ্রান্স, ৪) ইংল্যান্ড, ৫) পর্তুগাল। ব্রাজিলের পিছনে রয়েছে ৭) মরক্কো, ৮) নেদারল্যান্ডস, ৯) বেলজিয়াম, ১০) জার্মানি। এশিয়ার দেশগুলির মধ্যে শীর্ষে জাপান (১৮)। এক ধাপ নিচে নেমে ভারত রয়েছে ১৩৭ নম্বরে। স্পেন ইরাকের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করায় দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে। একইভাবে আইভরি কোস্টের কাছে ২-১ গোলে হারায় ফ্রান্সও পিছিয়ে তৃতীয় স্থানে চলে গিয়েছে।
সিংহাসনে ফিরে চনমনে মেসিরা
ফলে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে আর্জেন্টিনা। ২০২২ কাতার বিশ্বকাপজয়ী মেসিরা এবার কাপ রক্ষার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। কোচ লিওনেল স্কোলানির-র কৌশলে আর্জেন্টিনা গত কয়েক বছরে ধারাবাহিক সাফল্য পেয়েছে। ২০২৪ সালে কোপা আমেরিকা জয়ের পাশাপাশি দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বেও শীর্ষে শেষ করেছিল তারা। দলের সবচেয়ে বড় আকর্ষণ এখনও লিওনেল মেসি। ৩৮ বছর বয়সেও তিনি দলের অনুপ্রেরণার কেন্দ্রবিন্দু। তাঁর পাশাপাশি আক্রমণভাগে রয়েছেন হুলিয়ান আলভারেজ এবং লাওতারো মার্টিনেজ-এর মতো তারকারা। রক্ষণভাগও যথেষ্ট শক্তিশালী বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।
আর্জেন্টিনার গ্রুপে কারা
এবারের বিশ্বকাপ আয়োজন করছে যৌথভাবে আমেরিকা, কানাডা ও মেক্সিকো। এবার ৪৮ দলের বিশ্বকাপে গ্রুপ J-তে রয়েছে আর্জেন্টিনা। গ্রুপে মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডন। কানসাস সিটিতে আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। তবে পরিসংখ্যান বলছে, ১৯৯৩ সালে ফিফা র্যাঙ্কিং চালু হওয়ার পর বিশ্বকাপ শুরুর আগে এক নম্বরে থাকা কোনও দলই শেষ পর্যন্ত ট্রফি জিততে পারেনি। সেই রেকর্ড ভাঙার চ্যালেঞ্জও এবার মেসিদের সামনে।


