Jammu & Kashmir Ranji Trophy Final: বাইশ গজে ইতিহাস জম্মু-কাশ্মীরের। কল্যাণীতে বাংলা (Bengal Cricket Team)কে ৬ উইকেটে হারিয়ে প্রথমবার রঞ্জি ট্রফির ফাইনালে উঠল ভূ স্বর্গের রাজ্য। অন্যদিকে, প্রথম ইনিংসে লিড নিয়েও ম্যাচ হেরে স্বপ্নভঙ্গ হল বাংলার।
Jammu & Kashmir Ranji Trophy Final: বাইশ গজে ইতিহাস জম্মু-কাশ্মীরের। কল্যাণীতে রূপকথা কাশ্মীরের। বুধবার বাংলা (Bengal Cricket Team)কে ৬ উইকেটে হারিয়ে প্রথমবার রঞ্জি ট্রফির ফাইনালে উঠল ভূ স্বর্গের রাজ্য। অন্যদিকে, প্রথম ইনিংসে লিড নিয়েও ম্যাচ হেরে স্বপ্নভঙ্গ হল বাংলার। আরও একটা ঘরোয়া ক্রিকেট মরসুমে খালি হাতে ফিরতে হচ্ছে অভিমন্যু ঈশ্বরণদের। প্রথম ইনিংসে আট উইকেট নেওয়ার মাইলস্টোন গড়েও ম্যাচ হেরে মাঠ ছাড়তে হল মহম্মদ শামিকে। দ্বিতীয় ইনিংসে মাত্র ৯৯ রানে অল আউট হওয়ার খেসারত দিতে হল অভিমন্যুদের। এবারই প্রথম রঞ্জির সেমিফাইনালে খেলতে নেমেছিল জম্মু-কাশ্মীর। আর প্রথমবারেই বাজিমাত। এবার প্রথমবার রঞ্জির ফাইনালে খেলবে তারা। গোটা ম্যাচে ৯টি তুলে নিয়ে ও প্রথম ইনিংসে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৪২ রান করে ম্যাচের সেরা হলেন জম্মু-কাশ্মীরের তারকা পেসার আকিব নবি (Auqib Nabi)। গতকাল তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে জম্মু-কাশ্মীরের স্কোর ছিল ২ উইকেটে ৪৩ রান। জিততে হলে তখনও পরশ ডোগরার দলকে করতে হত ৮৩ রান, হাতে ছিল ৮ উইকেট। কল্য়াণীর পিচ আর শামির ফর্ম বাংলার সমর্থকদের আশা জাগাচ্ছিল বড় কিছু অঘটনের। দিনের খেলার শুরুতে শুভম পুন্ডির (২৯)-কে বোল্ড করে আশা বাড়িয়েছিলেন শামি। এরপর আকাশদীপের বলে আউট হন জম্মু-কাশ্মীরের সেরা ব্যাটার তথা অধিনায়ক পরশ ডোগরা (৯)। ৭১ রানে ৪ উইকেট হারিয়ে ভূ স্বর্গের রাজ্য তখন কিছুটা চাপে।
ভূ-স্বর্গের জয়ের নায়ক আকিব নবি (৫/৮৭), ৪০ রান ও ৩৬/৪)
তখনও জম্মু-কাশ্মীরকে জিততে হলে করত হত ৫৫ রান, বাংলার দরকার ছিল ৬টি উইকেট। কিন্তু এরপর বংশজ শর্মা (৪৩ অপরাজিত) ও আব্দুল সামাদ (৩০ অপরাজিত) দুরন্ত খেলে দলকে ফাইনালে তোলেন। ৩৪.৪ ওভারে ৪ উইকেটে ১২৬ রান তুলে ম্যাচ জিতে নেয় পরশ ডোগরার দল। প্রথম ইনিংসে ৩২৮ রান করা বাংলার ২৬ রানের লিড ছিল। কিন্তু বাংলার দ্বিতীয় ইনিংস ২৫ ওভারে ৯৯ রানে গুটিয়ে যাওয়ায় বাজিমাত করল জম্মু-কাশ্মীর। বৃথা গেল প্রথম ইনিংসে সুদীপ ঘরামি (১৪৬) দুরন্ত ইনিংস ও মহম্মদ সামির (৮/৯০) অবিশ্বাস্য স্পেল। সেই সঙ্গে লিগ পর্বে অভিমন্য়ুদের দুরন্ত পারফরম্যান্স, কোয়ার্টার ফাইনালে অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে অসাধারণ জয় সুদীপ ঘরামির ২৯৯ রানের ইনিংসের পরেও খালি হাতেই রঞ্জি অভিযান শেষ হল বাংলার। সৈয়দ মুস্তাক আলি, বিজয় হাজারে ট্রফির ব্যর্থতা রঞ্জিতে ঢাকতে পারলেন না অভিমন্যুরা।
গোটা মরসুমে ব্যর্থ বাংলা
বাংলার ক্রিকেটে হতাশা অব্যাহত থাকল। অন্যদিকে, অবিশ্বাস্য ক্রিকেট খেলে রঞ্জির ফাইনালে উঠে দেশের বাইশ গজের মানচিত্রে জায়গা করে নিল ভূ-স্বর্গের রাজ্য়। পরশ ডোগরাদের সামনে এবার আরও বড় ইতিহাস গড়ার সুযোগ। রঞ্জির ফাইনালে জম্মু-কাশ্মীরের সামনে কর্ণাটক। অন্য সেমিফাইনালে প্রথম ইনিংসে ৭৩৬ রান করে কর্ণাটক ৫০৩ রানের লিড তুলে নিয়েছে উত্তরাখণ্ডের বিরুদ্ধে। কেএল রাহুল, করুণ নায়ারদের রঞ্জির ফাইনালে ওঠা এখন শুধুই সময়ের অপেক্ষা।


