IND vs Hong Kong Football: অভিষেক ম্যাচ খেলতে নেমেই প্রথম টাচে গোল করলেন রায়ান উইলিয়ামস। তাঁর আর আকাশ মিশ্রর গোলে এশিয়ান কাপের যোগ্যতা নির্ণায়ক পর্বে হংকংকে ২-১ গোলে হারাল ভারত।

IND vs Hong Kong Football: এশিয়ান কাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের শেষ ম্যাচে মঙ্গলবার, কোচির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে হংকংকে ২-১ গোলে পরাজিত করল ভারত (ind vs hong kong football)। এই ম্যাচে ভারতের হয়ে গোল করলেন প্রথম দেশের জার্সিতে অভিষেক হওয়া রায়ান উইলিয়ামস এবং ডিফেন্ডার আকাশ মিশ্র। কোচ খালিদ জামিলের তত্ত্বাবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় ব্লু-টাইগার্সরা (Asian Cup Qualifiers)। 

ম্যাচ শুরুর মাত্র চার মিনিটেই গোল করে কোচির গ্যালারি রীতিমতো মাতিয়ে দেয় ভারত। ছাংতে এবং মনবীর সিংয়ের যুগলবন্দিতে বক্সের মধ্যে একটি ক্রস ভেসে আসে। সেই বলে প্রথম টাচেই গোল করে যান রায়ান উইলিয়ামস। ভারতের হয়ে নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচের প্রথম শটেই গোল পেলেন তিনি। নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। 

Scroll to load tweet…

এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড আরও বাড়িয়ে নেয় ভারত। রাহুল ভেকে-র লম্বা থ্রো থেকে দ্বিতীয় গোলটি আসে। ডিফেন্ডারদের মাঝখান থেকে বল ধরে আকাশ মিশ্র কোণ বরাবর শট নেন, যা পোস্টের উপরের অংশে লেগে সোজা জালে জড়িয়ে যায়। প্রসঙ্গত, এটি আকাশ মিশ্ররও প্রথম আন্তর্জাতিক গোল।

দু-গোলে পিছিয়ে পড়ার পর, হংকং আক্রমণের ঝাঁঝ কিছুটা বাড়ায়। খেলার ৬৫ মিনিটে, এভার্টন কামার্গোর মাধ্যমে তারা একটি গোল শোধ করে। এরপর সমতা ফেরানোর জন্য হংকং চাপ বাড়ালেও গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুর দু'টি অসাধারণ সেভ ভারতের জয়কে নিশ্চিত করে দেয়।

Scroll to load tweet…

এই ম্যাচে, কোচ খালিদ জামিলের একটি সিদ্ধান্ত বেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তিনি ডিফেন্ডার আনোয়ার আলিকে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলান এই ম্যাচে। গত বছর, হংকংয়ের কাছে হারের বদলাও এই জয়ের মাধ্যমে নিয়ে নিল ভারত। এশিয়ান কাপের মূলপর্বে যোগ্যতা অর্জন করতে না পারলেও, মরশুমের শেষটা জয়ের মধ্য দিয়ে হওয়ায় খুশি সমর্থকরাও।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।