FIFA World Cup 2026: বিশ্বকাপে চুরি! তাও আবার ফুটবলার, কোচদের। বিশ্বকাপ শুরুর মুখে বড়সড় সমস্যার মুখে পড়ল ইংল্যান্ড শিবির। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচের আগেই দলের বিপুল পরিমাণ সরঞ্জাম চুরি যাওয়ার ঘটনা সামনে এসেছে।
FIFA World Cup 2026: বিশ্বকাপে চুরি! তাও আবার ফুটবলার, কোচদের। বিশ্বকাপ শুরুর মুখে বড়সড় সমস্যার মুখে পড়ল ইংল্যান্ড শিবির। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচের আগেই দলের বিপুল পরিমাণ সরঞ্জাম চুরি যাওয়ার ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে, ফ্লোরিডা থেকে কানসাস সিটিতে ইংল্যান্ড দলের বেস ক্যাম্পে সরঞ্জামগুলি নিয়ে যাওয়ার সময় এই চুরির ঘটনা ঘটে। চুরি যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ফুটবলারদের বুট, প্রশিক্ষণের সরঞ্জাম, কোচিং স্টাফদের প্রয়োজনীয় উপকরণ, অনুশীলনের জন্য ব্যবহৃত ম্যাচ বল এবং ম্যাচ-ডের জার্সিও। চুরি হওয়া সামগ্রীর পরিমাণ যথেষ্ট বেশি বলে জানা গিয়েছে, যা ইংল্যান্ড দলের প্রস্তুতিতে বড়সড় ধাক্কা দিয়েছে। আগামী বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছেন হ্যারি কেন-রা। এবার টমাস তুচেলের কোচিংয়ে নামছে ইংল্য়ান্ড।

দুই সন্দেহভাজনকে গ্রেফতার
কানসাস সিটির সোয়োপ সকার ভিলেজে রয়েছে ইংল্যান্ডের বেস ক্যাম্প। সেখানে সরঞ্জাম পৌঁছানোর আগেই এই অঘটন ঘটে। ঘটনার পরপরই স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয় এবং তদন্তে নামে কানসাস সিটি পুলিশ। পুলিশ সূত্রে খবর, তদন্তের স্বার্থে দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে। যদিও এখনও তদন্ত চলছে এবং চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টা জারি রয়েছে। একইসঙ্গে ইংল্যান্ডের ফুটবল সংস্থা প্রয়োজনীয় বিকল্প সরঞ্জাম জোগাড় করার কাজও শুরু করেছে, যাতে দলের অনুশীলন এবং প্রস্তুতি ব্যাহত না হয়।
হ্যারি কেনরা সমস্য়ায়
বিশ্বকাপ শুরুর ঠিক আগে এমন ঘটনায় ইংল্যান্ড শিবিরে উদ্বেগ তৈরি হয়েছে। দলের নিরাপত্তা ব্যবস্থা এবং সরঞ্জাম পরিবহণের প্রক্রিয়াও নতুন করে খতিয়ে দেখা হচ্ছে। তবে সমস্ত বাধা সত্ত্বেও অনুশীলন নির্ধারিত সূচি অনুযায়ী চালিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছে ইংল্যান্ড শিবির। এখনও পর্যন্ত ইংল্যান্ডের কোচ তুচেল বা ফুটবল সংস্থার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে এই ঘটনায় ফুটবলপ্রেমী এবং সংবাদমাধ্যমের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত দ্রুত শেষ করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের দিকেই এখন নজর প্রশাসনের। এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের গ্রুপে আছে ক্রোয়েশিয়া, ঘানা এবং পানামা।

