ক্যান্সার, অ্যালঝাইমার্স, হৃদরোগ! আগামী এক দশকের মধ্যেই এই মারণ রোগগুলি অতীত হয়ে যেতে পারে! এমনই আশার কথা শোনালেন বিশ্বের অন্যতম বড় AI সংস্থা Anthropic-এর CEO দারিও আমোদেই। তাঁর দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরেই চিকিৎসাবিজ্ঞানে আসতে পারে অভাবনীয় বিপ্লব। যদিও তাঁর এই ভবিষ্যদ্বাণী নিয়ে একমত নন বহু চিকিৎসাবিজ্ঞানী।

Claude AI-এর নির্মাতা সংস্থা Anthropic-এর CEO দারিও আমোদেইয়ের মতে, AI প্রযুক্তির উন্নতির ফলে আগামী ১০ বছরেরও কম সময়ের মধ্যে ক্যান্সার, অ্যালঝাইমার্স, হৃদরোগ এবং মানসিক অসুস্থতার মতো রোগগুলি অতীতের বিষয় হয়ে উঠতে পারে। তাঁর কথায়, এই প্রযুক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে মানবসভ্যতা এমন এক যুগে প্রবেশ করতে পারে, যেখানে চিকিৎসাবিজ্ঞানের দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যাগুলির সমাধান সম্ভব হবে।

কীভাবে রোগের চিকিৎসায় সাহায্য করবে AI?

আমোদেইয়ের মতে, AI জৈবিক গবেষণা, নতুন ওষুধ আবিষ্কার এবং রোগের কারণ অনুসন্ধানের কাজকে অনেক দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারে। বর্তমানে কোনও রোগের জন্য নতুন ওষুধ আবিষ্কার করতে দীর্ঘ সময় লাগে। AI বিপুল পরিমাণ বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য ওষুধের উপাদান, প্রোটিনের গঠন এবং রোগের সঙ্গে জড়িত জৈবিক প্রক্রিয়া শনাক্ত করতে সাহায্য করতে পারে। Google DeepMind-এর AlphaFold ইতিমধ্যেই ২০ কোটিরও বেশি প্রোটিনের গঠন সম্পর্কে গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। বিজ্ঞান গবেষণায় AI-এর সম্ভাবনার একটি বড় উদাহরণ এটি।

বিজ্ঞানীরাই কি একমত?

তবে Anthropic CEO-র এই আশাবাদী বক্তব্যের সঙ্গে একমত নন ওষুধ শিল্পের অনেক বিশেষজ্ঞ। Vertex Pharmaceuticals-এর এক্সিকিউটিভ চেয়ারম্যান জেফ লেইডেন AI-এর মাধ্যমে খুব দ্রুত ওষুধ আবিষ্কারের এমন সময়সীমা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, প্রায় ৫০টি AI সংস্থার প্রযুক্তি দিয়ে ১০ হাজার ওষুধের যৌগ পরীক্ষা করেও কার্যকর ওষুধ তৈরির ক্ষেত্রে প্রত্যাশিত সাফল্য মেলেনি। বিশেষজ্ঞদের বক্তব্য, কম্পিউটারের সাহায্যে সম্ভাব্য ওষুধের উপাদান খুঁজে পাওয়া আর মানুষের শরীরে তার কার্যকারিতা প্রমাণ করা এক বিষয় নয়।

নতুন ওষুধ বাজারে আসার আগে পরীক্ষাগারে গবেষণা, প্রাণীর শরীরে পরীক্ষা, মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়াল এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন। এই দীর্ঘ প্রক্রিয়া বাদ দেওয়ার কোনও সুযোগ নেই।

AI কি সত্যিই ক্যানসার নির্মূল করতে পারবে?

বর্তমানে AI চিকিৎসা গবেষণাকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে। কিন্তু ক্যান্সারের মতো জটিল রোগের সম্পূর্ণ নিরাময় সম্ভব হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। বিশেষজ্ঞদের মতে, AI নতুন চিকিৎসা পদ্ধতি আবিষ্কারে সাহায্য করতে পারে। কিন্তু তার কার্যকারিতা ও নিরাপত্তা প্রমাণের জন্য বৈজ্ঞানিক পরীক্ষা অপরিহার্য। তাই আগামী ১০ বছরে ক্যান্সারর অতীত হয়ে যাবে—এখনই এমন সিদ্ধান্তে পৌঁছনোর সময় আসেনি। বরং চিকিৎসাবিজ্ঞানে AI কতটা বড় পরিবর্তন আনতে পারে, সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব।