Uruguay vs Cabo Verde: চলতি বিশ্বকাপ ফুটবলের মাধ্যমে যে দেশগুলি বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে, তাদের মধ্যে অন্যতম কাবো ভার্দে বা কেপ ভার্দে। অসাধারণ লড়াই করছে এই দল। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত কাবো ভার্দে। তারা প্রথমবার বিশ্বকাপ ফুটবলের নক-আউটের যোগ্যতা অর্জনের আশা বাড়িয়ে তুলেছে।

DID YOU
KNOW
?
বিশ্বজয়ীদের সঙ্গে ড্র
২ প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন দল স্পেন ও উরুগুয়ের সঙ্গে ড্র করে চমক কাবো ভার্দের।

FIFA World Cup 2026 Updates: প্রথমবার বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করে প্রথম দুই ম্যাচেই অপরাজিত কাবো ভার্দে (Cabo Verde)। যদিও এই দেশটি কেপ ভার্দে (Cape Verde) নামে বেশি পরিচিত। তবে নামে কী এসে যায়! ফুটবলের দক্ষতার মাধ্যমেই আলাদা পরিচিতি অর্জন করে নিচ্ছে এই দেশ। তারা বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে দুই প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন দলের কাছ থেকে পয়েন্ট কেড়ে নিল। নিজেদের প্রথম ম্যাচে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের (Spain) সঙ্গে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে ১৯৩০ ও ১৯৫০ সালের বিশ্বকাপজয়ী উরুগুয়ের (Uruguay) সঙ্গে ড্র করল কাবো ভার্দে। ম্যাচের ফল ২-২। অসাধারণ লড়াই করে ম্যাচ ড্র করল বিশ্বকাপে নবাগত দল। তারা এই ম্যাচে জয়ও পেতে পারত।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বিশ্বকাপের অন্যতম সেরা গোল

উরুগুয়ে-কাবো ভার্দে ম্যাচ চলতি বিশ্বকাপ ফুটবলের অন্যতম সেরা ও উত্তেজক ম্যাচ হল। দুই দলই দুর্দান্ত লড়াই করল। ২১ মিনিটের মাথায় ফ্রি-কিক থেকে প্রথম গোল করে কাবো ভার্দেকে এগিয়ে দেন কেভিন পিনা (Kevin Pina)। তাঁর এই গোল এবারের বিশ্বকাপ ফুটবলের অন্যতম সেরা গোলগুলির তালিকায় উপরের দিকে থাকবে। এমনকী, সেরা গোল হিসেবেও বিবেচিত হতে পারে। এই গোলে পিছিয়ে পড়ে লড়াইয়ে ফেরে উরুগুয়ে। ৪৪ মিনিটের মাথায় সমতা ফেরান ম্যাক্সিমিলিয়ানো আরাউহো (Maximiliano Araújo)। এরপর প্রথমার্ধের সংযুক্ত সময়ে উরুগুয়েকে এগিয়ে দেন অগাস্টিন ক্যানোবিও (Agustín Canobbio)। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পর থেকেই সমতা ফেরানোর চেষ্টা করছিল কাবো ভার্দে। ৬১ মিনিটে উরুগুয়ের গোলকিপার ও ডিফেন্ডারদের ভুলের সুযোগ নিয়ে গোল করে সমতা ফেরান হেলিও ভ্যারেলা (Hélio Varela)। এরপর দুই দলই জয়সূচক গোলের লক্ষ্যে অনেক চেষ্টা করলেও, সেই গোল আর হয়নি।

নক-আউটের আশায় কাবো ভার্দে

প্রথমবার বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেই নক-আউটে পৌঁছে যেতে পারে কাবো ভার্দে। তারা দুই ম্যাচ খেলে দুই পয়েন্ট নিয়ে গ্রুপ এইচে তৃতীয় স্থানে। দুই ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন। উরুগুয়ে দুই ম্যাচ খেলে দুই পয়েন্ট পেয়েছে। তারা শেষ ম্যাচে স্পেনের মুখোমুখি হবে। অন্যদিকে, নিজেদের শেষ ম্যাচে সৌদি আরবের (Saudi Arabia) বিরুদ্ধে খেলবে কাবো ভার্দে। তারা সেই ম্যাচ জিতলেই নক-আউটে জায়গা করে নিতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।