India vs Pakistan Bilateral Series: ২০১২ সালের পর থেকে এখনও পর্যন্ত ক্রিকেটে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। অদূর ভবিষ্যতে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার সম্ভাবনা নেই। তবে বহুদেশীয় টুর্নামেন্টে আগের মতোই পাকিস্তানের মুখোমুখি হলে খেলবে ভারতীয় দল।

DID YOU
KNOW
?
ভারত-পাকিস্তান সিরিজে না
ক্রীড়ামন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনও খেলাতেই ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজের অনুমতি দেওয়া হবে না।

India-Pakistan Match: পাকিস্তানের সঙ্গে ক্রীড়াক্ষেত্রে দ্বিপাক্ষিক সিরিজ শুরু হওয়ার কোনও সম্ভাবনা নেই। বুধবার ফের স্পষ্টভাবে এই বার্তা দিল ক্রীড়ামন্ত্রক। তবে বহুদেশীয় টুর্নামেন্টগুলিতে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের সূচি থাকলে, সেই ম্যাচে খেলবে ভারতীয় দল। ভারতের মাটিতে যে কোনও ক্রীড়া প্রতিযোগিতায় পাকিস্তানের দল বা ক্রীড়াবিদকে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হবে বলেও জানিয়েছে ক্রীড়ামন্ত্রক। সরকারিভাবে এক বিজ্ঞপ্তি জারি করে সব ক্রীড়া ফেডারেশন, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন (Indian Olympic Association) ও স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াকে (Sports Authority of India) বার্তা দিয়েছে ক্রীড়ামন্ত্রক। আরও জানানো হয়েছে, অলিম্পিক চার্টার মেনে চলবে ভারত। আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে যে সব নির্দেশিকা রয়েছে, সেগুলিও মেনে চলা হবে। কারণ, ২০৩০ সালে কমনওয়েলথ গেমস (2030 Commonwealth Games) আয়োজন করতে চলেছে ভারত। ২০৩৬ সালে অলিম্পিক্স (2036 Summer Olympics) আয়োজনের দায়িত্ব পাওয়ার চেষ্টাও করছে ভারত। এই কারণে সব খেলার উপরেই জোর দেওয়া হচ্ছে।

দ্বিপাক্ষিক ক্ষেত্রে পাকিস্তানকে ব্রাত্য করে রাখছে ভারত

ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পাকিস্তানের বিরুদ্ধে কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না ভারতীয় দল। পাকিস্তানের মাটিতে কোনও প্রতিযোগিতায় খেলতে যাবে না ভারতীয় দল। পাকিস্তানি দলকেও ভারতের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলার অনুমতি দেওয়া হবে না। ভারতের মাটিতে বা বিদেশে কোনও আন্তর্জাতিক বা বহুদেশীয় টুর্নামেন্ট হলে আমরা আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার নির্দেশিকা মেনে চলব। আমাদের ক্রীড়াবিদদের স্বার্থ দেখা হবে। বিভিন্ন খেলায় পাকিস্তান দল বা পাকিস্তানের খেলোয়াড়রা থাকলেও, ভারতীয় দল বা ব্যক্তিগত ইভেন্টে কোনও ভারতীয় ক্রীড়াবিদকে সেই আন্তর্জাতিক প্রতিযোগিতায় যোগ দেওয়ার অনুমতি দেওয়া হবে। ভারতের মাটিতে কোনও বহুদেশীয় প্রতিযোগিতা আয়োজন করা হলে পাকিস্তানি খেলোয়াড়দের এবং পাকিস্তান দলকে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হবে।’

পাকিস্তানের ক্রীড়াবিদদের সঙ্গে করমর্দনের কী হবে?

সম্প্রতি দেখা গিয়েছে, বিভিন্ন প্রতিযোগিতায় পাকিস্তানি প্রতিপক্ষদের সঙ্গে করমর্দন করেননি ভারতীয় ক্রীড়াবিদরা। ভবিষ্যতে এই নীতিই মেনে চলা হবে কি না, সে বিষয়ে কিছু জানায়নি ক্রীড়ামন্ত্রক।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।