Asian Games 2026: সম্প্রতি প্রথম ভারতীয় হিসেবে স্কোয়াশের বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপ জিতেছেন। এবার এশিয়ান গেমসে নতুন ইতিহাস গড়লেন অনাহত সিং। তিনি ২০২৮ সালের অলিম্পিক্সের (LA 2028 Olympics) ফাইনালের যোগ্যতা অর্জন থেকে এক ধাপ দূরে দাঁড়িয়ে। স্কোয়াশে ভারতকে নতুন স্বপ্ন দেখাচ্ছেন এই তরুণী।

DID YOU
KNOW
?
অলিম্পিক্সের যোগ্যতা
এবারের এশিয়ান গেমসে স্কোয়াশে মহিলাদের সিঙ্গলস চ্যাম্পিয়ন হলেই সরাসরি ২০২৮ সালের অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করবেন অনাহত সিং।

Anahat Singh Record: বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ জয়ের দু’মাস পর এবার এশিয়ান গেমসেও (Asian Games 2026) ইতিহাস গড়লেন অনাহত সিং। ভারতের ১৮ বছরের এই তারকা শনিবার জাপানের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ছয় নম্বরে থাকা সাতোমি ওয়াতানাবেকে পাঁচ গেমের লড়াইয়ে হারিয়ে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছে গেলেন অনাহত। এশিয়ান গেমসের ইতিহাসে মহিলাদের সিঙ্গলসে ফাইনালে পৌঁছনো প্রথম ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় হিসেবে নিজের নাম খোদাই করে ফেললেন অনাহত। এই ম্যাচের আগে চলতি বছরই ওয়াতানাবের কাছে পাঁচ গেমের লড়াইয়ে হেরেছিলেন অনাহত। ফলে জাপানের ঘরের মাটিতে একই প্রতিপক্ষের বিরুদ্ধে তাঁর এই জয় নিঃসন্দেহে বিশেষ তাৎপর্যপূর্ণ।

পিছিয়ে পড়েও জয় অনাহতর

এশিয়ান গেমসে স্কোয়াশে মহিলাদের সিঙ্গলসের সেমি-ফাইনালে জাপানি প্রতিপক্ষের বিরুদ্ধে পিছিয়ে পড়েও অবিশ্বাস্য প্রত্যাবর্তনে জয় পেলেন অনাহত। ম্যাচের ফল ৯-১১, ১১-১৩, ১২-১০, ১১-৬, ১১-৩। প্রথম দুই গেম হেরে যাওয়ার পরও হাল ছাড়েননি ভারতীয় তরুণী। তৃতীয় গেমে দু’টি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে ১২-১০ ব্যবধানে জিতে ম্যাচে ফেরেন তিনি। এরপর চতুর্থ গেমে ১১-৬ জয় পেয়ে সমতা ফেরান অনাহত। নির্ণায়ক পঞ্চম গেমে অবশ্য প্রতিপক্ষকে আর কোনও সুযোগ দেননি অনাহত। দাপট দেখিয়ে গেম ও ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে যান।

চোটও কাবু করতে পারেনি অনাহতকে

এই ম্যাচ চলাকালীন একটি অস্বস্তিকর ঘটনাও ঘটে। একটি শটের সময় ওয়াতানাবের সঙ্গে ধাক্কা লাগে অনাহতের। জাপানি খেলোয়াড়ের কাঁধে ভারতীয় তরুণীর মাথা ঠুকে যাওয়ায় কিছুক্ষণের জন্য খেলা বন্ধ রাখতে হয়। চিকিৎসকরা ছুটে যান। শুশ্রুষার পর স্বাভাবিকভাবেই খেলতে থাকেন অনাহত। চাপের মুহূর্তে অসাধারণ সংযম দেখিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। দু'মাস আগেই কানাডায় বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ জিতে ইতিহাস গড়েন অনাহত। ফাইনালে মিশরের রুকাইয়া সালেমকে ৩-০ হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে জুনিয়র বিশ্ব খেতাব জিতেছিলেন তিনি। একই সঙ্গে ২০১০ সালের পর প্রথমবার মিশরের বাইরে কোনও মহিলা খেলোয়াড় বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়ন হন। বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে এর আগে বারবার হতাশ হতে হয়েছিল অনাহতকে। কখনও কোয়ার্টার-ফাইনাল, কখনও সেমি-ফাইনালেই থেমে যেতে হয়েছিল তাঁকে। জুনিয়র পর্যায়ে শেষ বছরে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার এশিয়ান গেমসেও ঐতিহাসিক সাফল্যের সামনে দাঁড়িয়ে ১৮ বছরের এই তরুণী। এশিয়ান গেমসে স্কোয়াশে মহিলাদের সিঙ্গলস চ্যাম্পিয়ন সরাসরি লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিক্সের (LA 2028 Olympics) যোগ্যতা অর্জনের সুযোগ পাবেন। ফলে আরও এক ইতিহাসের সামনে দাঁড়িয়ে অনাহত।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।