FIFA World Cup 2026: চলতি বিশ্বকাপ ফুটবলের শুরুটা ভালোভাবে করতে না পারলেও, দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল স্পেন (Spain vs Saudi Arabia)। প্রথম ম্যাচে কাবো ভার্দের (Cabo Verde) সঙ্গে গোলশূন্য ড্র করলেও, দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেল প্রাক্তন চ্যাম্পিয়নরা।
KNOW
FIFA World Cup 2026 News: চলতি বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে কাবো ভার্দের (Cabo Verde) সঙ্গে গোলশূন্যভাবে ম্যাচ শেষ করলেও, ভারতীয় সময় অনুযায়ী রবিবার রাতে দ্বিতীয় ম্যাচে সৌদি আরবকে (Spain vs Saudi Arabia) ৪-০ উড়িয়ে দিল স্পেন। ল্যামিন ইয়ামালের (Lamine Yamal) অসাধারণ পারফরম্যান্সের সুবাদে সহজ জয় পেল স্পেন। আগামী মাসে ১৯ বছর পূর্ণ করবেন এই তরুণ। তিনি ইতিমধ্যেই দলের ভরসা হয়ে উঠেছেন। ম্যাচের ১০ মিনিটের মাথায় প্রথম গোল করে স্পেনকে এগিয়ে দেন ইয়ামাল। ২১ মিনিটে ব্যবধান বাড়ান মিকেল ওয়ারজাবাল (Mikel Oyarzabal)। তিনিই ২৪ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন। ৪৯ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন হাসান আলতামবাকতি (Hassan Altambakti)। ম্যাচের শেষদিকে অফসাইডের জন্য গোল বাতিল হয়। একাধিক সুযোগও নষ্ট করে স্পেন। না হলে ব্যবধান বাড়ত।

পেলের নজির স্পর্শ ইয়ামালের
সৌদি আরবের বিরুদ্ধে এই ম্যাচে প্রথম গোল করার আগে বিশ্বকাপ ফুটবলে ২৯৪ মিনিট ধরে গোল করতে পারেনি স্পেন। বিশ্বকাপে এর আগে কখনও এত দীর্ঘ সময় স্পেনের গোলখরা ছিল না। ইয়ামাল গোল করে সেই গোলখরা কাটান। এই তরুণ বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ১৮ বছর বা তার কম বয়সে কোনও ম্যাচে প্রথম গোল করার নজির গড়লেন। ১৯৫৮ সালের বিশ্বকাপে ১৭ বছর বয়সে ব্রাজিলের হয়ে ওয়েলশের বিরুদ্ধে (Brazil vs Wales) ম্যাচের প্রথম গোল করেছিলেন পেলে (Pele)। ৬৮ বছর পর প্রয়াত কিংবদন্তির নজির স্পর্শ করলেন ইয়ামাল।
সমালোচকদের জবাব ওয়ারজাবালের
গত ম্যাচে প্রথম ৩০ মিনিট বলে পা ছোঁয়াতে পারেননি ওয়ারজাবাল। এর জন্য তাঁকে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল। তবে সৌদি আরবের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে সমালোচকদের জবাব দিলেন তিনি। এই ম্যাচের ২৪ মিনিটের মধ্যেই জোড়া গোল করে এবং ইয়ামালকে গোলের পাস বাড়িয়ে দলকে জয় পেতে সাহায্য করেন ওয়ারজাবাল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


