FIFA World Cup 2026 News: ১৯৯৪ সালের পর প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) বিশ্বকাপ ফুটবল আয়োজন করা হয়। তবে এবার শুধু মার্কিন যুক্তরাষ্ট্রই নয়, কানাডা (Canada) ও মেক্সিকোতেও (Mexico) বিশ্বকাপের ম্যাচ হয়েছে। রবিবার এবারের বিশ্বকাপ ফুটবল শেষ হচ্ছে। প্রথমবার ৪৮ দলকে নিয়ে আয়োজিত বিশ্বকাপ ফুটবল সফল হয়েছে।

DID YOU
KNOW
?
৩ দেশে বিশ্বকাপ
প্রথমবার ৩ দেশ মিলিয়ে হল বিশ্বকাপ ফুটবল। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে বিশ্বকাপ ফুটবল আয়োজন করল।

FIFA World Cup 2026: ভারতীয় সময় অনুযায়ী রবিবার মধ্যরাতে স্পেন-আর্জেন্টিনার (Spain vs Argentina) ফাইনাল ম্যাচের মাধ্যমে এবারের বিশ্বকাপ ফুটবল শেষ হতে চলেছে। গত কয়েক সপ্তাহ ধরে সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা কেউ স্টেডিয়ামে গিয়ে, আবার কেউ টেলিভিশনে, ল্যাপটপ-ডেস্কটপ, মোবাইল ফোনে চোখ রেখে নিজের প্রিয় দলকে সমর্থন করেছেন এবং লিওনেল মেসি (Lionel Messi), কিলিয়ান এমবাপে (Kylian Mbappé), ল্যামিন ইয়ামালের (Lamine Yamal) মতো তারকাদের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন। তবে এই উন্মাদনার একটি মূল্যও দিতে হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। মানবসম্পদ সফটওয়্যার প্রদানকারী প্রতিষ্ঠান ইউকেজি-র এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ ফুটবলের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে উৎপাদনশীলতা হ্রাসের পরিমাণ প্রায় ১১.৭ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বব্যাপী এই ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে ১৭ বিলিয়ন মার্কিন ডলার। 

কাজ ছেড়ে বিশ্বকাপ নিয়ে মেতে কর্মীরা

ইউকেজি-র প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিপুল সংখ্যক কর্মী বিশ্বকাপ ফুটবলের ম্যাচ দেখার জন্য কর্মস্থল থেকে নির্দিষ্ট সময়ের আগেই বেরিয়ে গেছেন, দেরিতে কাজে যোগ দিয়েছেন বা ছুটি নিয়েছেন। এর প্রভাব চলতি মাসেই স্পষ্টভাবে দেখা গিয়েছে। ৬ জুলাই বেলজিয়ামের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের (Belgium vs USA) হারের পরের দিন মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন দফতরে কর্মীদের উপস্থিতি ২৬ শতাংশ কমে যায়। কর্মক্ষেত্র ব্যবস্থাপনা ও নিরাপত্তা প্ল্যাটফর্ম এনভয়ের দেওয়া তথ্য অনুযায়ী, কর্মীদের অনুপস্থিতির এই হার ছিল সুপার বোলের পরদিনের তুলনায় প্রায় ১০ গুন বেশি। শুধু কর্মীদের উপস্থিতিই নয়, ক্লায়েন্ট মিটিং, চাকরির সাক্ষাৎকার এবং বিক্রেতাদের অ্যাপয়েন্টমেন্টের মতো অফিসে আগত দর্শনার্থীর সংখ্যাও ৩২ শতাংশ কমে যায়, যা সুপার বোলের পরদিনের তুলনায় প্রায় তিন গুন বেশি। বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাচগুলির পরের দিন কর্মীদের অনুপস্থিতির হার ছিল সবচেয়ে বেশি। তবে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর ধীরে ধীরে কর্মস্থলে উপস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করে।

উৎপাদনশীলতার উপর নেতিবাচক প্রভাব

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, যে কোনও বড় ক্রীড়া প্রতিযোগিতা বা সাংস্কৃতিক অনুষ্ঠানের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মক্ষেত্রে মনোযোগ ও উপস্থিতি কমে যাওয়া নতুন কোনও ঘটনা নয়। এর আগে অলিম্পিক গেমস চলাকালীন, বার্বি, ওপেনহাইমার ছবি মুক্তির সময়েও অফিসে উপস্থিতি কমে গিয়েছিল। বিশ্বকাপ ফুটবলের কারণে উৎপাদনশীলতার উপর নেতিবাচক প্রভাব কমাতে কিছু প্রতিষ্ঠান আগাম পদক্ষেপও নেয়। যে শহরগুলিতে বিশ্বকাপের ম্যাচ হয়েছে, সেই শহরগুলির বিভিন্ন সংস্থা ম্যাচের দিন কর্মীদের বাড়ি থেকে কাজ করার বিষয়ে উৎসাহ দেয়, যাতে যাতায়াতের সমস্যা ও যানজট এড়ানো যায়। এনভয়ের পূর্বাভাস অনুযায়ী, বিশ্বকাপ ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের পরও অফিসে উপস্থিতি কিছুটা কমতে পারে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ফাইনালে না থাকায় সেই প্রভাব তুলনামূলকভাবে কম হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।