FIFA World Cup 2026: ভারতীয় সময় অনুযায়ী রবিবার মধ্যরাতে চলতি বিশ্বকাপ ফুটবল ২০২৬ ফাইনালে স্পেনের মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা (Argentina vs Spain)। লিওনেল মেসিদের (Lionel Messi) সামনে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি।
KNOW
Argentina vs Spain: এবারের বিশ্বকাপ ফুটবল ফাইনালে (FIFA World Cup 2026 Final) অভিনব ঘটনা দেখা যাবে। ট্রফি, পদকের পাশাপাশি এবার চ্যাম্পিয়ন দলের ফুটবলারদের দেওয়া হবে চ্যাম্পিয়নশিপ রিং। এর আগে কখনও বিশ্বকাপ ফুটবল জেতা দলের সদস্যদের এরকম পুরস্কার দেওয়া হয়নি। এবারই প্রথম এই ব্যবস্থা করেছে ফিফা। চ্যাম্পিয়নশিপ রিংয়ের এক দিকে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা। অন্য দিকে থাকবে চ্যাম্পিয়ন দলের পরিচয়, রং ও প্রতীক। ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বকাপের বছরকে স্মরণীয় করে রাখতে মোট ২,০২৬টি চ্যাম্পিয়নশিপ রিং তৈরি করা হচ্ছে। বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের ২৬ জন ফুটবলার, প্রধান কোচ ও কোচিং স্টাফের সদস্যদের এই রিং দেওয়া হবে। বাকি রিংগুলি বিক্রি করা হবে। সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা এই রিং কেনার সুযোগ পাবেন। বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের প্রত্যেক সদস্যের জন্য আলাদা রিং তৈরি করা হচ্ছে। প্রত্যেকের আঙুলের মাপ অনুযায়ী হবে রিং।
বিশ্বকাপের পুরস্কার বিতরণী মঞ্চেই দেওয়া হবে রিং
ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, যে দল এবারের বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হবে, পুরস্কার বিতরণী মঞ্চে সেই দলের অধিনায়ক ও প্রধান কোচকে স্মারক হিসেবে অস্থায়ী চ্যাম্পিয়নশিপ রিং দেওয়া হবে। এরপর ফুটবলার ও কোচিং স্টাফের সদস্যদের আঙুলের মাপ নিয়ে স্থায়ী রিং উপহার দেওয়া হবে। এই রিং যে আসল, সেই শংসাপত্রও দেওয়া হবে। আর্জেন্টিনা এর আগে তিনবার বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে। স্পেন একবার বিশ্বকাপ ফুটবল জিতেছে। তবে এবার যে দল চ্যাম্পিয়ন হবে, সেই দল ইতিহাস গড়বে। কারণ, সংশ্লিষ্ট দলের ফুটবলাররা প্রথমবার চ্যাম্পিয়নশিপ রিং পাবেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের রীতি অনুযায়ী চ্যাম্পিয়নশিপ রিং
মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) এনবিএ (NBA), এনএফএল (National Football League), মেজর লিগ বেসবলের (Major League Baseball) মতো ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের সদস্যদের চ্যাম্পিয়নশিপ রিং দেওয়া হয়। এবার বিশ্বকাপ ফুটবলেও এই পুরস্কার দেওয়া হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


