Asian Games 2026: কয়েকদিন পরেই শুরু হতে চলেছে এশিয়ান গেমস। এবারের গেমস হতে চলেছে জাপানে (Japan)। যে অ্যাথলিটরা এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন করেছেন, তাঁরা শেষমুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। এরই মধ্যে নাগোয়ায় বন্যার (Nagoya Floods) ফলে এশিয়ান গেমস আয়োজন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

DID YOU
KNOW
?
ক্রিকেটে সোনা জয়ই লক্ষ্য
জাপানে এবারের এশিয়ান গেমসে ক্রিকেটের পুরুষ ও মহিলা বিভাগে সোনা জেতার আশায় ভারত।

Japan Floods: ঠিক ১০ দিন পরেই শুরু হতে চলেছে এশিয়ান গেমস (Asian Games 2026)। কিন্তু তার আগে রেকর্ড বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে জাপানের আয়চি-নাগোয়া (Nagoya)। মধ্য জাপানের এই শহরের বিভিন্ন অঞ্চলে প্রবল বৃষ্টিপাতে বেশ কিছু সড়ক ও বাড়িঘর জলের তলায় চলে গিয়েছে। সাময়িকভাবে ব্যাহত হয়েছে বাস ও মেট্রোরেল পরিষেবাও। প্রায় সাড়ে তিন হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। নাগোয়ার মেয়র ইচিরো হিরোসাওয়া জানিয়েছেন, ইতিমধ্যেই এশিয়ান গেমস উপলক্ষে শহরে পৌঁছে যাওয়া প্রায় ৪০০ ক্রীড়াবিদ ও কর্মকর্তা-কর্মচারীকেও সাময়িকভাবে উঁচু জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাঁরা সবাই নিরাপদে আছেন।

প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল

জাপানের বিভিন্ন সংবাদমাধ্যমে শহরের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হওয়ার ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে। জলের তলায় চলে গিয়েছে বেশ কিছু সড়ক ও মেট্রো স্টেশন। কিছু জায়গায় ভবনের ছাদ চুঁইয়ে জল পড়ার ঘটনাও দেখা গিয়েছে। তবে এশিয়ান গেমসের ভেন্যুগুলিতে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন নাগোয়ার মেয়র। সাংবাদিকদের তিনি বলেছেন, ‘ভেন্যুগুলির বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন নই। নির্ধারিত সূচি অনুযায়ী এশিয়ান গেমস আয়োজন করতে কোনও সমস্যা হবে বলে আমরা মনে করছি না।’

১৯ সেপ্টেম্বর শুরু এশিয়ান গেমস

১৯ সেপ্টেম্বর শুরু হবে ২০-তম এশিয়ান গেমস। গেমস চলবে ৪ অক্টোবর পর্যন্ত। এবারের এশিয়ান গেমসে ভারতের ৫০৩ জন ক্রীড়াবিদের সঙ্গে ২৪৬ জন কর্মকর্তা ও কোচকে পাঠাচ্ছে ক্রীড়া মন্ত্রক। বুধবার অনুমোদিত এই তালিকায় অ্যাথলেটিক্স ও ক্রিকেটের জন্য সবচেয়ে বেশি সংখ্যক সাপোর্ট স্টাফ রাখা হয়েছে। এর আগে ২৩ আগস্ট ৩৫টি ডিসিপ্লিনে ৪৯২ জন ক্রীড়াবিদের নাম অনুমোদন করেছিল ক্রীড়া মন্ত্রক। পরে অ্যাথলেটিক্স দলে কয়েকজন নতুন নাম যুক্ত হওয়ায় ভারতের ক্রীড়াবিদের সংখ্যা বেড়ে ৫০৩ হয়েছে। অ্যাথলেটিক্সে অংশগ্রহণকারী ৭৩ জন থেকে বেড়ে হয়েছে ৭৯ জন। এবার চারজন সার্ফারকেও অনুমোদন দেওয়া হয়েছে। ফলে এশিয়ান গেমসে ভারতের অংশগ্রহণের পরিধি বেড়ে দাঁড়িয়েছে ৩৬টি ডিসিপ্লিনে। দলীয় কর্মকর্তা, কোচ, সাপোর্ট স্টাফ ও ক্রীড়াবিদ মিলিয়ে ভারতের মোট দল ৭৬৮ সদস্যের। এর মধ্যে রয়েছেন ১৯ জন কন্টিনজেন্ট স্টাফ। দলের শেফ দ্য মিশন হিসেবে থাকছেন সহদেব যাদব এবং চিফ মেডিক্যাল অফিসার ড. দিনশ পারদিওয়ালা। চোটের কারণে ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া (Neeraj Chopra) এবারের এশিয়ান গেমসে নেই। অ্যাথলেটিক্স দলের জন্য সর্বাধিক ৩১ জন সাপোর্ট স্টাফ রাখা হয়েছে। এর মধ্যে ২০ জন কোচ। জাতীয় কোচ পি আর রাধাকৃষ্ণনের নেতৃত্বে থাকবে এই কোচিং স্টাফ। নীরজের কোচ জয় চৌধুরী এবং ফিজিও ইশান মারওয়াহার নামও সাপোর্ট স্টাফের তালিকায় রয়েছে। এছাড়া রিলায়েন্স ফাউন্ডেশনের অ্যাথলেটিক্স ডিরেক্টর ও হেড কোচ জেমস হিলিয়ারও দলের সঙ্গে থাকছেন। তিনি স্প্রিন্টার গুরিন্দরভীর সিংয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন।

ক্রিকেটে ২০ জনের সাপোর্ট স্টাফ

এশিয়ান গেমসে টানা দ্বিতীয়বার সোনা জয়ের লক্ষ্যে নামবে ভারতের পুরুষ ও মহিলা ক্রিকেট দল। দুই দলের জন্য মোট ২০ জন সাপোর্ট স্টাফ অনুমোদন করা হয়েছে। পুরুষ দলের সঙ্গে থাকবেন প্রধান কোচ ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman) এবং মহিলা দলের প্রধান কোচ অমল মুজুমদার (Amol Muzumdar)। দুই দলকেই সাধারণত আন্তর্জাতিক সিরিজে যে পূর্ণাঙ্গ সাপোর্ট স্টাফ দেওয়া হয়, তার প্রায় পুরো কাঠামোটিই রাখা হয়েছে। ক্রিকেট অপারেশনস অফিসার মারুফ ফজান্দারকে টিম লিডার হিসেবে রাখা হয়েছে। ভারতের পুরুষ ও মহিলা, দুই হকি দল মিলিয়ে ৪০ সদস্যের স্কোয়াডের জন্য ১৪ জন সাপোর্ট স্টাফ অনুমোদন করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ছয়জন কোচ ও তিনজন ফিজিওথেরাপিস্ট। অলিম্পিক্সে জোড়া পদকজয়ী মনু ভাকেরের (Manu Bhaker) নেতৃত্বাধীন শুটিং দলের সঙ্গে থাকবেন ১৭ জন সাপোর্ট স্টাফ। তাঁদের মধ্যে ১১ জন কোচ। ২০ সদস্যের ব্যাডমিন্টন দলের সঙ্গে থাকবেন জাতীয় কোচ পুল্লেলা গোপীচাঁদ (Pullela Gopichand)। পাশাপাশি ইন্দোনেশিয়ার ইরওয়ানসিয়াহ এবং মালয়েশিয়ার তান কিম হেরও কোচিং স্টাফে রয়েছেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।