Indian Super League: ভারতীয় ফুটবলের উন্নতির লক্ষ্যে ২০১৪ সালে শুরু হয় ইন্ডিয়ান সুপার লিগ। সেই সময় বলা হয়েছিল, এই লিগের মাধ্যমে ভারতীয় ফুটবলের উন্নতি হবে। কিন্তু এক যুগ পর দেখা যাচ্ছে, ভারতীয় ফুটবল একটুও এগোয়নি। বরং যত দিন যাচ্ছে ততই পিছিয়ে পড়ছে ভারতীয় ফুটবল।
KNOW
Indian Football News: এবারের আইএসএল-এ (Indian Super League 2026-27) দল নামাবে না জামশেদপুর এফসি (Jamshedpur FC)। শুক্রবার এই ঘোষণা করা হয়েছে। জামশেদপুর এফসি-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'জামশেদপুর ফুটবল ক্লাব আনুষ্ঠানিকভাবে জানাচ্ছে যে, ২০২৬-২৭ মরসুম থেকে আমরা আর ইন্ডিয়ান সুপার লিগে যোগ দেব না। তবে জেএফএসপিএল ভারতের ফুটবলের উন্নয়ন ও বিকাশে অন্যান্য ভূমিকার মাধ্যমে তার অঙ্গীকার অব্যাহত রাখবে। আমরা তৃণমূল পর্যায়-সহ দেশের সর্বস্তরে ফুটবলের প্রসার ও উন্নয়নে আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব। এছাড়া, সারা দেশ থেকে প্রতিভাবান তরুণ ফুটবলারদের খুঁজে বের করা, তাদের গড়ে তোলা এবং তৃণমূল স্তর থেকে জাতীয় ও আন্তর্জাতিক ফুটবলে পৌঁছানোর জন্য একটি শক্তিশালী পথ তৈরি করার কাজও আমরা অব্যাহত রাখব।'
৯ বছরের যাত্রা শেষ
জামশেদপুর এফসি-র পক্ষ থেকে বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে আমাদের এই যাত্রাকে সফল করে তুলতে যাঁরা অবদান রেখেছেন—সব খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই।’ এই ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে সমর্থকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। সমর্থকরাই জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সকে 'দ্য ফার্নেস'-এ পরিণত করেছিলেন। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন-কে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে এই সংস্থা এবং আইএসএল-এর সাফল্য কামনা করেছে জামশেদপুর এফসি। ২০২৬ সালের আইএসএল-এ ষষ্ঠ স্থানে ছিল এই ক্লাব। গত নয় বছরে আইএসএল-এ লড়াকু দল হিসেবে পরিচিত হয়ে উঠেছিল এই ফ্র্যাঞ্চাইজি। এবার তারা দল তুলে নেওয়ায় ভারতীয় ও বিদেশি ফুটবলাররা সমস্যায় পড়ে গেলেন। তাঁদের এবার নতুন দল খুঁজে নিতে হবে।
ভারতীয় ফুটবলের দুরবস্থা
গত দুই দশকে জেসিটি, মাহিন্দ্রা ইউনাইটেড, সালগাঁওকর-সহ ভারতীয় ফুটবলের অনেক দলই এখন আর নেই। আইএসএল-এর শুরুতে যে দলগুলি ছিল, তার মধ্যে সব দল এখন আর নেই। এবার জামশেদপুর এফসি-ও সরে গিয়ে ভারতীয় ফুটবলের দুরবস্থা প্রকট করে দিল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


