Indian Football Team: জাতীয় দলের ম্যাচের জন্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (All India Football Federation) এমন এক স্টেডিয়াম নির্বাচন করেছে, যেখানে কোচ-ফুটবলারদের ঢুকতে দেওয়া হচ্ছে না। সম্প্রতি এআইএফএফ-এর নানা কার্যকলাপের কারণে ভারতীয় ফুটবলের লজ্জা বেড়েছে। এবার দেশের মাটিতেই জাতীয় ফুটবল দলকে অপমানিত হতে হল।

DID YOU
KNOW
?
ভারতীয় ফুটবলের লজ্জা
স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে জাতীয় দলের কোচ-ফুটবলাররা। স্টেডিয়ামের গেট বন্ধ। এই ঘটনা ভারতীয় ফুটবলের জন্য অত্যন্ত লজ্জার।

All India Football Federation: বিরাট কোহলি (Virat Kohli), শুবমান গিলরা (Shubman Gill) ভারতের কোনও স্টেডিয়ামে ঢুকতে গিয়ে বাধা পাচ্ছেন, এমন ঘটনা কি ভাবা যায়? কিন্তু ভারতীয় ফুটবল দলের ক্ষেত্রে এই ঘটনা বাস্তব। তাও আবার ফুটবলপ্রেমী রাজ্য হিসেবে পরিচিত কেরলের (Kerala) কোচি (Kochi) শহরের জওহরলাল নেহরু স্টেডিয়ামে (Jawaharlal Nehru International Stadium)। এখানে প্রায় এক দশক পর আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হতে চলেছে। এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে (AFC Asian Cup Qualifiers) হংকংয়ের বিরুদ্ধে খেলবে ভারত (India vs Hong Kong)। এই ম্যাচের প্রস্তুতির জন্য ভারতীয় দল ইতিমধ্যেই কোচিতে পৌঁছে গিয়েছে। বৃহস্পতিবার জওহরলাল নেহরু স্টেডিয়ামে সাংবাদিক বৈঠক হওয়ার কথা ছিল। তার জন্য স্টেডিয়ামে পৌঁছে যান ভারতীয় দলের প্রধান কোচ খালিদ জামিল (Khalid Jamil)। তাঁর সঙ্গে ছিলেন জাতীয় দলের তিন ফুটবলার আশিক কুরুনিয়ান (Ashique Kuruniyan), সাহাল আবদুল সামাদ (Sahal Abdul Samad) ও বিজয় ভার্গিজ (Bijoy Varghese)। কিন্তু তাঁদের স্টেডিয়ামে ঢুকতে দেননি গ্রেটার কোচিন ডেভেলপমেন্ট অথরিটির (Greater Cochin Development Authority) নিরাপত্তারক্ষীরা। ফলে নির্ধারিত সাংবাদিক বৈঠক করা সম্ভব হয়নি। জানা গিয়েছে, স্টেডিয়াম ব্যবহারের জন্য যে টাকা প্রাপ্য, তা বকেয়া থাকাতেই কোচ-ফুটবলারদের ঢুকতে দেওয়া হয়নি।

দায় এড়ানোয় চেষ্টা কেরল ফুটবল সংস্থার

স্টেডিয়ামের প্রবেশদ্বার বন্ধ থাকায় বাইরে অপেক্ষা করার পর জাতীয় ফুটবল দলের প্রধান কোচ ও তিন ফুটবলারকে ফিরে যেতে হয়েছে। সাংবাদিকদেরও ভিতরে যেতে দেওয়া হয়নি। তারপরেও এই ঘটনাকে 'সামান্য পদ্ধতিগত সমস্যা' বলে দাবি করেছেন কেরল ফুটবল সংস্থার (Kerala Football Association) সভাপতি নাভাস মিরান (Navas Meeran)। তাঁর কথায়, ‘এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ পরিকল্পনা অনুযায়ীই হবে। বৃহস্পতিবার যা হয়েছে তা সামান্য পদ্ধতিগত সমস্যা। দ্রুত সমস্যা মিটিয়ে নেওয়া হবে।’

Scroll to load tweet…

কী করছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন?

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, কেরল ফুটবল সংস্থার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।